বাংলাদেশ লিগের দ্বিতীয় পর্বে এসে ৭ ম্যাচে করেছেন ১২ গোল। কাল তাঁর হ্যাটট্রিকে শেখ জামালকে হারিয়ে গ্রামীণফোন সুপার কাপের ফাইনালে উঠল মোহামেডান। স্টেডিয়ামের গ্যালারির লোহার বেড়া টপকে মাঠে ঢোকা দর্শকেরা সানডে সিজোবাকে নিয়ে মেতে উঠল উৎসবে। এরই এক ফাঁকে উচ্ছ্বসিত নাইজেরিয়ান স্ট্রাইকার বললেন সুপার কাপ ও অন্যান্য প্রসঙ্গে এমন একটা গুরুত্বপূর্ণ ম্যাচে হ্যাটট্রিক। মোহামেডান ফাইনালে। কেমন লাগছে? সানডে সিজোবা: এই আনন্দ বলে বোঝাতে পারব না। আমি খুবই খুশি। এ জন্য আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাচ্ছি। ম্যাচের আগে ভেবেছিলেন হ্যাটট্রিক করবেন? সানডে: হ্যাটট্রিক তো বলেকয়ে হয় না। তবে আমার চেষ্টা ছিল গোল করব। গোল করেছি। খুবই ভালো লাগছে আমার। আপনাকে তো শেখ জামাল ধানমন্ডি ক্লাবই প্রথম এ দেশে এনেছিল। কিন্তু ট্রায়ালে পছন্দ না হওয়ায় ফিরিয়ে দেয়। এরপর মোহামেডানের জার্সি গায়ে দিলেন। ওরা নেয়নি বলে কি এভাবে প্রতিশোধ নিলেন?সানডে: (হেসে)। না না। তা হবে কেন? এটাকে আমি কোনো প্রতিশোধ হিসেবে দেখছি না। আমি একজন পেশাদার খেলোয়াড়। আমি সব জায়গায় নিজের খেলাটাই খেলি। প্রতিপক্ষ কে সেটা আমার বিষয় না। আমি চাই আমার গোলে দল জিতুক। এতেই আমি খুশি। লিগের দ্বিতীয় পর্বে শেখ জামালের বিপক্ষে কোচ আপনার পারফরম্যান্স নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন। অভিযোগ ছিল, আপনি পুরো শক্তি দিয়ে খেলেননি...সানডে: আসলে ম্যাচের রেজাল্ট খারাপ হলে কোচের বাজে প্রতিক্রিয়া হতেই পারে। একজন ভালো খেলোয়াড়ের কাছে কোচের প্রত্যাশা সব সময় অনেক বেশি থাকে। কোচ কি বলল না বলল, তা নিয়ে আমি ভাবিনি। কোচ হয়তো আমার ভেতরের সেরা খেলাটা বের করে আনার জন্যই এটা বলে থাকতে পারে। এই ম্যাচের আগে আপনার কি আলাদা কোনো পরিকল্পনা ছিল?সানডে: না। আমি শুধু এটাই জানতাম যে এটা কোটি টাকার ফাইনালে যাওয়ার লড়াই। আমাকে আজ ভালো খেলতেই হবে। জিততে হবে। এ জন্য আমার সতীর্থরাও আমাকে যথেষ্ট সহযোগিতা করেছে। যে কারণে আমার হ্যাটট্রিক হয়েছে। দলও জিতেছে। এমন দুর্দান্ত পারফরম্যান্স। মোহামেডান নিশ্চয়ই পরের মৌসুমেও আপনাকে ধরে রাখতে চাইবে..সানডে: আমি এখনো কিছু জানি না। সবই ঈশ্বর জানেন। ঈশ্বর চাইলে আমি আবারও মোহামেডানে খেলতে পারি। তিনি যদি চান, অন্য দলে খেলতে হবে, তাহলে অন্য দলে খেলব। একটু কূটনৈতিক উত্তর হয়ে গেল না...সানডে : (হেসে)। মোহামেডানে খেলার ভালো সম্ভাবনাই আছে। এখানকার ক্লাব কর্মকর্তারা খুবই ভালো। আর সমর্থকেরা?সানডে : এদের কথা আর নতুন করে কী বলব। আমি মুগ্ধ। আমি অভিভূত। দেখলেন না, আমাকে ওরা পারলে কাঁধে তুলে নাচে। খেলা শেষে একজন আমাকে দুই হাজার টাকা নগদ দিল। যদিও তাকে চিনি না, কিন্তু মাঠে এভাবে টাকা দেওয়ার ব্যাপারটা আমি অন্য কোথাও দেখিনি। এই স্মৃতি অনেক দিন মনে থাকবে আমার। এবার বলুন ফাইনালে কোন দলকে আশা করছেন? আবাহনী না মুক্তিযোদ্ধা...সানডে: আবারও সেই আগের কথা বলব, আমি পেশাদার ফুটবলার। আমার কোনো পছন্দ নেই। যেকোনো দলের বিপক্ষেই সেরাটা খেলতে হবে।