আগামী মাসে বাবা হবেন। বাবা হওয়ার মধুর মুহূর্তটিকে বরণ করতে ইসমাইল বাঙ্গুরার আর তর সইছে না। বিজেএমসির গিনিয়ান স্ট্রাইকার আগামীকাল দেশে ফিরছেন একটা তৃপ্তি নিয়েই। বাংলাদেশ লিগে ১৭ গোল নিয়ে তিনিই সম্ভবত সর্বোচ্চ গোলদাতা হতে যাচ্ছেন। বঙ্গবন্ধু স্টেডিয়ামে কাল নিজেদের শেষ ম্যাচের পর বললেন, আবার ফিরবেন ঢাকায় লিগে আপনার গোল ১৭টি। বড় কোনো চমক না ঘটলে সর্বোচ্চ গোলদাতা আপনিই হতে যাচ্ছেন। অনুভূতি কী?ইসমাইল বাঙ্গুরা: আমি খুশি। তবে আরও খুশি হতাম যদি আমার দল চ্যাম্পিয়ন হতো। কিন্তু আমরা লিগে চার নম্বর হলাম। তাই পুরোপুরি তৃপ্ত নই। ১৩ গোল নিয়ে দ্বিতীয় স্থানে আবাহনীর পল ও মুক্তিযোদ্ধার সানডে। পরশু (কাল) লিগের অঘোষিত ফাইনালে মুখোমুখি আবাহনী-মুক্তিযোদ্ধা। ওই ম্যাচের দিকে নিশ্চয়ই তাকিয়ে থাকবেন?ইসমাইল: ম্যাচটা আমি দেখতে পারছি না। ওই দিনই দেশে ফিরে যাব। আগামী মাসে আমি বাবা হতে চলেছি। এই সাফল্যটা উৎসর্গ করব অনাগত সন্তানকে। বাড়িতেই মনটা পড়ে আছে। তবে পল তো ইনজুরির কারণে নেই, সানডে শেষ ম্যাচে পাঁচ গোল করে আমাকে টপকাবে, এমন চিন্তা করছি না। এবার কারা চ্যাম্পিয়ন হবে মনে করছেন?ইসমাইল: আমার ধারণা, আবাহনীর চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা বেশি। তাদের ড্র করলেই চলবে মুক্তিযোদ্ধার সঙ্গে। তবে আবাহনী জেতার ক্ষমতা রাখে এবং আমার ফেবারিট আবাহনী। লিগে ২০ ম্যাচের মধ্যে দু-একটা বাদে বাকি ম্যাচগুলো খেলেছেন আপনি। ১৭ গোল কি একটু কম হয়ে গেল না?ইসমাইল: আমি আসলে গোটা বিশেক গোল করতে চেয়েছিলাম। সেদিক থেকে কাছাকাছিই গেছি। ফেডারেশন কাপে করেছি ৫ গোল। তবে গোল আরও বেশি করতে পারলে ভালোই হতো। কিন্তু লিগে বাংলাদেশের খেলোয়াড়েরা সর্বোচ্চ ৫-৬টির বেশি গোলই করতে পারেনি। সাম্প্রতিক বছরগুলোয় ধারাবাহিকভাবে বিদেশিরাই মৌসুমে সেরা গোলদাতা হচ্ছেন। এর কারণ কী? ইসমাইল: ইচ্ছাটাই আসল। ইচ্ছা পূরণ করতে চাইলে পরিশ্রমের বিকল্প নেই। আমার মনে হয়, বাংলাদেশের খেলোয়াড়েরা সেভাবে কঠোর পরিশ্রম করতে চায় না। এ কারণে তারা গোলও বেশি পায়নি। কিন্তু বাংলাদেশের স্ট্রাইকাররা বলছেন, আক্রমণভাগে সবাই বিদেশি। সে কারণে তাঁরা গোল করার সুযোগ পান না। কী বলবেন?ইসমাইল: গত লিগে আমি আরামবাগে খেলেছি। তা-ও মাঝমাঠে। আমি আরামবাগের হয়ে ১৫ গোল করেছি। কাজেই কোন পজিশনে খেললাম সেটার চেয়ে বড়, আমার লক্ষ্য কী? আপনি ২০ গোল করার লক্ষ্য নিয়ে খেললে নিশ্চয়ই এর কাছাকাছি হলেও যেতে পারবেন। আবাহনীর পল ১৩ গোল করার পর দ্বিতীয় পর্বে খেলতেই পারলেন না। সেদিক আপনাকে ভাগ্যবানই মনে হচ্ছে।ইসমাইল: হ্যাঁ, পল না থাকায় আমার সুবিধা হয়েছে। ও থাকলে আরও গোল পেত। তবে কে খেলল, কে খেলল না, সেটা দেখে লাভ নেই। আমি আমার কাজটা করে গেছি। সামগ্রিকভাবে বাংলাদেশ লিগটা কেমন হলো?ইসমাইল: আমি ইরাক, তিউনিসিয়া, লিবিয়াসহ আরও কয়েকটা দেশে খেলেছি। বাংলাদেশের এই লিগটা গতবারের চেয়ে এবার কঠিনই ছিল। সব দলই ভালো করার চেষ্টা করেছে। আগামী মৌসুমে আবার খেলতে চাই ঢাকায়।