‘এই ভোটে আ.লীগ-বিএনপি নেই’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের ফকিরহাট ও মোল্লারহাট উপজেলার ১৪টি ইউনিয়নে গতকাল বৃহস্পতিবার শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হয়েছে।এসব ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী ৫৫ জনের সবারই রাজনৈতিক পরিচয় আছে। তাঁদের মধ্যে ৫০ জন আওয়ামী লীগ এবং বাকি পাঁচজন বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। কিন্তু প্রার্থীদের রাজনৈতিক পরিচয় ভোটের ওপর খুব একটা প্রভাব ফেলছে না। গতকাল দুই উপজেলার বিভিন্ন ইউনিয়নে ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রার্থীর সামাজিক কর্মকাণ্ড, জনসম্পৃক্ততা ও আচার-আচরণ এই নির্বাচনে ভোটারদের কাছে বড় হয়ে উঠেছে।ফকিরহাটের পিলজংগ ইউনিয়নের বহুমুখী উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোটার শামসুন্নাহার বলেন, ‘এইটা তো সরকার বানানোর ভোট না। তাই এই ভোটে আওয়ামী লীগ-বিএনপি নেই।’মোল্লাহাটের গাওলা ইউপির ভোটার জামাল মোল্লা জানান, তিনি ভোট দিয়েছেন প্রার্থীর আচার-ব্যবহার দেখে। তিনি বলেন, ‘যারে ভোট দিছি, সে বড়লোক। কিন্তু সে আমাগো সাথে পান্তাভাতও খায়, কথা কয়।’ফকিরহাট সদর ইউপির চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত খান জাহিদ হোসেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। দলীয় পরিচয় থাকায় ভোট প্রাপ্তিতে সুবিধা হয় কি না, জানতে চাইলে তিনি প্রথম আলোকে বলেন, ‘২৩ বছর আগে নির্বাচনে প্রথম বিজয়ী হই। তখন দলীয় পরিচয় ছিল না। মানুষ ভোট দিয়েছে আমার আচার-ব্যবহার, জনসম্পৃক্ততা, সামাজিক কাজে অংশগ্রহণ দেখে।’আওয়ামী লীগ ও বিএনপির বাগেরহাট জেলা শাখার নেতারা বলছেন, এই নির্বাচনে দলীয়ভাবে তেমন কোনো কর্মকাণ্ড পরিচালনা করা হয়নি। এ ব্যাপারে দলের কেন্দ্রীয় কমিটি থেকেও বিধিনিষেধ ছিল। তাই স্থানীয় সাংসদেরা ইউপি নির্বাচনে সরাসরি কোনো প্রভাব বিস্তার করেননি। স্থানীয় এক সাংসদ বলেন, ‘স্থানীয় নির্বাচনে কারও পক্ষে থাকলে সংসদ সদস্য পদে নির্বাচন করার সময় সমস্যার সৃষ্টি হয়। সবাইকে সঙ্গে নিয়েই চলতে হয়। তাই এই নির্বাচনে দলের অনেকে প্রার্থী হলেও কাউকে প্রার্থী হতে বাধা দেইনি।’জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাংসদ মোজাম্মেল হোসেন জানান, নির্দলীয় নির্বাচনে কোনো দলীয় প্রভাব বিস্তারের সুযোগ নেই। দলের অনেক নেতা নির্বাচন করছেন। যাঁরা যেখানে জনপ্রিয়, তাঁরাই জয়ী হচ্ছেন। জেলা বিএনপির সভাপতি এম এ সালাম বলেন, বিএনপি সব সময় দলীয় নেতাদের পাশে আছে। তবে এটা যেহেতু নির্দলীয় নির্বাচন, তাই নির্বাচনী কাজে দলীয় কোনো ভূমিকা রাখা হচ্ছে না।