সকালে সেন্ট যোসেফ স্কুলে গিয়ে জানলেন, এই বাংলাদেশেও তাঁকে নিয়ে অনেক আগ্রহ। দুপুরে রূপসী বাংলা হোটেলে এয়ারটেল রাইজিং স্টারস ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে থেকেও নিশ্চয়ই বুঝেছেন ফুটবলের প্রতি এ দেশের মানুষের আগ্রহ। ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক দক্ষিণ আফ্রিকান ফুটবলার কুইন্টন ফরচুন বলেছেন তাঁর ফুটবলার হয়ে ওঠার গল্প স্কুলের ছেলেদের সঙ্গে ফুটবল খেলে কেমন লাগল?কুইন্টন ফরচুন: অসাধারণ। অনেক ছেলেই দেখলাম খুব ভালো খেলে। এখানে এসে তো অনেক ভক্তও পেয়ে গেলেন!ফরচুন: হ্যাঁ, সবাই অটোগ্রাফ চাচ্ছে...তবে এ রকম অভিজ্ঞতা আগেও হয়েছে। ‘এয়ারটেল রাইজিং স্টারস’ থেকে বাছাই করা ছেলেদের মাত্র এক সপ্তাহের ক্যাম্পে ম্যানচেস্টার ইউনাইটেডে নেওয়া হবে। এক সপ্তাহ সময় কি যথেষ্ট?ফরচুন: আমি তো মনে করি এক দিনই যথেষ্ট। আসল কথা হলো, মনের মধ্যে স্বপ্নের বীজটা বুনে নেওয়া। ছেলেরা সেখানে গিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের আবহ দেখবে। অ্যালেক্স ফার্গুসনকে দেখবে, দেখবে রুনি অনুশীলন করছে...। আমার বিশ্বাস, অবিশ্বাস্য সব অভিজ্ঞতা হবে। সেখান থেকে তারা বড় ফুটবলার হওয়ার স্বপ্ন নিয়ে আসবে। ফুটবলার জীবনের শুরু কীভাবে?ফরচুন: স্কুল দল, স্থানীয় ক্লাব দল, আঞ্চলিক দল—আমি সব জায়গাতেই খেলেছি। কেউ ডাকলেই খেলতে চলে যেতাম। তবে আমার গল্পের শুরু ১৯৯১ সালে। বয়স তখন মাত্র ১৪ বছর। কোনো একটা ম্যাচে আমার খেলা দেখে স্থানীয় এক ফুটবলার আমাকে ইংল্যান্ডে নেওয়ার অনুমতি চায় বাবা-মার কাছে। তিনি নিজেও ইংল্যান্ডে খেলতেন। ম্যানচেস্টার ইউনাইটেডে গেলেন কীভাবে?ফরচুন: ইংল্যান্ডে এসে আমি টটেনহাম হটস্পারের জুনিয়র দলে যোগ দিই। আমার দেখভালের দায়িত্ব ছিল স্থানীয় একটা পরিবারের। তারা আমাকে স্কুলে নিয়ে যেত, খাওয়াত। বিনিময়ে ক্লাব আমাকে টাকা দিত। আমি প্রতিদিন স্কুলে যেতাম, অনুশীলন করতাম। দক্ষিণ আফ্রিকায় থাকলে হয়তো এ রকম সুযোগ পেতাম না। টটেনহামে কখনো বড়দের দলে খেলা হয়নি। চার বছর থাকার পর চেলসিতে যাই। কিন্তু ওয়ার্ক পারমিট না পাওয়ায় খেলতে পারিনি, চলে যাই স্পেনে। অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে পাঁচ বছর খেলার পর ১৯৯৯ সালে পেশাদার এজেন্টের মাধ্যমে চুক্তি করে চলে আসি ম্যানচেস্টার ইউনাইটেডে। ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে এখনো কীভাবে সম্পৃক্ত আপনি?ফরচুন: ২০০৬ সালে খেলা শেষ করেছি। এরপর থেকে কাজ করছি এই ক্লাবের দূত হিসেবে। তাদের প্রচার-প্রচারণার সঙ্গে সম্পৃক্ত আছি। ট্রেনিংয়েও থাকি নিয়মিত। তাই আমি জানি, এই ছেলেরা কী দারুণ অভিজ্ঞতার স্বাদ পেতে যাচ্ছে। ‘এয়ারটেল রাইজিং স্টারস’-এ অংশ নিতে যাওয়া নবীন ফুটবলারদের উদ্দেশে কিছু বলুন...ফরচুন: ওরা অনেক ভাগ্যবান। ম্যানচেস্টার ইউনাইটেডের ট্রেনিং গ্রাউন্ড ক্যারিংটন পর্যন্ত যেতে আমাকে অনেক কষ্ট করতে হয়েছে। আর ওরা সরাসরি ওখানে যাওয়ার সুযোগ পাচ্ছে। ওরা গিয়ে দেখবে, বেকহাম-গিগসরা কোথায় খেলে বড় হয়েছে। এখান থেকে যে ছেলেরা নির্বাচিত হয়ে যাবে, দারুণ অভিজ্ঞতা হবে তাদের।