‘এই হবে, হচ্ছে’ ধরনের আশ্বাস মিলেছে, কিন্তু কাজ হচ্ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষাদীক্ষায়, গুণেমানে যে প্রতিষ্ঠান ছিল এক সময়ের ঐতিহ্যের ধারক, যেখান থেকে বেরিয়েছে অসংখ্য গুণীজন, সেই প্রতিষ্ঠান ক্ষয়ে ক্ষয়ে আজ কালের সাক্ষীতে পরিণত হয়েছে। শতবর্ষ পাড়ি দেওয়া এ শিক্ষাপ্রতিষ্ঠানের নাম চিলইল সরকারি প্রাথমিক বিদ্যালয়। বগুড়ার শিবগঞ্জ উপজেলা সদর থেকে প্রায় ১৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে কিচক ইউনিয়নে এ বিদ্যালয়টি অবস্থািত।এলাকার মানুষকে জ্ঞানে-মানে প্রতিষ্ঠিত করে তুলতে চিলইল গ্রামের মরহুম ইউসুফ আলী ফকির ১৯০৮ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। প্রথমে খড়-বাঁশ দিয়ে এটি তৈরি করা হয়। পরে মাটির দেয়াল দিয়ে বানানো হয় শ্রেণীকক্ষ। আরও পরে ১৯৯৬ সালে পুরাতন জরাজীর্ণ অবকাঠামো ভেঙে সরকার সেখানে তৈরি করে নতুন অবকাঠামো। ১৯ শতক জমির ওপর নির্মিত বিদ্যালয়টিতে বর্তমানে ছাত্রছাত্রীর সংখ্যা ৯১। আগে ছাত্রছাত্রী ছিল অনেক বেশি। বর্তমানে বিদ্যালয়টির পড়াশোনার মান কমে যাওয়ায় শিক্ষার্থীর সংখ্যাও কমে গেছে।বিদ্যালয় সূত্রে জানা গেছে, শিক্ষাপ্রতিষ্ঠানটি এমন এক জায়গায় অবস্থিত যে শিক্ষকেরা এখানে চাকরি করতে চান না। যদিও এখানে নতুন শিক্ষক দেওয়া হয়, দেখা যায় কিছুদিনের মধ্যেই তিনি তদবির করে বদলি হয়ে অন্য জায়গায় চলে যান। তাই বেশির ভাগ সময়ই এক শিক্ষক দিয়ে পুরো বিদ্যালয়ের পাঠদান চালাতে হয়। বর্তমানে বিদ্যালয়ে কাগজে-কলমে শিক্ষক রয়েছেন তিনজন। এর মধ্যে মেহেনাজ আকতার নামে এক শিক্ষক এ বিদ্যালয়ে যোগদান করেই প্রশিক্ষণে চলে গেছেন। এলাকাবাসী জানান, দূরের শিক্ষক এখানে থাকতে চান না। তাই এলাকার বা আশপাশের গ্রামের শিক্ষককে এখানে নিয়োগ দেওয়া হলে এ সমস্যার সমাধান হতে পারে। শিক্ষকসংকটের কারণে এ শিক্ষাপ্রতিষ্ঠানে অভিভাবকেরা তাঁদের সন্তানদের ভর্তি করাতে চান না।বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসলেম উদ্দিন জানান, চিলইল গ্রামে বিদ্যালয় হলেও এখানকার অভিভাবকেরা বিদ্যালয়টিতে তাঁদের সন্তানদের পড়াতে চান না। দুই কিলোমিটার দূরেই কিচক বাজারে ভালো বিদ্যালয়ে ভর্তি করেন। এ গ্রামের বেশির ভাগ ছাত্রছাত্রীই আসে পাশের কানতারা গ্রাম থেকে। বিদ্যালয় থেকে ওই গ্রামের দূরত্ব আধা কিলোমিটারেরও কম। কিন্তু এ সামান্য পথটুকুতে কোনো সড়ক নেই। জমির আইল দিয়ে ছাত্রছাত্রীদের আসা-যাওয়া করতে হয়। বর্ষাকালে এ বিদ্যালয়ে আসতে তাদের কমপক্ষে তিন কিলোমিটার ঘুরে আসতে হয়। তাই বর্ষাকালে এক রকম ছাত্রছাত্রীহীন থাকে বিদ্যালয়টি। সড়কটুকু করে দেওয়ার জন্য বহুবার এখানে-সেখানে বলা হয়েছে। কিন্তু ‘এই হবে, হচ্ছে’ ধরনের আশ্বাস মিলেছে। কিন্তু কাজ হচ্ছে না।সরেজমিনে দেখা গেছে, বিদ্যালয়ের অফিস কক্ষ অরক্ষিত। মানুষ ঢুকতে পারে অতি সহজে। তাই প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে প্রধান শিক্ষককে চিন্তায় থাকতে হয় সব সময়। শ্রেণীকক্ষগুলোর মেঝে নষ্ট হয়ে যাচ্ছে। নষ্ট হয়ে যাচ্ছে জানালাগুলোও। আর শৌচাগারের দরজা নেই। এ বিদ্যালয়ের অনেক ছাত্রছাত্রী আছে, যারা শহীদ মিনার কী তা বোঝে না। এমনকি দেখেনি পর্যন্ত।তা ছাড়া সাধারণ ভূমি থেকে বিদ্যালয়টি বেশ উঁচুতে অবস্থিত। দূর থেকে দেখলে মনে হয় কোনো উঁচু ডিবির ওপর বিদ্যালয়টি অবস্থিত। তাই বর্ষাকালে গ্রামের সাধারণ মানুষ বিদ্যালয়ের বারান্দায় গরু-ছাগল বেঁধে রাখে। বিদ্যালয় কর্তৃপক্ষ বারবার নিষেধ করেও তা বন্ধ করতে পারেনি। সীমানাপ্রাচীর না থাকায় এটা প্রতিরোধ করা যায় না বলে জানা যায়।এ ব্যাপারে চিলইল গ্রামের বাসিন্দা উপজেলা ঘাতক দালাল নির্মূল কমিটির আহ্বায়ক নূরুল আমিন সেকেন্দার বলেন, ‘আমরা এ বিদ্যালয়ে পড়াশোনা করে বড় হয়েছি। আগে এ বিদ্যালয়ের সুনাম ছিল অনেক। কিন্তু এখন বিভিন্ন সমস্যায় সে সুনাম ক্ষুণ্ন হয়ে পড়েছে। বিভিন্ন সমস্যা বিদ্যালয়ে। এসব সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হলে বিদ্যালয়টি আবার আগের মতো শিক্ষাক্ষেত্রে অবদান রাখতে পারবে।’এলাকার চেয়ারম্যান (কিচক ইউনিয়ন) আফছার আলী জানান, তিনি বিদ্যালয়টি উন্নয়নে বরাবরই আন্তরিক। তাঁর সাধ্যের মধ্যে সব ধরনের সহযোগিতা তিনি করে যান। ভবিষ্যতে এ বিদ্যালয়ের উন্নয়নে যেকোনো ধরনের সহযোগিতা করতে তিনি প্রস্তুত।উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাফিয়া আকতার জানান, তিনি বিদ্যালয়টির উন্নয়নের জন্য ওপর মহলে লিখেছেন।উপজেলা চেয়ারম্যান মীর শাহে আলম জানান, বিদ্যালয়টি উন্নয়নে যেকোনো ধরনের সহযোগিতার প্রয়োজন হলে তা তিনি করবেন।এলাকার সাংসদ এ কে এম হাফিজুর রহমান জানান, শিক্ষাপ্রতিষ্ঠানটিতে যেসব সমস্যা রয়েছে, তা একে একে সমাধানের জন্য তিনি সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেবেন।