‘এক সন্তান নীতির’ শিশুরা হতাশাপ্রবণ!
চীনে ‘এক সন্তান নীতির’ অধীনে জন্ম নেওয়া শিশুরা তুলনামূলকভাবে কম প্রতিযোগিতামূলক মনোভাবের অধিকারী। প্রতিকূলতা মোকাবিলায়ও তারা ঝুঁকিপূর্ণ। একই সঙ্গে তারা হতাশাপ্রবণ।সাম্প্রতিক এক সমীক্ষার ফলাফল বিষয়ক প্রতিবেদনে এই দাবি করা হয় বলে গতকাল শুক্রবার টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে উল্লেখ করা হয়। গবেষকদের এই সমীক্ষা বিষয়ক নিবন্ধ সায়েন্স সাময়িকীতে প্রকাশিত হয়।জনসংখ্যা বেশি হওয়ায় চীনে ১৯৭৯ সালে বিতর্কিত ‘এক সন্তান নীতি’ কার্যকর হয়েছে। এই নীতি অনুযায়ী কোনো দম্পতি এক সন্তানের বেশি নিতে পারবে না। সমীক্ষায় অস্ট্রেলীয় গবেষকেরা ৪২১ জনের বিভিন্ন তথ্য পরীক্ষা ও পর্যবেক্ষণ করেন। এক্ষেত্রে এক সন্তান নীতির অধীনে জন্ম নেওয়া ব্যক্তিদের একদলে এবং এর আগে জন্ম নেওয়া ব্যক্তিদের আরেক দলে রাখা হয়। অস্ট্রেলিয়ার মোনাশ বিশ্ববিদ্যালয়ের গবেষক দলের প্রধান লিসা ক্যামেরন দাবি করেন, তাঁদের এই সমীক্ষার ফলাফলে দেখা গেছে, এক সন্তান নীতির অধীনে জন্ম নেওয়া ব্যক্তিরা কম নির্ভরযোগ্য হয়। অন্যের ওপর আস্থা করতে পারে না। এসব ব্যক্তি ঝুঁকি নিতে অপছন্দ করে এবং প্রতিযোগিতা-মনস্ক হয় না। তাঁর দাবি, এসব ব্যক্তি নীতিমান হয় না, বরং কিছুটা বাতিকগ্রস্ত এবং নেতিবাচক মনোভাবের।গবেষকদের মতে, চীনা সমাজে এক সন্তান নীতি সুদূরপ্রসারী প্রভাব ফেলেছে। এতে দেশটির শ্রমবাজারে কম ঝুঁকি নেওয়ার প্রবণতা ও উদ্যোক্তা সৃষ্টির সম্ভাবনা কমে গেছে।ক্যানবেরা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শিন মেং বলেন, ‘চীনের সাধারণ মানুষদের মধ্যে এমন একটি ধারণা রয়েছে যে এক সন্তান প্রজন্ম বিগড়ে যাওয়া, স্বার্থপর ও অলস হয়। যদিও তারা এ ধরনের কোন পরীক্ষা চালায়নি। তাই বিষয়টি নিশ্চিত হতে আমরা এ সমীক্ষাটি চালিয়েছি।’ জিন মেং বলেন, এক সন্তান নীতি যেহেতু চীনের সব অঞ্চলের জন্য প্রযোজ্য নয়, তাই তাঁদের সমীক্ষার ফলাফলও সবার জন্য প্রযোজ্য নয়। তিনি জানান, এক সন্তান নীতিটি পুনর্বিবেচনা করছে চীন সরকার। তিনি আশা করেন, এ বিষয়ে তাঁদের এই সমীক্ষার ফল গুরুত্বের সঙ্গে দেখবে চীন সরকার।