আবাহনী-মোহামেডান লড়াইটা তাঁর কাছে সব সময়ই উপভোগ্য। সেটা ক্রিকেট, ফুটবল বা হকি, যা-ই হোক। পাঁচ মৌসুমের চারটিতেই খেলেছেন মোহামেডানের হয়ে। এখনো সাদা-কালো জার্সিতে অন্য রকম রোমাঞ্চ অনুভব করেন মামুনুর রহমান (চয়ন)। প্রিমিয়ার হকি লিগে আজ আবাহনীর বিপক্ষে মাঠে নামার আগে সেই অনুভূতির কথাই জানালেন এই ডিফেন্ডার আবাহনী-মোহামেডান মুখোমুখি। বাড়তি চাপ অনুভব করছেন নিশ্চয়ই?মামুনুর রহমান (চয়ন): এমন একটা ম্যাচে চাপ থাকবেই। যদি খারাপ দল নিয়েও কেউ মাঠে নামে, তার পরও আবাহনী-মোহামেডান মুখোমুখি হলে সবার মধ্যে বাড়তি উত্তেজনা কাজ করে। তবে এই ম্যাচ নিয়ে কোচ গেরহার্ড পিটার আমাদের সবাইকে নির্ভার থাকতে বলেছেন। আমরা আমাদের স্বাভাবিক খেলাটা খেলতে চাই। আজ (গতকাল) সকালে হালকা অনুশীলন সেরেছি আমরা। চাপমুক্ত রাখতেই বিকেলে আমাদের ছুটি দিয়েছেন কোচ। গত মাসেই তো ক্লাব কাপের সেমিফাইনালে হেরেছিলেন আবাহনীর কাছে। প্রতিশোধ নেওয়ার কথা কি ভাবছেন?মামুনুর: প্রতিশোধ-টতিশোধ কিছু না। আমরা ওদের সমীহ করি, আবাহনী অবশ্যই ভালো প্রতিপক্ষ। তবে আমরাও ভালো অনুশীলন করেছি। তা ছাড়া ওই ম্যাচের হার থেকে আমরা একটা শিক্ষা নিয়েছি। আমাদের ওই ভুলগুলো যাতে আর না হয়, সে ব্যাপারে কোচ বিশেষ নির্দেশনা দিয়েছেন। আমাদের আত্মবিশ্বাস আছে, টিম প্ল্যানিংও ভালো। দেখা যাক, কাল (আজ) কী হয়। দলে কি কোনো ইনজুরি আছে?মামুনুর: না। আমাদের পুরো শক্তির দলটাই খেলতে পারে। ক্রিকেটে, ফুটবলে আবাহনী-মোহামেডান নিয়ে যা-ও বা আগ্রহ আছে দর্শকদের, হকিতে কি সেটা আছে বলে মনে হয়?মামুনুর: আসলে এখানে খেলাটা মুখ্য নয়। বড় কথা হলো, আবাহনীর মুখোমুখি হচ্ছে মোহামেডান। যারাই পুরোনো এই দুই দলের জার্সি পরে, তাদের কাছে এর সম্মান রক্ষাটাই বড় কথা। আমার কাছে কিন্তু আবাহনী-মোহামেডান ম্যাচ হলে ক্রিকেট, ফুটবল, হকি সবই সমান। ফুটবলে আবাহনীর বিপক্ষে ম্যাচ থাকলে চেষ্টা করি খেলাটা মাঠে গিয়ে দেখতে। হকিতে তো সেভাবে দর্শক আসে না? খারাপ লাগে না দর্শকশূন্য মাঠে খেলতে?মামুনুর: ভিআইপি গ্যালারিতে কিন্তু প্রতি ম্যাচেই প্রচুর দর্শক আসে। আর অন্য গ্যালারি ফাঁকা দেখে দেখে আমরা অভ্যস্ত হয়ে গেছি। শুনলাম, টেলিভিশনে খেলা দেখাবে। আমার মতে, এভাবে দু-একটা ম্যাচ না দেখিয়ে আরও বেশি ম্যাচ দেখানো উচিত। মানুষের মধ্যে তাহলে হকি নিয়ে আগ্রহ তৈরি হবে। লিগ চ্যাম্পিয়ন হওয়ার ব্যাপারে কতটা আশাবাদী?মামুনুর: দেখুন, এই মৌসুমে আমরা একবারই হোঁচট খেয়েছি। সেটাও ক্লাব কাপে। কিন্তু লিগে এখন পর্যন্ত আমরা অপরাজিত আছি টানা ৯ ম্যাচ। এই ধারাবাহিকতা ধরে রাখতে চাই। এই ম্যাচ জিতলে চ্যাম্পিয়নশিপ লড়াইয়েও অনেক এগিয়ে যাব। সুযোগটা হাতছাড়া করতে চাই না। তবে আবাহনী ছাড়াও ঊষা শিরোপার লড়াইয়ে আছে। এই ম্যাচে হারলে সুপার ফাইভটা বেশ কঠিন হয়ে যাবে। আপনি তো পেনাল্টি কর্নার থেকেই বেশির ভাগ গোল করেন। এই ম্যাচ নিয়েও কি আলাদা কোনো পরিকল্পনা আছে?মামুনুর: এটা গোপন বিষয়। কিছু বলতে চাই না।