তাঁর বয়সী ছেলেরা যখন ক্রিকেট আর ফুটবল নিয়ে ব্যস্ত, তিনি তখন কাবাডি খেলতে গ্রাম থেকে চলে যান জেলা সদরে। কাবাডি এখন তাঁর নেশা। কাল অ্যাটমাই প্রোডাক্টস জাতীয় যুব কাবাডির সেরা খেলোয়াড়ের পুরস্কার হাতে নিয়ে ঢাকা কাবাডি স্টেডিয়ামে খেলা শেষে টাঙ্গাইলের তরুণ ইমদাদুল হক বললেন নিজের ভবিষ্যত্ ও অন্যান্য প্রসঙ্গে... চ্যাম্পিয়ন দলকে হারিয়ে দিলেন, অনুভূতিটা কেমন?ইমদাদুল হক: খুবই ভালো লাগছে। এই আনন্দ বলে বোঝাতে পারব না। আপনার বয়সী ছেলেরা তো ক্রিকেট আর ফুটবল নিয়েই ব্যস্ত থাকে। আপনি কাবাডিতে এলেন...ইমদাদুল: টাঙ্গাইলেও কাবাডি অনেক জনপ্রিয় খেলা। আমার বাবা মাওলানা শামসুল হক একসময় কাবাডি খেলতেন, কাকা আজগর হোসেন জাতীয় দলের সাবেক খেলোয়াড়। ওনার হাত ধরেই কাবাডিতে এসেছি। সেটা কীভাবে?ইমদাদুল: আমি তখন খুব ছোট। ঢাকা থেকে বাড়িতে এসেই কাকা বলতেন, চল কাবাডি খেলবি। উনি গ্রামের যেখানে যেখানে খেলতে যেতেন আমাকে কাঁধে চড়িয়ে নিয়ে যেতেন। কাকার খেলা দেখে মনে হতো বড় হয়ে এমন কাবাডি খেলোয়াড় হতে পারলে মন্দ হয় না। অনুশীলন করেন কোথায়?ইমদাদুল: আমি সন্তোষ ইসলামী বিশ্ববিদ্যালয় টেকনিক্যাল কলেজে উচ্চমাধ্যমিকে পড়ছি। টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থা আমাকে একটা কক্ষে থাকার সুযোগ দিয়েছে। সেখানে থেকে পড়াশোনার পাশাপাশি সকাল-বিকেল অনুশীলন করি। কোন পজিশনে খেলেন?ইমদাদুল: আমি একই সঙ্গে রেইডার ও ক্যাচার, (হেসে) মানে অলরাউন্ডার। কাবাডিতে অলরাউন্ডারের দাম বেশি। এখানে ম্যাটে খেললেন, গ্রামে তো মাটিতে খেলেন। ভয় লাগে না?ইমদাদুল: মাটিতে খেললে ইনজুরিতে পড়ার ভয় থাকে। ম্যাটে সেটা নেই। মাঝেমধ্যেই কিন্তু ম্যাটে খেলার সুযোগ মেলে। কীভাবে?ইমদাদুল: এই তো গত সপ্তাহে টাঙ্গাইলে হয়ে গেল মিজান বিইওএল কাবাডি মেলা। ঢাকা থেকে সেখানে ম্যাট নিয়ে যাওয়া হয়েছিল। আপনি এ পর্যন্ত কতবার ম্যাচ-সেরা হয়েছেন?ইমদাদুল: ২০০৫ সাল থেকে খেলা শুরু করেছি। (একটু ভেবে) আঞ্চলিক ও জাতীয় পর্যায় মিলিয়ে ৫০ বার তো হবেই। প্রথমবারের স্মৃতি মনে আছে?ইমদাদুল: থাকবে না মানে! সেবার ভূঞাপুরে খ্যাপ খেলতে গিয়েছিলাম। সেখান থেকে দলকে জিতিয়ে সেরা খেলোয়াড়ও হলাম। ওরা আমাকে একটা ক্রেস্ট ও তিন হাজার টাকা দিয়েছিল। ওই টাকা কী করেছিলেন?ইমদাদুল: বাড়ি এসে সবার আগে মায়ের হাতে এক হাজার টাকা তুলে দিই। বাকি এক হাজার ছোট ভাইবোনদের দিই। আর বাকিটা দিয়ে খুব মজা করে বন্ধুবান্ধবদের সঙ্গে খেয়েছিলাম। এখন তো লেখাপড়া করছেন। ভবিষ্যতে কি চাকরিতে ঢুকে যাবেন, না কাবাডিতেই ক্যারিয়ার গড়বেন?ইমদাদুল: আমাদের দেশে ক্রিকেট-ফুটবলে যেমন ভবিষ্যত্ আছে, এসব খেলায় তেমন নেই। তবে ফেডারেশন যদি আমাদের ভালোভাবে পৃষ্ঠপোষণা করে তাহলে কাবাডিতে থেকে যাওয়ার কথা ভাবব।