‘এই রাস্তা কোনা হামার কাছত একটা যন্ত্রণা’
‘এইটা সড়ক, নাকি নড়ক? কোন পাপ যে করছিলাম, আল্লায় গজবের মধ্যে ফালাইছে! আস্তা কোনা দিয়া রিকশা নিয়া যাওয়া যায় না। চোখে পানি আসি যায়। যতবার এটা দিয়া আসি, ততবারে মনে করি আর আসমো না। কিন্তু তার পরেও না আইসা কোনো উপায় নাই।’তারাগঞ্জ চৌপথী-কেল্লাবাড়ী এক কিলোমিটার সড়কের দুরবস্থা সম্পর্কে বলতে গিয়ে এভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করেন ঘনিরামপুর গ্রামের রিকশাচালক মাজেদুল ইসলাম (৪২)। একই কথা বলেন ভ্যানচালক মোজাম্মেল হক (৩৬)। তিনি বলেন, ‘ভাইজান, সরকার হাউক যেটে-সেটে রাস্তাঘাট নির্মাণ করে, কিন্তুক একিনা রাস্তা পাকা করিবার না পারে। এই একিনা রাস্তার জন্যে হামার কষ্ট সারাকাল।’তারাগঞ্জ উপজেলার অন্যতম ব্যবসাকেন্দ্র তারাগঞ্জ বাজার। প্রতিবছরের মতো এ বছরও সরকার এই বাজার ইজারা দিয়ে আয় করেছে এক কোটি ১৪ লাখ টাকা। রংপুর-সৈয়দপুর মহাসড়কের দক্ষিণ দিকে এক কিলোমিটার ভিতরে বাজারটির অবস্থান। এই বাজারে প্রবেশের একটি মাত্র রাস্তা তারাগঞ্জ চৌপথী-কেল্লাবাড়ী সড়ক। এ কারণে এই সড়ক দিয়ে প্রতিদিন শত শত মানুষ ও যানবাহন চলাচল করে। ২৫ বছর আগে সড়কটি তৈরি করা হলেও তা আর সংস্কার করা হয়নি। সড়কটি নিচু হওয়ায় পানি জমে ইট-কার্পেটিং উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।তারাগঞ্জ বাজারের কাপড় ব্যবসায়ী তুহিনূর ইসলাম (৩৫) বলেন, ‘ভাইজান, দেখেন না, দেশত কত উন্নয়ন কাম হয়ছে, তাত টাকার ঠেকাও না পড়ে। কিন্তুক এই রাস্তা কোনা বানবার কইলে সবায় কাটি পড়ে।’মুড়ি বিক্রেতা দ্বিজেন চন্দ্র (৩৬) বলেন, ‘রাস্তা কোনা পাকা না করায় বাজারের ব্যবসা-বাণিজ্যসহ অর্থনৈতিক গতি পিছিয়ে পড়েছে।’ রহিমাপুর গ্রামের কৃষক আ. ছালাম (৪০) বলেন, ‘এই রাস্তা কোনা হামার কাছত একটা যন্ত্রণা। এলা তো তাও পায়ে হাঁটি চলা যায়, বর্ষার সময় কাদা আর পানিতে সেকনা উপায়ও থাকে না।’ঘনিরামপুর গ্রামের টেম্পোচালক জুয়েল (২৭) ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এইটা একটা সর্বনাশা রাস্তা, এইটা দিয়া গাড়ি চালাইলে রিং ও টায়ার নষ্ট হয়।’ তারাগঞ্জ বাজারের কাঁচামাল ব্যবসায়ী এমদাদুল (৪২) বলেন, ‘রাস্তা কোনা খারাপ থাকায় বাজারে পণ্য আনা-নেওয়া করতে ট্রাক, ভ্যান বেশী ভাড়া নেয়।’ মুদির দোকানি অমিত শাহ্ (২৩) বলেন, রাস্তা খারাপের জন্য এই বাজারে ক্রেতা আসতে চায় না। ব্যবসায় মন্দা যাচ্ছে।কুর্শা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আজিজুল ইসলাম বলেন, ‘এই সড়কের কি বাপ-মা কেউ নেই? আর কত দিন সড়কটির এই অবস্থার কারণে জনগণকে দুর্ভোগ পোহাতে হবে?’ তারাগঞ্জ ও/এ দাখিল মাদ্রাসার অধ্যক্ষ আ. মান্নান বলেন, মাদ্রাসাটি এই রাস্তার পাশে। শিক্ষার্থীরা বৃষ্টির দিনে কাদা মাড়িয়ে মাদ্রাসায় আসে আর রোদের দিনে রাস্তার ধুলার কারণে ছাত্রছাত্রীরা ক্লাসে টিকতে পারে না।তারাগঞ্জ বণিক সমবায় সমিতির সভাপতি অরুণ কুমার দে বলেন, ‘সড়কটির সঙ্গে তারাগঞ্জ বাজারের অর্থনৈতিক উন্নয়ন নিবিড়ভাবে জড়িত—এ কথা বারবার বলে সড়কটি সংস্কারের দাবি আমরা করেছি, কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না।’ কুর্শা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাছনা বানু বলেন, ২৫ বছর আগে নির্মিত সড়কটির উন্নয়নকাজ না করায় এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। ব্যবসায়ী ও এলাকাবাসীর দুর্ভোগ দেখে গত বছর থোক বরাদ্দের ৭০ হাজার টাকায় ইট কিনে রাস্তার ভাঙা অংশে ফেলে ভরাট করে দেওয়া হয়েছে। তারাগঞ্জ উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী দুলাল বলেন, সড়কটি সংস্কারের বিষয় নিয়ে উপজেলা সমন্বয় কমিটিতে আলোচনা হয়েছে। কিন্তু বর্তমানে বরাদ্দ না থাকায় রাস্তাটি পাকা করা যাচ্ছে না। বরাদ্দ পেলেই সর্বপ্রথম এই রাস্তা পাকা করে দেওয়া হবে।