‘এক হাতে ইফতারি খাই, আরেক হাতে সিগন্যাল চালাই’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ইফতার আর কীভাবে করমু? এক হাতে মুঠ কইরা ইফতারি খাই, আরেক হাতে সিগন্যাল চালাই।’ গতকাল বৃহস্পতিবার বিকেলে সোনারগাঁও হোটেলের সামনে ট্রাফিক পুলিশের কনস্টেবল আশরেকুর রহমান এভাবেই জানালেন তাঁর ইফতারের প্রক্রিয়া। তিনি বলেন, ‘আসলে ঢাকা শহর এমন ব্যস্ত যে ইফতারের সময়ও গাড়ি চলে। ওই সময় তো আর দায়িত্ব ফালাইয়া যেতে পারি না। পেপারে ইফতারি লইয়া, রাস্তায় দাঁড়াইয়া ইফতার করতে করতে ডিউটি করি।’ ঢাকা শহরের বেশ কয়েকটি জায়গা ঘুরে প্রধান সড়কগুলোতে দায়িত্ব পালন করা ট্রাফিক পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, তাঁদের দায়িত্ব পালন করতেই করতেই ইফতার করতে হয়। আবার ইফতারির পরিমাণ ও উপকরণও আহামরি কিছুই নয়। এ জন্যও তাঁরা খুব একটা সন্তুষ্ট নন।সূত্র জানায়, এবারের রমজানে ট্রাফিক পুলিশের পূর্ব, দক্ষিণ ও উত্তর বিভাগে দায়িত্বরত ট্রাফিক পুলিশের জন্য প্যাকেটে করে ইফতারি সরবরাহ করা হচ্ছে। অপরদিকে পশ্চিম বিভাগে কিছু জায়গায় ইফতারির প্যাকেট কিছু জায়গায় জনপ্রতি ২৫ টাকা করে দেওয়া হচ্ছে। কয়েকজন ট্রাফিক পুলিশ আক্ষেপ করে বলেন, ‘রোজা রেখে সারা দিন দায়িত্ব পালন করা খুব কষ্টকর। সেখানে ইফতারে ২৫ টাকা বরাদ্দ খুবই কম। তা ছাড়া প্যাকেটে যে ইফতারি দেওয়া হয়, তা-ও পর্যাপ্ত নয়। রমজান মাসে এত অল্প পরিমাণ ইফতারি খেয়ে কাজ করা খুব কঠিন।’ইফতারের আয়োজন সম্পর্কে সোনারগাঁও মোড়ে ট্রাফিক পুলিশ কনস্টেবল আশরেকুর রহমান বলেন, ‘১৪ জন মিলে আড়াই শ টাকার ইফতার করি। ইফতারের আগে একজনকে জিনিসপত্র কিনতে পাঠাই। এরপর দুইজন সেগুলো মাখাইয়া ভাগবাঁটোয়ারা করে খাই। তৃপ্তি লইয়া খাইতে পারি না। রোজা রেখে জুস-শরবত খাইতেও তো ইচ্ছা করে ভাই। পারি না।’ সংসদ ভবনের এমপি হোস্টেলসংলগ্ন মোড়ে দায়িত্ব পালনকারী এক সার্জেন্ট বললেন, ‘আমরা কী ইফতার করলাম, কোথায় করলাম, এটা বড় কথা না। জনসাধারণ গন্তব্যে পৌঁছে ইফতারি করতে পারল কি না, এটা বড় কথা। তাই ইফতারের আগে রাস্তা ফাঁকা করার চেষ্টা করি।’ কী দিয়ে ইফতার করেন, জানতে চাইলে ফার্মগেট খামারবাড়ির সামনে দায়িত্বরত এক ট্রাফিক পুলিশ হেসে বললেন, ‘আমাদের আর ইফতার! একটা করে পেঁয়াজু, কিছু ছোলা, মুড়ি, খেজুর এই আর কী।’ট্রাফিক পুলিশের অতিরিক্ত উপকমিশনার (এডিসি-দক্ষিণ) রিফাত রহমান বলেন, ‘আমরা আমাদের অঞ্চলে প্যাকেটে করে ইফতারি সরবরাহ করছি। এ ক্ষেত্রে একটি বেসরকারি প্রতিষ্ঠান কিছুটা আর্থিক সহায়তা করছে।’ট্রাফিক পুলিশের উত্তর বিভাগের একজন উর্ধ্বতন কর্মকর্তা বলেন, পুলিশের ওয়েলফেয়ার ফান্ড থেকে কিছুটা অর্থ ইফতারের জন্য খরচ করা হয়। পরিমাণ অল্প হলেও গতবারের তুলনায় মান অনেক ভালো বলে মন্তব্য করেন তিনি।