‘এই রাস্তার নাইগ্যা কেউ কথা কয় না’
‘এই রাস্তার কাহিল অবস্থার কথা আর কত কমু। মেম্বার-চেয়ারম্যানগরে কইয়া কইয়া মুখ ব্যথা হইয়া গেছে। কিন্তুক কোনো কাম হয় নাই। অহন এই রাস্তার নাইগ্যা আর কেউ কথা কয় না।’ সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার গয়হাট্টা-কুচিয়ামারা সড়কের বর্তমান অবস্থা সরেজমিন দেখতে গেলে পাশের ধরইল গ্রামের পথচারী বৃদ্ধা শরিফুননেছা অনেক ক্ষোভ নিয়ে উপরোক্ত কথাগুলো বললেন।শরিফুননেছার মতো তিক্ততা নিয়ে প্রায় একই রকমের কথা বললেন পার্শ্ববর্তী এলাকার বৃদ্ধ আমজাদ হোসেন, হাচেন আলী, করিম মণ্ডল, হাফিজ ব্যাপারিসহ আরও অনেকে।তাঁরা জানান, দীর্ঘদিন সংস্কারের অভাবে এই রাস্তাটির, বিশেষ করে বাঙ্গালা ইউনিয়নের আওতায় শিমলা গ্রাম থেকে চেংটিয়া পর্যন্ত প্রায় তিন কিলোমিটার অংশের অবস্থা খুবই করুণ। বন্যার পানির তোড়ে দুই পাশে ভেঙে চেপে গেছে। সেইসঙ্গে রাস্তার মাটিও ধুয়েমুছে গেছে। রাস্তার এই অংশ দিয়ে যানবাহন চলাচল তো দূরের কথা, হেঁটে চলাও অসম্ভব হয়ে পড়েছে।বাঙ্গালা ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে, আশির দশকের গোড়ার দিকে পাবনা জেলা পরিষদ গয়হাট্টা-কুচিয়ামারা রাস্তাটি তৈরি করে। এ রাস্তা দিয়ে উপজেলার ধরইল, আফার, সাতবাড়িয়া, মধুকোলা, বনমালী, মোহনপুর, পেয়ারাপুর, বানিয়াকৈড়, কুচিয়ামারা, চেংটিয়া, গয়হাট্টা, রহিমপুর, বিনায়েকপুরসহ প্রায় ২৫টি গ্রামের মানুষ চলাচল করে থাকে। সেইসঙ্গে ধরইল উচ্চবিদ্যালয়, বিনায়েকপুর উচ্চবিদ্যালয়, কুচিয়ামারা কলেজ, ধরইল মাদ্রাসা, রহিমপুর প্রাথমিক বিদ্যালয়, মধুকোলা প্রাথমিক বিদ্যালয়সহ ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় তিন হাজার ছাত্রছাত্রী এই রাস্তা দিয়ে যাতায়াত করে। রাস্তার শিমলা-চেংটিয়া অংশে ২০০৩-০৪ অর্থবছরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উল্লাপাড়া অফিস থেকে প্রায় ২৫ লাখ টাকা ব্যয়ে তিনটি বক্স কালভার্ট নির্মাণ করা হয়। কালভার্ট নির্মাণের পর দুই পাশের সংযোগ সড়কে মাটি ভরাট করা হলেও ২০০৭ সালের বন্যায় এসব কালভার্টের দুই পাশের সংযোগ সড়কের পুরো মাটিই ধুয়ে যায়। ফলে এই কালভার্টগুলো এখন পথচারীদের পক্ষেও ব্যবহার করা সম্ভব হচ্ছে না। রাস্তার এই অংশে আঠালো মাটি হওয়ায় বিশেষ করে বর্ষা মৌসুমে এর ওপর দিয়ে হাঁটা খুবই বিপজ্জনক। তারপরও এ অঞ্চলের মানুষ ও ছাত্রছাত্রীদের নিরুপায় হয়ে এ রাস্তা দিয়েই হাঁটাচলা করতে হচ্ছে। উপজেলার ধরইল উচ্চবিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আবদুস সাত্তার জানান, এই গুরুত্বপূর্ণ রাস্তাটি সংস্কার করার জন্য এলাকার লোকজন দীর্ঘদিন ধরে স্থানীয় ইউনিয়ন পরিষদ ও উল্লাপাড়া উপজেলা প্রশাসনের কাছে আবেদন করলেও কোনো কাজ হয়নি। বর্তমানে রাস্তার মাঝের বক্স কালভার্টগুলোর দুই পাশের মাটি ধুয়ে যাওয়ায় স্থানীয় লোকজনের জন্য আরও সমস্যার সৃষ্টি হয়েছে।বাঙ্গালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু বক্কারের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, মোটা অঙ্কের অর্থ ব্যয়ে ২০০৫ সালে রাস্তাটি একবার সংস্কার করা হয়েছিল। বর্তমানে ইউনিয়ন পরিষদের পক্ষে এই রাস্তা সংস্কার করা সম্ভব নয়। তিনি উল্লাপাড়ার সাংসদ শফিকুল ইসলামের সহযোগিতায় রাস্তাটি সংস্কার ও এটি পাকাকরণের একটি প্রকল্প তৈরি করে উল্লাপাড়া এলজিইডি অফিসে জমা দিয়েছেন। প্রকল্পটি অনুমোদিত হলে রাস্তার কাজ শুরু করা সম্ভব হবে বলে উল্লেখ করেন তিনি।