‘এই মেয়েদের সাহস আছে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ১-৪ মার্চ ভারতের পাটনায় শুরু হতে যাওয়া প্রথম মহিলা বিশ্বকাপ কাবাডিতে অংশ নিচ্ছে বাংলাদেশ। ধানমন্ডি মহিলা ক্রীড়া কমপ্লেক্সে কাল শুরু হয়েছে আবাসিক অনুশীলন ক্যাম্প। বাংলাদেশের মেয়েরা বিশ্বকাপে খেলবে ভেবেই রোমাঞ্চিত জাতীয় দলের সিনিয়র খেলোয়াড় শাহনাজ পারভীন (মালেকা) কাবাডি বিশ্বকাপে খেলতে যাচ্ছেন। কেমন লাগছে?শাহনাজ পারভীন (মালেকা): খুবই ভালো লাগছে। এর আগে আমরা এশিয়ান গেমস, এসএ গেমস, বিচ গেমসের মতো আসরে অংশ নিলেও বিশ্বকাপের মতো বড় আসরে এবারই প্রথম খেলতে যাচ্ছি। ভাবতেই খুব ভালো লাগছে। ভেতরে ভেতরে একটু এক্সাইটেডও লাগছে।  বিশ্বকাপ মানেই কাবাডির মহাযজ্ঞ। ভালো করার আশাও তো নিশ্চয়ই করছেন?শাহনাজ: আজই (কাল) আমাদের ক্যাম্প শুরু হলো। আশা করি, প্রস্তুতি ভালোই হবে। আমাদের এখন একটাই চাওয়া, কোনো মেয়ে যেন ইনজুরিতে না পড়ে, অসুস্থ না হয়। কোচ হিসেবে পেয়েছি জলিল স্যারকে, উনি পরীক্ষিত কোচ। ওনার তত্ত্বাবধানে আমরা খারাপ করব না। তা ছাড়া আরেকটা ব্যাপার, এর আগে আমাদের এই দলের অনেক মেয়ে ওমান, চীন ও শ্রীলঙ্কায় খেলছে। এই মেয়েদের শুধু অভিজ্ঞতা নয়, সাহসও আছে।  গত এসএ গেমসে রুপা জিতেছে বাংলাদেশ। বিশ্বকাপ নিয়ে কী প্রত্যাশা?শাহনাজ: এসএ গেমসে রুপার পর এশিয়ান বিচ গেমসে ব্রোঞ্জ জিতেছি। ইনশাআল্লাহ, আমরা বিশ্বকাপ থেকেও একটা পদক আনব। সেটা কি সোনার পদক? শাহনাজ: সোনার ব্যাপারে আশ্বস্ত করতে পারব না। কারণ আপনারা জানেন, ভারত কাবাডিতে অনেক শক্তিশালী। বিশ্বের অন্যতম সেরা দল। ওদের সব খেলোয়াড়ই একই মানের। তাই ওদের টপকে সোনা জেতা খুব কঠিন। তবে রুপা বা ব্রোঞ্জের জন্য লড়ব। আরেকটা কথা বলতে পারি, ভারতের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হবে আমাদের।  গত অক্টোবরে এশিয়ান বিচ গেমসে খেলার পর আর কোনো টুর্নামেন্টে অংশ নেয়নি বাংলাদেশ। এটা কি খেলায় কোনো প্রভাব পড়বে?শাহনাজ: দেখুন, এই দলে ডাক পাওয়া ১৪ জন খেলোয়াড়ের মধ্যে ১০ জনই আনসারের। কোনো টুর্নামেন্ট না থাকলেও আনসারে সব সময় প্র্যাকটিস করি আমরা। সার্ভিসেস দলে আছি বলে এটা আমাদের জন্য বাধ্যতামূলকই বলতে পারেন। ওই সময় নিজেদের মধ্যে প্রীতি ম্যাচ খেলি। ক্যাম্পে আসার আগেও অনুশীলনের মধ্যেই ছিলাম। তাই আশা করি, কোনো সমস্যা হবে না। শুধু অনুশীলনই কি যথেষ্ট?শাহনাজ: না। পশ্চিমবঙ্গ, ত্রিপুরা বা অন্য কোথাও যদি প্রীতি ম্যাচ খেলতে যেতে পারি, সেটা আমাদের জন্য অনেক ভালো হবে। আজ (গতকাল) যেহেতু প্রথম শুরু হলো ক্যাম্প, এখনো এটা বলতে পারছি না। তবে আমরা সুযোগ পেলে ফেডারেশনের কর্মকর্তাদের এই ইচ্ছার কথা অবশ্যই জানাব।  ক্যাম্পটা শুরু হতে কি একটু দেরি হয়ে গেল?শাহনাজ: হ্যাঁ। আরও আগে শুরু হলে অবশ্যই ভালো হতো। কিন্তু যা হয়নি, সেটা বলে তো কোনো লাভ নেই। তবে ফেডারেশনের সাধারণ সম্পাদক মুনীর স্যারকে ধন্যবাদ যে তিনি এটা শুরু করেছেন। মেয়েরা এ জন্য অনেক খুশি। বাকি সময়টুকু আমরা মন দিয়ে প্র্যাকটিস করার চেষ্টা করব। যে সময়টা পেয়েছি সেটা ভালোভাবে কাজে লাগাতে চাই। এই দলের মেয়েগুলো অনেক ভালো। আমার বিশ্বাস, মেয়েদের মধ্যে ঐক্য থাকলে আমরা ভালো ফলাফল করতে পারব।  প্রতিপক্ষ দলগুলো সম্পর্কে কোনো ধারণা আছে?শাহনাজ: এর আগে আমরা আন্তর্জাতিক টুর্নামেন্টে যেসব দলের সঙ্গে খেলেছি, ওই সব দল ছাড়াও বিশ্বকাপে আরও অনেক নতুন দল খেলবে। ইন্দোনেশিয়ার কথা ধরুন, ওরা খুব ভালো। ইরানও ভালো দল। শ্রীলঙ্কা মোটামুটি মানের। কিন্তু আমরা শুনেছি, ওরা নিয়মিত অনুশীলন চালিয়ে যাচ্ছে। থাইল্যান্ড এখন অনেক এগিয়ে গেছে। আমরা যখন চীনে এশিয়ান গেমসে খেলি, তখনই শুনেছিলাম, থাইল্যান্ড ছয় মাস ভারতে এসে ভারতীয় কোচের অধীনে অনুশীলন করেছে। অনেক ম্যাচ খেলার সুযোগ পেয়েছে ভারতে।