সিলেটের ফুটবল একাডেমির জন্য দেশব্যাপী চলছে খুদে ফুটবলার বাছাই কার্যক্রম। পুরো প্রক্রিয়াটির সমন্বয়কের দায়িত্ব পালন করছেন বাফুফের ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান বাদল রায়। ফুটবলার গড়ার ভবিষ্যৎ কারখানা নিয়ে দারুণ আশাবাদী বাফুফের সহসভাপতি খুদে খেলোয়াড়দের বাছাই কার্যক্রমে কেমন সাড়া পাচ্ছেন?বাদল রায়: প্রচুর সাড়া পাচ্ছি। এই প্রথম এমন একটা উদ্যোগ নেওয়া হয়েছে যেখানে সারা দেশের উপজেলা পর্যায় থেকে খেলোয়াড় বাছাই শুরু করেছি। আমরা দায়িত্ব দিয়েছি জেলা ফুটবল অ্যাসোসিয়েশনকে (ডিএফএ)। জেলার সবার সঙ্গে আমাদের কথা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা প্রশাসক, সবাই খুব সাড়া দিয়েছেন। তা ছাড়া আমি দেখেছি, যেখানে ভালো প্রচার হয়েছে সেখানে অনেক বেশি খেলোয়াড় এসেছে। কোনো কোনো উপজেলায় ৩০০ খেলোয়াড়ও এসেছে। সব উপজেলায় কি যেতে পেরেছেন?বাদল: কোচরা প্রতিটি উপজেলায় যাওয়ার চেষ্টা করেছেন। তবে সব জায়গায় যাওয়া তো সম্ভব হয়নি, ৮৫ শতাংশ উপজেলায় যেতে পেরেছি। কেন সব জায়গায় যেতে পারেননি?বাদল: ১০-১৫টি প্রত্যন্ত অঞ্চল আছে যেখানে যাওয়া যাবে না। কিন্তু সেখানকার আয়োজকেরা প্রস্তুত। ওখানকার ডিএফএ কর্মকর্তারা বলছেন, অনেকের মাঠই নেই। যেমন তিতাস নতুন একটা উপজেলা। ওখানে এখনো মাঠ হয়নি। ওরা দাউদকান্দিতে এসে বাছাই সেরেছে। গাজীপুর, চুয়াডাঙ্গা ও রাজশাহীতে তো আপনারা বাছাই করেননি?বাদল: ওখানে আমরা করতে পারিনি, এ জন্য খারাপ লাগছে। কারণ কোনো ডিএফএ নেই। তবে ওই তিনটি জেলা থেকে অনেকে আমাদের চিঠি দিয়েছেন। রাজশাহীর বিভাগীয় কমিশনার খুব অনুরোধ করেছেন। এ ক্ষেত্রে বিশেষ কোনো চিন্তাভাবনা আছে? বাদল: যেহেতু ওদের কোনো বৈধ কমিটি নেই, তাই আমরা ওদের সাড়া পাওয়ার পর কমিটি করার চেষ্টা করছি। পরে ওদের সুযোগ দেব। ফুটবলার বাছাইয়ের ক্ষেত্রে কোন কোন বিষয়কে প্রাধান্য দিয়েছেন?বাদল: আমরা সবার আগে দেখছি উচ্চতাসম্পন্ন খেলোয়াড়। যাদের শরীরের গড়ন ভালো, একটু দ্রুতগতির খেলোয়াড়—এদের প্রাধান্য দিচ্ছি। সঙ্গে হেডিং, শুটিং, স্কিল, টেকনিকগুলোও দেখছি। চূড়ান্ত বাছাই তো ফিফার কর্মকর্তারাই করবেন?বাদল: হ্যাঁ। ফিফা থেকে একটা কোচিং স্টাফ আসবে। তাঁরা প্রথমে বেসিক ট্রেনিং দেবে। ওই বেসিক পর্যায়ের কোচিং থেকেই পর্যায়ক্রমে আমরা ওপরের ধাপে নিয়ে যাবে। বাছাইপ্রক্রিয়ায় কি পক্ষপাত বা স্বজনপ্রীতি হচ্ছে? বাদল: এখন পর্যন্ত আমার কাছে এ নিয়ে কোনো অভিযোগ আসেনি। তবে খেলোয়াড়দের প্রতিভা উনিশ-বিশ হলে আপত্তি নেই। স্বচ্ছতা বজায় রেখেই ৬০ জন খেলোয়াড় নেওয়া হবে। আমি শতভাগ নিশ্চয়তা দিতে পারি, এক ফোঁটাও স্বজনপ্রীতি হবে না। যদি কোনো জেলায় ভালো মানের অনেক ফুটবলার পাওয়া যায় সে ক্ষেত্রে কী করবেন?বাদল: সেসব ক্ষেত্রে বলা আছে, যদি কোনো এক্সট্রা অর্ডিনারি খেলোয়াড় পাওয়া যায় তাহলে যেন আলাদা করে নোট রাখা হয়। তাদের পরে সুযোগ দেওয়া হবে। এই বছর হয়েই এটা শেষ হয়ে যাবে না তো?বাদল: এটা একটা চলমান প্রক্রিয়া। আশা করি, এর ধারাবাহিকতা থাকবে। এটা নিয়ে আমি আশাবাদী। কারণ একটা ভালো স্কুলে ভর্তি হলে তার ফলও ভালো হয়। ক্যাডেট কলেজে কেউ কিন্তু ফেল করে না। এখানেও সে রকম হবে। তবে কে ভালো আর কে স্টার হবে, সেটা পরে বোঝা যাবে।