‘এই সরকারের কোনো চরিত্র নেই’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্তমান সরকারের কোনো চরিত্র নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে দেশনেত্রী ফোরাম নামের একটি সংগঠনের মানববন্ধনে তিনি এ কথা বলেন।হরতাল চলাকালে সচিবালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনায় করা মামলায় বিএনপির স্বনির্ভর-বিষয়ক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে আসামি করার প্রতিবাদে সংগঠনটি এ মানববন্ধনের আয়োজন করে।দেশনেত্রী ফোরামের সভাপতি শহীদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে সরকারের সমালোচনা করে মওদুদ আহমদ বলেন, ‘সরকার একদিকে মামলা দিচ্ছে, আরেক দিকে আদালতে যেতে দিচ্ছে না। চার দিন ধরে সরকার সুপ্রিম কোর্টকে অবরুদ্ধ করে রেখেছে। এর মধ্য দিয়েই সরকারের মুখোশ উন্মোচিত হয়েছে।’মওদুদ আহমদ অভিযোগ করেন, হরতালের দিন সচিবালয়ে ককটেল বিস্ফোরণ এবং তেজগাঁওয়ে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা পূর্বপরিকল্পিত। সরকারের এজেন্টরাই গাড়ি পুড়িয়েছে, বোমা হামলা করেছে। ইলিয়াস আলীকে সরকারের এজেন্টরা গুম করে নিয়ে যাওয়ার পর সারা দেশে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। সরকার তা নিয়ন্ত্রণে আনতে পারেনি। আন্দোলনকে রোধ করার জন্যই এই হীনমন্য ব্যবস্থা নিয়েছে বলে তিনি মন্তব্য করেন। মওদুদ বলেন, সরকারের করা এই মামলাগুলো যে কতটা ভুয়া ও উদ্দেশ্যপ্রণোদিত, তা কিছু নাম অন্তর্ভুক্ত করার মধ্য দিয়ে বোঝা যায়। যে দিনের ঘটনায় মামলা হয়েছে, সে দিন রুহুল কুদ্দুস তালুকদার দুলু নাটোরে, খায়রুল কবির খোকন নরসিংদীতে এবং শফিউল আলম প্রধান পঞ্চগড়ে ছিলেন। তিনি অবিলম্বে এই মামলা প্রত্যাহারের দাবি জানান। মওদুদ আহমদ সরকারের উদ্দেশে বলেন, ইলিয়াসকে ফেরত দিন, নইলে পদত্যাগ করুন। আর তা না হলে আন্দোলন চলতে থাকবে বলে তিনি হুঁশিয়ার করেন।