‘এইডা ঈদ শুভেচ্ছা, না নির্বাচনের শুভেচ্ছা !’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাটে, বাজারে, রাস্তার মোড়ে, চায়ের দোকানে ও স্কুলের দেয়ালে, বিদ্যুতের খুঁটিতে, মার্কেটের দর্শনীয় স্থানে, গাছে—যেদিকে চোখ যায়, শুধু ঈদের শুভেচ্ছার পোস্টার। এ দৃশ্য মাদারীপুর জেলার শিবচরের পৌর এলাকাসহ বিভিন্ন ইউনিয়নে। সরেজমিনে দেখা গেছে, ঈদের আনন্দের সঙ্গে সঙ্গে নির্বাচনী আমেজেও বিভিন্ন এলাকা মুখরিত হয়ে উঠেছে। উপজেলার বিভিন্ন ইউনিয়নের চায়ের দোকানগুলোতে দেখা যায়, একসঙ্গে জড়ো হয়ে সবাই ঈদের শুভেচ্ছা বিনিময় ও নির্বাচনী আলাপচারিতায় ব্যস্ত।এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, আগামী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন ও পৌর নির্বাচনকে কেন্দ্র করে এত শুভেচ্ছার ছড়াছড়ি। শুধু পোস্টারের মাধ্যমেই শুভেচ্ছা নয়, কোরবানির ঈদ উপলক্ষে চলছে খাওয়াদাওয়ার ধুম। মাদবরচর ইউনিয়নের আম্বিয়া বেগম বলেন, ‘গত বছর ঈদের সময় তো এত ঈদ শুভেচ্ছা দিতে দেহি নাই। এহন সামনে নির্বাচন আইতাছে তো, ঈদ শুভেচ্ছার হিড়িক পইড়া গেছে। এইডা ঈদ শুভেচ্ছা, না নির্বাচনের শুভেচ্ছা !’ ব্যবসায়ী ফারুক মিয়া বলেন, একবার নির্বাচন হয়ে গেলে আর কেউ ঈদের শুভেচ্ছা জানায় না। সামনে পৌর নির্বাচন আর ইউপি নির্বাচন তো, তাই এলাকার হাটবাজার, পাকা ঘরের দেয়াল, বিদ্যুতের খুঁটি এমনকি গাছেও ঈদের শুভেচ্ছার ছড়াছড়ি। চায়ের দোকানদার সোবাহান বলেন, ‘ঈদের আগ থিকা এই পর্যন্ত গত কয়েক দিনে অনেক টাহার চা আর ঠান্ডা পানীয় বেচছি। এলাকার লোকজনের আলাপচারিতায় মনে হয়, এহন থিকাই নির্বাচনের হাওয়া শুরু হইয়া গেছে।’পোস্টার ছাপানো নিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী একজন জানান, দুই-তিন মাস পরেই তো ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে। আর ঈদের সময় এলাকার সবাই যার যার কর্মস্থল থেকে ঈদ করতে বাড়ি আসে। তাই পোস্টার ছাপিয়ে এলাকাবাসীকে ঈদের শুভেচ্ছা জানানো হয়েছে।