‘এক দিনেই কেউ বিশ্বসেরা হয় না’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এই উপমহাদেশের সর্বশেষ বিশ্বকাপেই ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ছিলেন। ১৫ বছর পর আবারও যখন এ অঞ্চলে বিশ্বকাপ, তিনি ফিরে এলেন ম্যানেজারের ভূমিকায়। কলকাতার একটি ইংরেজি দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে রিচি রিচার্ডসন বললেন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে খেলোয়াড় ছিলেন, অধিনায়ক ছিলেন। এখন ম্যানেজার। সব ভূমিকাতেই তো দেখা যাচ্ছে আপনাকে!রিচার্ডসন: (হেসে) তা ঠিকই বলেছেন। দলের সঙ্গে থাকতে পারা আসলেই আনন্দের। দুই বছরের চুক্তি হয়েছে বোর্ডের সঙ্গে। দলের হয়েই ভারত সফর করতে পেরে ভালো লাগছে। এখানে অনেক স্মরণীয় স্মৃতি আছে আমার। এখানে আমার অভিষেক হয়েছিল, মুম্বাইয়ে। ওয়েস্ট ইন্ডিজের হয়ে শেষ ম্যাচটাও খেলেছি এখানে, মোহালিতে। নতুন এই ভূমিকায় থিতু হতে কতটা সময় লেগেছে?রিচার্ডসন: প্রথম দিকে অস্বস্তি হতো। এখন মানিয়ে নিয়েছি। এটিকে আমি ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটে অবদান রাখার সুযোগ হিসেবেই দেখি। আর আমি নিজের সেরাটাই দিতে চাই। অধিনায়ক হিসেবে আপনার অভিজ্ঞতাও নিশ্চয়ই থিংক ট্যাংকের কাজে লাগছে?রিচার্ডসন: আশা করি। ব্যাটসম্যান হিসেবে আমি সব সময়ই ছিলাম ইতিবাচক দৃষ্টিভঙ্গির। মানুষ হিসেবেও তা-ই। খেলোয়াড়দের সঙ্গে যখন কথা বলি, তাদেরও ইতিবাচক থাকার পরামর্শ দিই। আত্মবিশ্বাসী হতে, নিজের ওপর আস্থাটা উঁচুতে রাখতে বলি। যখন খেলতে শুরু করেছিলেন, ওয়েস্ট ইন্ডিজের স্বর্ণযুগ ছিল। এখন তো পরিস্থিতি অন্য রকম। খারাপ লাগে না?রিচার্ডসন: আমাদের যখন পতন শুরু হলো, সেই পরিস্থিতিটাই ছিল সবচেয়ে বেদনাদায়ক। ক্রিকেটের কর্তাব্যক্তিরা মোটেও ভালো কিছু করছিলেন না। রাতারাতি কেউ যেমন বিশ্বসেরা হতে পারে না, তেমনি রাতারাতি বিশ্বের সবচেয়ে খারাপ দলও হয়ে যায় না। এটা অনেক দীর্ঘ সময় ধরে হয়। তাই সতর্কঘণ্টা কিন্তু আগে থেকেই বাজতে থাকে। সেই সময়ই আপনার সতর্ক হওয়া উচিত, পদক্ষেপ নেওয়া উচিত। আপনাকে সমস্যা চিহ্নিত করে সে অনুযায়ী কাজ করতে হবে। ওয়েস্ট ইন্ডিজ কি ধরেই নিয়েছিল, এই রাজত্ব চিরকাল থাকবে?রিচার্ডসন: অবশ্যই। আমরা ধরেই নিয়েছিলাম, চিরকালই বিশ্বসেরা হয়ে থাকব। চিরকালই বিশ্বসেরা সব খেলোয়াড় উঠে আসবে। হ্যাঁ, নতুন নতুন প্রতিভা উঠে আসছিল। কিন্তু প্রত্যাশিত হারে নয়। দেরিতে হলেও এখন ক্রিকেট কর্তারা পরিকল্পনা করছেন সামনে এগিয়ে যাওয়ার। অবকাঠামো গড়ে তোলা হচ্ছে। সেরা হয়ে উঠতে পরিকল্পনা করা হচ্ছে।  ড্যারেন স্যামিকে অধিনায়ক হিসেবে নির্বাচন আমাদের বিস্মিত করেছিল। আপনার প্রতিক্রিয়া কী ছিল?রিচার্ডসন: বলব না আমি বিস্মিত হয়েছিলাম। আমার দৃষ্টিতে ও বরং কাজটা ভালোমতোই করছে। অধিনায়কদের কী কী গুণ থাকা উচিত বলে মনে করেন?রিচার্ডসন: খেলাটা সম্পর্কে আপনার যদি যথেষ্ট জ্ঞান না থাকে, তাহলে এই আসনে বসাই উচিত নয়। পরিস্থিতি অনুধাবন করতে হবে, সেই অনুযায়ী সিদ্ধান্ত নিতে হবে। এটাই শেষ নয়। আপনাকে ভালো পারফরমার হতে হবে। দলের ওপর কর্তৃত্ব আর শ্রদ্ধা আদায় করে নেওয়ার ক্ষমতা থাকতে হবে। সবচেয়ে বড় কথা, আপনাকে হতে হবে বুদ্ধিদীপ্ত। চাপও তো আছে।রিচার্ডসন: তা আছে। সেটিকে কীভাবে সামলানো হচ্ছে, সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এমনও কিছু কিছু সময় আছে, যখন আপনাকে দায়িত্বটা ছেড়ে দিয়ে সামনে এগিয়ে যেতে হবে। চাপমুক্ত হওয়ার সবচেয়ে বড় দাওয়াই হলো মাথা ঠান্ডা রাখা। চাপের মুখে আপনি কী করলেন, সেটা কিন্তু অনেক বড় ব্যবধান গড়ে দিতে পারে। অধিনায়কত্ব কি আপনার ব্যাটিংয়ে প্রভাব ফেলেছিল?রিচার্ডসন: এখনকার অধিনায়কেরা যেমন সহযোগিতা পায়, আমার সময় তো আর সেসব ছিল না। স্থায়ী কোচ, অ্যানালিস্ট ছিল না। এখন তো সাপোর্ট স্টাফদের আকারটাই অনেক বড়। তখন সব কাজ এক রকম আমাকেই করতে হতো। এ কারণে নিজের ব্যাটিং নিয়ে কাজ করার জন্য বেশি সময় দিতে পারিনি। এর খেসারত কিছুটা তো দিতেই হয়েছে। সফল হওয়ার সূত্র কী?রিচার্ডসন: প্রতিভা, সঠিক পরিবেশ, সঠিক অবকাঠামো। তরুণদের তুলে আনা।