‘এইবার মনে হয় হামরা পথত বসমো’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তারাগঞ্জ উপজেলার মেনানগর গ্রামের কৃষক আবদুল জব্বার। গত রবি মৌসুমে গ্যানুলা জাতের আলু লাগিয়েছিলেন ৬০ শতাংশ জমিতে। সবকিছু বাবদ তার খরচ হয় ৪০ হাজার টাকা। সেখান থেকে আলু পান ৬০ বস্তা। বেশি দাম পাওয়ার আশায় তিনি সেই আলু স্থানীয় একটি হিমাগারে বস্তাপ্রতি ২৫০ টাকায় ভাড়ায় রাখেন। পাশাপাশি হিমাগার থেকে ঋণ নেন প্রতি বস্তার বিপরীতে ২০০ টাকা, যা দিয়ে আরও ২০ বস্তা আলু বাজার থেকে কিনে হিমাগারে রাখেন। কিন্তু আলুর বাজারে ধস নামায় তিনি পড়েছেন বিপাকে। বর্তমান ৮৪ কেজি প্রতি বস্তা সাদা আলুর বাজার দাম ৪৫০ থেকে ৫০০ টাকা। তবু ক্রেতা নেই। অথচ গত বছর একই আলু এই সময় দুই হাজার থেকে দুই হাজার ২০০ টাকা পর্যন্ত বস্তাপ্রতি বিক্রি হয়েছে। এখন হিমাগারে আলু বের করতে গেলে বস্তাপ্রতি ভাড়া ২৫০ টাকা ও ঋণের ২০০ টাকাসহ মোট ৪৫০ টাকা পরিশোধ করতে হবে। এ কারণে তিনি হিমাগার থেকে আলুই বের করতে পারছেন না। আলুর বাজারে ধস নামায় তাঁর মতো উপজেলার শত শত আলু চাষি ও ব্যবসায়ী বিপাকে পড়েছেন। তাঁরা হিমাগার থেকে এখন আর আলু বের করছেন না। এতে হিমাগার মালিকেরাও পড়েছেন বেকায়দায়। তারাগঞ্জ উপজেলার দুটি হিমাগারে প্রায় দুই লাখ বস্তা আলু অবিক্রি অবস্থায় রয়েছে। উত্তরপাড়া গ্রামের চাষি মজনু মিয়া বলেন, ‘ভাইজান এইবার মনে হয় হামরা পথত বসমো । বাজারোত আলুর দাম নাই, কোল্ডস্টোরেজও ক্রেতা নাই, আলু নিয়া হামরা খুব বিপদে আছি।’ ফকিরপাড়া গ্রামের কৃষক মোসলেম উদ্দিন বলেন, ‘এইবার চার বিঘায় ২৭১ মণ সাদা আলু পাছনু। ১০ মণ খাবার থুইয়া বাকিগুলা কষ্ট করি কোল্ডস্টোরেজে ঢুকি থুছুন। এলা বেচবার চায়ছুন, তা ক্রেতা পায়ছুন না।’ দোলাপাড়া গ্রামের কৃষক আইনুল হক বলেন, ‘এক বস্তা সাদা আলু আবাদ করতে খরচ হইছে ৫০০ টাকা। কোল্ডস্টোরেজের ভাড়া ২৫০ টাকা, বস্তা কিনবার নাকছে ৬০ টাকা, রিকশা ভাড়া দিবার নাকছে প্রতি বস্তা ৩০ টাকা। এখন ফির সেই আলু বিক্রি করিবার নাগেছে ৫০০ টাকায়।’ খালেক হিমাগারের ম্যানেজার বাচ্চা মিয়া জানান, এবার এখন পর্যন্ত আলু তেমন বিক্রি হয়নি। বিপুল পরিমাণ আলু এখনো হিমাগারে রয়েছে। সিন্হা হিমাগারের ম্যানেজার রিফাদ জানান, তাদের এক লাখ ৩০ হাজার বস্তার আলুর মধ্যে মাত্র ছয় থেকে সাত হাজার বস্তা বের হয়েছে। অন্য বছর এ সময় হিমাগারের অর্ধেকেরও বেশি আলু বিক্রি হয়ে যেত। উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল ওয়াজেদ বলেন, আলুর বাম্পার ফলনের কারণে এ বছর আলুর বাজারে ধস নেমেছে। চাষিরা হিমাগারে আলু রাখার জায়গা না পাওয়ায় বাড়িতে বিশেষ পদ্ধতিতে সংরক্ষণ করেছিলেন আলু। সেই আলুই তাঁরা এখন বাজারে বিক্রি করছেন। ব্যবসায়ীরা কম দামে ও সহজে হাট-বাজারে আলু পাওয়ায় আর হিমাগারে ছুটছেন না।