স্টেডিয়ামই তাঁর বাড়িঘর। তাঁর আসল পরিচয় বঙ্গবন্ধু স্টেডিয়ামের মাঠকর্মী। হ্যান্ডবলও খেলেন, এবার প্রথম বিভাগ হ্যান্ডবলে মনসুর স্পোর্টিং ক্লাবের হয়ে খেলছেন মোহাম্মদ চান আলী। হতে চেয়েছিলেন ফুটবলার। তবে এখন হ্যান্ডবল খেলাতেই তাঁর আনন্দ সারাক্ষণ মাঠ পরিচর্যা করেই সময় কাটে। হ্যান্ডবল খেলার সুযোগ পেয়ে নিশ্চয়ই খুব খুশি? মোহাম্মদ চান আলী: খুবই ভালো লাগছে। আমি অনেক দিন ধরেই মনসুর স্পোর্টিংয়ের হয়ে হ্যান্ডবল খেলি। ছয় বছর আগে সর্বশেষ যে লিগ হয়েছিল সেখানেও তিন ম্যাচে সেরা খেলোয়াড় হয়েছিলাম। মনসুর ভাই আমাকে অনেক সাহায্য করেন বলেই খেলতে পারছি। শুধু কি ফুটবল মাঠেরই পরিচর্যা করেন?চান আলী: আগে আমি ক্রিকেটেরও মাঠকর্মী ছিলাম। হ্যান্ডবলেও কাজ করেছি। তবে এখন শুধুই ফুটবলে কাজ করি। আমি ফুটবলের স্থায়ী মাঠকর্মী। খেলাধুলায় কীভাবে এলেন?চান আলী: এই স্টেডিয়ামেই আমার জন্ম। তখন এই স্টেডিয়ামের পাশের ২৪ তলা ভবন হয়নি। আমাদের পুরো পরিবারই থাকত স্টেডিয়ামে। বাবা রিকশা চালাতেন। মা খেলার টিকিট বিক্রি করতেন আর স্টেডিয়ামের দোকানে দোকানে পানি সরবরাহ করতেন। গত বছর মা মারা গেছেন। মা-ই চাইতেন আমি যেন ফুটবলার হই। আমারও ফুটবলার হওয়ার শখ ছিল। স্টেডিয়ামে টুকটাক খেলতে খেলতেই আদমজী জুটমিল দলে সুযোগ পাই। দ্বিতীয় বিভাগে খেলেছি। এই স্টেডিয়াম নিয়ে তো অনেক স্মৃতি আপনার।চান আলী: স্টেডিয়ামে আমার কত স্মৃতি! আমি এরশাদের আমল থেকে খেলা দেখি। ওই সময় থেকেই ক্লাবপাড়ায় কাজ করেছি। মোহামেডান, ভিক্টোরিয়া, দিলকুশাতে ফুটফরমাশ খাটতাম। এই হ্যান্ডবল মাঠ যেখানে দেখছেন, এখানেই ছিল দিলকুশা আর ভিক্টোরিয়া ক্লাব। পল্টন ময়দানের ওই কোনায় ছিল ওয়ান্ডারার্স। ক্লাবের কোনো কর্মকর্তা কি কখনো আপনাকে খেলতে উৎসাহিত করেছেন? চান আলী: না। এই যে হ্যান্ডবল খেলছি অনেক বছর ধরে, কিন্তু কোনো ফুটবল ক্লাব কোনো দিন আমাদের কোচিংয়েও ডাকে না। তাই ফুটবলার হতে পারলেন না?চান আলী: হ্যাঁ, আমার কোনো ব্যাকিং ছিল না। কাজ করলে খেতে পেরেছি। না করলে খাবার জোটেনি। তবে ফুটবলটা ভালোই খেলতাম। খ্যাপ খেলতে কতবার ঢাকার বাইরে গেছি। অনেক জায়গায় খেলার প্রস্তাব এসেছে। পিছুটানের জন্য পারিনি। মাঠকর্মী হিসেবে কোনো মজার স্মৃতি আছে?চান আলী: মজার নেই, কষ্টের স্মৃতি আছে। খুব কাছ থেকে শচীন টেন্ডুলকার, ওয়াসিম আকরামদের দেখেছি। কিন্তু কখনোই মাঠে ঢুকতে পারিনি। শুধু গেটে তালা লাগাতাম আর খুলতাম। তখন জয়নাল ভাই ছিল ক্রিকেটের দায়িত্বে। ওনার অধীনে ডিউটি করতাম। খুব ইচ্ছা ছিল শচীন টেন্ডুলকারের সঙ্গে একটা ছবি তুলব। কিন্তু পারিনি। ঢাকায় আর্জেন্টিনা দল এসেছিল, মেসিরা খেলল। তখন...চান আলী: তখন সুযোগ পেয়েছিলাম। কিন্তু চাকরির ভয়ে যেতে সাহস পাইনি। যদি চাকরি চলে যায় তাহলে তো না খেয়ে থাকতে হবে। প্রিয় কোনো ফুটবলার আছে?চান আলী: সালাউদ্দিন ভাই, চুন্নু ভাই, মহসিন ভাই, সালাম ভাই, আসলাম ভাই, মুন্না ভাই—এঁদের সবার খেলা দেখছি। এখন এমন ফুটবলার দেখি না। তাই সেভাবে কাউকে ভালো লাগে না। সারা দিন কাজ করেন, আবার অনুশীলন করতে হয়। ক্লান্তি লাগে না? চান আলী: গরিব মানুষের কোনো ক্লান্তি নেই। যদি এখন ফুটবল খেলা থাকত তাহলে আমি খেলতে পারতাম না।