‘এই বিরিজ পাকা হবার লই’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাঁশের তৈরি ভাঙা সাঁকো দিয়ে ঘাড়ে সাইকেল নিয়ে পার হচ্ছিল প্রসাদখালী গ্রামের স্কুলছাত্র এমরান। সাঁকোর ছবি তুলতে দেখে সে বলে উঠল, ‘যতই ফটোক তোলেন, এই বিরিজ কোনো দিন পাকা হবার লই। প্রতিবছর অনেকে ছবি তুলা লিয়া যায়, কিন্তু হামার জন্মের পর থাকা এডা বাঁশেরই আছে।’বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার ইউনিয়নের প্রসাদখালী-দমদমা সড়কের মাঝখানে রক্তদহ বিলের শাখা খালের ওপরের বাঁশের সাঁকোটি স্বাধীনতার ৪০ বছরেও বদলিয়ে ব্রিজ বানানো হয়নি। ফলে প্রসাদখালী, কাশিমিলা, উথরাইল, কায়েতপাড়া ও দমদমা গ্রামের প্রায় ১৫ হাজার মানুষ দুর্ভোগ পোহাচ্ছে।এলাকার একাধিক ব্যক্তির সঙ্গে কথা বলে জানা গেছে, এলাকার প্রকৌশলী সোলেমান আলী ১৯৮২ সালে নিজ উদ্যোগে এখানে বাঁশের সাঁকোটি নির্মাণ করেন। এরপর প্রতিবছর গ্রামবাসীর সহায়তায় এটি মেরামত করে চলাচলের কাজ চলে। কিন্তু বাঁশের সাঁকো দীর্ঘস্থায়ী না হওয়ায় গ্রামবাসীর দুর্ভোগ সারাবছর লেগেই থাকে।গ্রামবাসী শহর বলতে সান্তাহারকে বোঝে। সেখানে তাদের চাকরি, ব্যবসা-বাণিজ্য, ব্যাংক-বিমা, স্কুল-কলেজ, হাট-বাজারসহ সব গুরুত্বপূর্ণ কাজ চলে। সান্তাহার যেতে গ্রাম থেকে প্রায় তিন কিলোমিটার পথ পাড়ি দিতে হয়। আর সবার কথা বাদ দিলেও বাঁশের সাঁকো দিয়ে মুমূর্ষু রোগী বা গর্ভবতী মহিলাদের চিকিৎসকের কাছে নেওয়াও সম্ভব হয় না। এ ছাড়া বর্ষাকালে পানির প্রবল স্রোতে সাঁকোটি ভেঙে যায়। তখন অতিরিক্ত পাঁচ কিলোমিটার পথ ঘুরে পায়ে হেঁটে সান্তাহার যেতে হয়।সাঁকো তৈরি বিষয়ে আদমদীঘি উপজেলা পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান বলেন, আগামী অর্থবছরে সাঁকোটি পাকা করে দেওয়া হবে।