‘এক শিশু’নীতি অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করেছে: চীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক শিশু নীতির কারণে চীনের ওপর থেকে বাড়তি জনসংখ্যার চাপ কমানো সম্ভব হয়েছে এবং অর্থনৈতিক গতি বেড়েছে। চীন সরকার এ দাবি করেছে বলে আজ রোববার ‘টাইমস অব ইন্ডিয়া’র খবরে বলা হয়েছে।চীনে ১৯৮০ সাল থেকে এক শিশু নীতি অবলম্বন করে আসছে দেশটির সরকার। জনসংখ্যার আধিক্য কমাতে এবং দেশের অর্থনৈতিক উন্নয়নের গতি ত্বরান্বিত করতে আশির দশকে চীন এই নীতি গ্রহণ করে। এই নীতি অনুযায়ী শহরে বসবাসকারী দম্পতিরা একের অধিক সন্তান নিতে পারবেন না। তবে গ্রামীণ পরিবার ও নৃ-গোষ্ঠীগত সংখ্যালঘুদের ক্ষেত্রে এ নীতি খানিকটা শিথিল করা হয়। গ্রামীণ পরিবারে কারও যদি প্রথম সন্তান কন্যাশিশু হয়, তবে সে ক্ষেত্রে তারা দ্বিতীয় সন্তান নিতে পারবে। এসব শর্ত যারা লঙ্ঘন করবে তাদের অবশ্যই জরিমানা দিতে হবে। এ থেকে চীন লাভবান হয়েছে বলে সরকারের তরফ থেকে দাবি করা হয়। বহু দিন ধরেই নানা মহল থেকে এক শিশু নীতি বাতিলের দাবি উঠছে। এ ছাড়া কিছু মানবাধিকার সংগঠন শুরু থেকেই এ নীতির কঠোর সমালোচনা করে আসছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সামনে এসেছে, তা হলো—এই নীতির কারণে চীনে দিনে দিনে শ্রমিকের সংখ্যা কমে আসছে।এদিকে এ বছরের শুরুর দিকে চীনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত তথ্যে দেখা গেছে, ১৯৭১ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত এভাবে কম সন্তান গ্রহণ নীতি বহাল রাখতে গিয়ে ৩২ কোটি ৮৯ লাখ গর্ভপাতের ঘটনা ঘটেছে।গত রোববার সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো নয়, এ নীতি বাতিল করার কোনো সুযোগ নেই। চীনের মন্ত্রিসভার স্টেট কাউন্সিলের সেক্রেটারি জেনারেল মা কাই বলেছেন, পরিবার পরিকল্পনা নীতিতে ইতিবাচক পরিবর্তন আনা হবে।এর আগে রাজধানী বেইজিংয়ে অনুষ্ঠিত জাতীয় আইন পরিষদের সভায় বিতর্কিত এক সন্তান নীতি ও পরিবার পরিকল্পনা ব্যবস্থায় পরিবর্তন আনার ঘোষণা দেওয়া হয়।