‘এই ভাবে কি বাঁচা যায়! ঘরদুয়ার বানের পানিতে ভাইস্যা গ্যাছে। সবকিছু খুয়াইয়া কোলের এক মাসের পোলাডারে লইয়া বান্দে আইয়া উঠছি। মোগো থাহনেও কষ্ট, খাওনেও কষ্ট।’ দীর্ঘশ্বাস ফেলে দুর্দশার বর্ণনা দিলেন ৩৭ বছর বয়সী খালেদা বেগম। পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের কুড়িকানি গ্রামের ওই গৃহবধূ সন্তানকে নিয়ে ঠাঁই নিয়েছেন রামনাবাদ নদের বন্যা নিয়ন্ত্রণ বাঁধে। গত বুধবার সকালে জোয়ারের পানির তোড়ে ভেঙে যায় ওই এলাকার বাঁধ। প্লাবিত হয় পুরো এলাকা। জলাবদ্ধ হয়ে পড়ায় দিনমজুর স্বামী সান্টু হাওলাদার কাজের খোঁজে বের হতে পারছেন না। গত পাঁচ দিনে দুই দফা করে জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে ইউনিয়নের ১০টি গ্রাম। ঘরছাড়া হয়ে তিন শতাধিক মানুষ এখন আশ্রয় নিয়েছে বেড়িবাঁধে। গতকাল রোববার এলাকা ঘুরে দেখা গেছে, সেখানকার মানুষের পর্যাপ্ত খাবার নেই। অনেকেই জ্বর, খোসপাঁচড়া, ডায়রিয়া, চোখের ব্যথাসহ বিভিন্ন অসুখে ভুগছে। বিশুদ্ধ পানির অভাবও প্রকট।গ্রামের বাসিন্দা সমাজকর্মী শওকত হোসেন বিশ্বাস জানান, গ্রামের সব কটি গভীর নলকূপ জোয়ারের পানিতে ডুবে গেছে। বাধ্য হয়ে গ্রামের নারীদের পানি ভেঙে পাশের ইউনিয়ন থেকে বিশুদ্ধ পানি সংগ্রহ করতে হচ্ছে। যারা বিশুদ্ধ পানি সংগ্রহ করতে পারছে না, তারাই বেশি করে রোগব্যাধিতে আক্রান্ত হচ্ছে।বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ঢালের একটি খুপরিতে উঁকি দিয়ে দেখা গেল, চর চান্দুপাড়া গ্রামের সাথী বেগম ছেলে হানিফের মাথায় পানি ঢালছেন। অসুস্থ হয়ে পড়ে আছে আরও দুজন। সাথী বললেন, ‘তিনজন জ্বরে পইর্যা রইছে। মোগো গ্রামে এহন তামাইত কোনো ডাক্তার আয় নাই। বাজার দিয়া ওষুদ আইন্যা খাওয়ামু হেই টাহাও নাই।’বাঁধে আশ্রয় নেওয়া অন্তত ৩০ জন নারী ও শিশু বিভিন্ন রোগবালাইয়ে আক্রান্ত হয়েছে বলে জানা গেছে। অসুস্থদের কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, এখন পর্যন্ত ওই দুটি গ্রামে রোগাক্রান্তরা কোনো চিকিৎসাসেবা পায়নি। এ ব্যাপারে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ এস এম জাহিরুল হাসান বলেন, ‘পানি আটকে থাকায় স্যানিটেশন ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে। জমিতে দেওয়া কীটনাশক পানিতে মিশেছে। এতে পানি দূষিত হয়ে গেছে। ওই পানি ব্যবহারের ফলে রোগবালাই দেখা দিয়েছে। আমরা খবর পেয়ে ওই এলাকায় চিকিৎসা দল পাঠিয়েছি।’ আরেকটু এগিয়ে দেখা গেল, একই গ্রামের রবিউল বিশ্বাস ও স্ত্রী ময়ূরী পানিতে নিমজ্জিত বাড়ি থেকে শেষ সম্বলটুকু বের করে বাঁধে এনে তুলছেন। ময়ূরী বললেন, ‘আইজ পাঁচ দিন ধইর্যা ঘরডা ডুইব্যা আছে। তাই মালামাল লইয়া বাঁধে আইয়া উঠছি।’ শুধু ময়ূরী-রবিউলরা নন। পানি না সরায় তাঁদের মতো অনেকেই শেষ সম্বল রক্ষায় ডুবে থাকা ঘর থেকে মালামাল বাঁধে এনে তুলছেন। খোলা বাঁধে মাথার ওপর খানিকটা আচ্ছাদনের ব্যবস্থা করছিলেন গ্রামের রফিক হাওলাদার। কী করছেন—জানতে চাইলে তিনি বলেন, ‘পানি নামতেছে না। বসতঘর ডুইব্যা রইছে। থাহার জন্য বান্দে খুপরি উডাইতাছি।’ এখান থেকে একটু দূরে বাঁধের ওপর কয়েকটি পরিবারকে দেখা যায় চুলো জ্বালিয়ে রান্না করতে। চম্পা বেগম নামের একজন বললেন, ‘স্বামী দিনমজুরি করে। হ্যার কামকাইজও বন্ধ। পাঁচ দিন ধইর্যা বান্দে আছি। কাইলগো (শনিবার) পাঁচ কেজি চাউল পাইছি। হেই চাউলও শ্যাষ অইয়া গ্যাছে। সামনে ক্যামনে চলমু হেইয়া কইতে পারি না।’পানিতে সব তলিয়ে থাকায় ওই এলাকার চর চান্দুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদানও বন্ধ হয়ে গেছে। বিদ্যালয়ের সহকারী শিক্ষক তাইফুর রহমান খান বলেন, ‘পাঁচ দিন ধইর্যা পানিতে বাড়িঘর, রাস্তাঘাট সবকিছু তলাইয়া আছে। পোলাপাইন স্কুলে আইতে পারতাছে না।’কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. লিয়াকত আলী বলেন, ‘দুর্গত মানুষের জন্য প্রাথমিকভাবে পাঁচ মেট্রিক টন চাল বরাদ্দ পেয়েছি। শনি ও রোববার ওই এলাকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে পাঁচ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। আরও বরাদ্দ পাওয়ার আশ্বাস পাওয়া গেছে। পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত দুর্গতের জন্য খাদ্য সরবরাহ করা হবে।’