‘এই রাস্তায় ট্রিপ দেলে পরের দিন গা ব্যথা করে’
‘১১ কিলোমিটার রাস্তা যাইতে ১৫ মিনিট লাগত, এহন লাগে এক ঘণ্টা, এই রাস্তায় একদিন ট্রিপ দেলে পরের দিন গা ব্যথা করে এবং গাড়ির স্প্রিং পাত্যি ভাইঙ্গা যায়।’—এভাবে সড়কের দুরবস্থার কথা তুলে ধরেন বরিশাল-পিরোজপুর রুটের বাসচালক বিশ্বজিৎ দাস (৩৫)।জানা গেছে, বরিশাল-ঝালকাঠি-পিরোজপুর-খুলনা মহাসড়কের ঝালকাঠির রাজাপুর উপজেলা থেকে পিরোজপুরের বেকুঠিয়া ফেরিঘাট পর্যন্ত ১১ কিলোমিটার রাস্তা খানাখন্দে ভরা। ঝালকাঠি আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. টিপু সুলতান জানান, এই সড়কের চার কিলোমিটার রাস্তার সংস্কার করা হলে দুর্ভোগ এড়ানো সম্ভব।সরেজমিন দেখা যায়, রাজাপুর উপজেলার বিশ্বাস বাড়ি থেকে আকছুর ক্লাব পর্যন্ত দুই কিলোমিটার এবং নৈকাঠি বাজার থেকে জমাদ্দার বাড়ির পুল পর্যন্ত দুই কিলোমিটার, এই চার কিলোমিটার রাস্তায় ছোট-বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। সড়কের পিচঢালাই উঠে গেছে। বেহাল অবস্থার কারণে এ সড়কে রিকশা ও ভ্যান চলাচল বন্ধ হয়ে গেছে। ধুলার কারণে সড়কের দুই পাশের গাছপালার পাতা লাল বর্ণ ধারণ করেছে। পথচারী জমাদ্দারহাট গ্রামের খলিলুর রহমান জানান, ‘এ রাস্তা দিয়ে চলাচল করলে বাড়ি গিয়ে গোসল করতে হয়।’ রিকশাচালক মো. শাহ আলম বলেন, ‘এ রাস্তায় একবার প্যাসেঞ্জার লইয়া আইলে খালি স্পোক কাডে, তাই মোরা এই রাস্তায় ট্রিপ লই না।’ পরিবহন ব্যবসায়ী মোটরসাইকেলের চালক সুবল দাস জানান, ‘রাস্তার অবস্থা এত খারাপ যে ডাবল ভাড়া দিলেও আমরা ওই রাস্তায় যেতে চাই না।’ ঝালকাঠির বাসমালিক গোলাম সরওয়ার বলেন, ‘খুলনা, যশোর, বেনাপোল ও মংলা বন্দরের সঙ্গে যোগাযোগ স্থাপনকারী এ সড়ক দিয়ে প্রতিদিন দূরপাল্লার বাস, মালবাহী ট্রাকসহ কয়েক শ যানবাহন চলাচল করে। যাত্রী ও চালকরা এ সড়ক পাড়ি দেওয়ার সময় দোয়া-কালাম পড়ে। আগামী বর্ষা মৌসুমের আগে এ সড়ক মেরামত করা না হলে যান চলাচল বন্ধ হয়ে যাবে।’ ঝালকঠি সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মনিরুজ্জামান বলেন, ‘রাজাপুর-বেকুঠিয়া সড়ক সংস্কারের জন্য সাড়ে তিন কোটি টাকার চারটি প্রকল্প তৈরি করা হয়েছে। ইতিমধ্যে দুটি গ্রুপের দরপত্র প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। বর্ষা মৌসুমের আগেই চার কিলোমিটার রাস্তার কাজ শেষ হবে।’