‘এক বছর বয়সে বিকেএসপিতে আসি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরপর দুটি টুর্নামেন্টে অতিরিক্ত খেলোয়াড় তালিকায় ছিলেন। জাতীয় দলে অবশেষে সুযোগ পেলেন ২০ বছর বয়সী ডিফেন্ডার। আগামী মাসেই দিল্লিতে বিশ্ব হকি লিগের দ্বিতীয় রাউন্ড। এই প্রতিযোগিতায় ভালো খেলে দলে টিকে থাকতে চান রোকনুজ্জামান (সোহাগ) টানা তৃতীয় টুর্নামেন্টে আর অতিরিক্ত তালিকায় থাকতে হলো না। কাল (পরশু) দল ঘোষণার আগে খুব কি অস্থিরতার মধ্যে ছিলেন?রোকনুজ্জামান: অনেক অস্থির লাগছিল। সারাক্ষণই ভাবতাম, এবার সুযোগ পাব তো? সিঙ্গাপুরে এশিয়ান হকি ফেডারেশন কাপ এবং ব্যাংককে বিশ্ব হকি লিগের প্রথম রাউন্ডে স্ট্যান্ডবাই ছিলাম। বারবারই মনে হতো, চূড়ান্ত দলে কবে যে আমাকে নেওয়া হবে। আল্লাহর রহমতে সেই আক্ষেপটা শেষ হয়েছে।  আপনি তো বিকেএসপি থেকে উঠে এসেছেন। এই সিঁড়িটা নিশ্চয়ই আপনাকে অনেক দূর এগিয়ে দিয়েছে?রোকনুজ্জামান: এটা তো বলার অপেক্ষাই রাখে না। সবাই জানে, বিকেএসপি হকির কারখানা। অনেক যত্ন করে সেখানে হকি শেখানো হয়। তবে জাতীয় দলে খেলার যোগ্য করে নিজেকে গড়ে তুলতে পরিশ্রম করতে হয়েছে। একটা সুবিধা হয়েছে, আমি ছোটবেলা থেকেই বিকেএসপিতে থাকতাম। সেখানে আমাদের বাসা। বাসার পাশে হকি মাঠ। ওই মাঠে হকি দেখতে দেখতেই হকির প্রতি ভালোবাসা জন্মে।  আপনাদের পুরো পরিবারই কি বিকেএসপিতে থাকে? রোকনুজ্জামান: হ্যাঁ, আমাদের বাড়ি পাবনা হলেও বাবা বিকেএসপির একজন চাকুরে। সেই সূত্রে তিনি বাসা পেয়েছেন বিকেএসপির মধ্যেই। মাত্র এক বছর বয়সে আমি বিকেএসপিতে আসি। বিকেএসপিতেই কেটেছে আমার পুরো শৈশব-কৈশোর। আমরা দুই ভাই, ছোট ভাইও বিকেএসপিতে হকির ছাত্র।  বিকেএসপিতে আপনার সতীর্থ মিমো, নিলয়রা আগেই জাতীয় দলে সুযোগ পেয়েছেন। আপনার দেরি হলো কেন?রোকনুজ্জামান: এটার কারণ আমি জানি না। আমি ছোটবেলা থেকেই হকি প্রতি দুর্বল ছিলাম। বিকেএসপির হকি কোচ নুরুল ইসলাম স্যার আমাকে হকিতে আনেন। তিনি আমার গুরু। ২০০৩ সালে হকিতে পরীক্ষা দিয়ে সুযোগ পাইনি। পরের বছর ওই হকিতেই সুযোগ পাই বিকেএসপিতে ভর্তি হওয়ার। যা-ই হোক, দেরিতে সুযোগ পেলেও আমি এখন ভীষণ খুশি।  এমন কোনো খেলোয়াড় আছেন, যাঁকে ছোটবেলায় খুব ভালো লাগত আপনার?রোকনুজ্জামান: আমি যখন খুব ছোট, বিকেএসপিতে চন্দন, জিমি, জাহিদ ভাইদের খেলা দেখতাম। ওনাদের দেখেই আসলে খেলার প্রতি উৎসাহটা বেড়ে যায়। ওনাদের অনেক সহযোগিতা পেয়েছি। আমাকে হাত ধরে অনেক কিছু শিখিয়েছেন এই বড় ভাইয়েরা। এখন তো এই খেলোয়াড়দের সঙ্গেই জতীয় দলে খেলবেন। নিশ্চয়ই খুব উদ্দীপ্ত হয়ে আছেন?রোকনুজ্জামান: আমার আসলে প্রতীক্ষা আর সইছে না। জাতীয় দলের জার্সি পরব, বুকে লাল-সবুজ লোগো থাকবে, এত দিন বাইরে থেকে এই স্বপ্ন দেখতাম। এবার মূল দলে খেলব, আমার স্বপ্নপূরণ হয়েছে। ২০১০ সালে বিকেএসপির ছাত্রত্ব শেষ করে আমি আবাহনীতে খেলেছি। বড় প্লেয়ারদের সঙ্গে খেলার অভিজ্ঞতা আমার আছে।  ডিফেন্ডার হলেন কেন?রোকনুজ্জামান: নুরুল ইসলাম স্যার আমাকে শুরুর দিকে মাঝখানে খেলাতেন। পরের দিকে রাইটব্যাকে। এ পজিশনটা আমার খুব পছন্দ। আক্রমণে ওঠা যায়। আক্রমণ করতে আমার ভীষণ ভালো লাগে।