‘এক টুকরো আলো’র গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংগঠনের নাম ‘এক টুকরো আলো’। এর সদস্য এখন ৫০ জন। আহ্বায়ক তাহমিদ জাহিন ষষ্ঠ শ্রেণীর ছাত্র। সে ছাড়া সংগঠনের সবাই সুবিধাবঞ্চিত শিশু। মাটির ব্যাংকে পয়সা জমিয়ে তারা সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করে। সদস্যদের জন্য ঈদের উপহার কেনে। রাজশাহী নগরের পঞ্চবটি এলাকার হজরত খাজা শাহ সুফি (রহ.) উচ্চবিদ্যালয় ও পার্শ্ববর্তী আরও কয়েকটি সুবিধাবঞ্চিত বিদ্যালয়ের শিশুদের সংগঠন এটি। তাহমিদ জাহিন একটি ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের ছাত্র। তার মা আইরিন রসুল হজরত খাজা শাহ সুফি (রহ.) উচ্চবিদ্যালয়ের একজন শিক্ষক। এই বিদ্যালয়ের সব শিশুই সুবিধাবঞ্চিত পরিবার থেকে আসা। প্রতি শনিবার তাহমিদের বিদ্যালয় বন্ধ থাকে। সপ্তাহের ওই দিনটা সে মায়ের সঙ্গে যায়। ছোট্ট তাহমিদ খেয়াল করে, তার বিদ্যালয়ের সহপাঠীরা সবাই উচ্চবিত্ত পরিবার থেকে আসা, আর তার মায়ের বিদ্যালয়ের বাচ্চাগুলোর ভালো জামাকাপড় নেই। ওরা ঠিকমতো খেতে পায় না। চতুর্থ শ্রেণীতে পড়ার সময়ই তাহমিদ ওদের জন্য মাটির ব্যাংকে পয়সা ফেলতে শুরু করে। আর মাকে দিয়ে ওই বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর বাচ্চাদের জন্ম-তারিখ সংগ্রহ করে। এরপর তার মাটির ব্যাংকে জমানো পয়সা দিয়ে জন্মদিনের ছোট ছোট উপহার কিনে নিয়ে বিদ্যালয়ে হাজির হয়। জন্মদিনের সামান্য উপহার পেয়েই ওই বাচ্চারা ভীষণ খুশি হয়। তখনই এসব সুবিধাবঞ্চিত বাচ্চাদের নিয়ে তাহমিদ ‘এক টুকরো আলো’ সংগঠনটি গড়ে তোলে।আইরিন রসুল জানান, বাচ্চার এসব কাণ্ড দেখে তাঁরাও অভিভূত হন। একপর্যায়ে তাঁরাও তাকে সহযোগিতা করতে শুরু করেন। এবার ঈদ উপলক্ষে ৬ সেপ্টেম্বর রাজশাহীতে ‘এক টুকরো আলো’ একটি ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করেছিল। সংগঠনের আহ্বায়ক তার মাটির ব্যাংকে জমানো, টিফিনের বাঁচানো পয়সা এবং আত্মীয়স্বজনের কাছ থেকে সংগ্রহ করা টাকা দিয়ে দুধ, চিনি, সেমাই ও ১০০ ঈদের নতুন জমা কিনে। এগুলো আনুষ্ঠানিকভাবে সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে বিতরণ করা হয়। নগরের হজরত খাজা শাহ সুফি (রহ.) উচ্চবিদ্যালয় মাঠে এই অনুষ্ঠানে আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের চেয়ারম্যান মো. আবদুল খালেক। তিনি এই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা। অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন আজাদী পারভীন, আবদুস সালাম, মনিরা রহমান, আবদুল মান্নান প্রমুখ।