‘একজন ডাক্তারের লাইগ্গা মোরা কষ্টে আছি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মোগো কষ্টের কতা আর কি কমু, একজন ডাক্তারের লাইগ্গা মোরা যে কত কষ্টে আছি হেইয়া আমনোগো বুঝাইতে পারমু না। অসুখ-বিসুখ হইলে ডাক্তার দেহাইতে মোগো গৌরনদী ও কালকিনি হাসপাতালে যাইতে হয়। এতে কত যে কষ্ট করতে হয়, হেইয়া কেউরে বুঝাইতে পারমু না। রাইত-বিরাত (দিন-রাত) ওই সব হাসপাতালে যাইতে দিগুন টাহা-পয়সা খরচ হয় আবার মোগো দুর্ভোগ পোহাইতে হয়। হেইয়া আল্লায় ছাড়া আর কেউ জানে না। অনেককে টাহা জোগাড় করতে না পাইরা বিনা চিকিৎসায় ধুইকা ধুইকা মরতে হয়। হুনছি চেয়ারম্যান-মেম্বাররা অনেক ফির মোগো হাসপাতালে একজন ডাক্তার আনার লাইগ্গা চেষ্টা কইরাও পারে নাই।’ গৌরনদী উপজেলার টরকীর চর গ্রামের রোকেয়া বেগম আক্ষেপ করে এসব কথা বলেন। তাঁর মতো প্রায় একই ধরনের কথা বলেন ক্ষুদ্রচর গ্রামের হোসনে আরা বেগম, ফাতেমা বেগম এবং আন্ডারচর গ্রামের মাহমুদা বেগমসহ কয়েকজন। গত চার মাস যাবৎ সাহেবরামপুর ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্রে একজন চিকিৎসক নিয়োগ করার দাবিতে সভা-সমাবেশ করেছে এলাকাবাসী। সর্বশেষ গত ১৪ জুলাই স্বেচ্ছাসেবী সংস্থা সিসিডিবি গৌরনদীর উপজেলা ফোরাম নেটওয়ার্কের উদ্যোগে স্থানীয় সংবাদকর্মী ও সুধীজনদের সমাবেশসহ মতবিনিময় অনুষ্ঠিত হয়। বক্তারা অবিলম্বে এই উপস্বাস্থ্যকেন্দ্রে একজন এমবিবিএস চিকিৎসক নিয়োগ দেওয়ার দাবি করেন।সরেজমিনে স্থানীয় লোকজন ও ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানা গেছে, চরাঞ্চলের মানুষের চিকিৎসার জন্য ১৯৪০ সালে তৎকালীন অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী শেরেবাংলা এ কে ফজলুল হক কালকিনির সাহেবরামপুর বাজারের কাছে একটি স্বাস্থ্যকেন্দ্র প্রতিষ্ঠা করেন। পরে এটি সাহেবরামপুর ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্র হিসেবে ব্যবহূত হয়। ওই স্বাস্থ্যকেন্দ্রে একজন এমবিবিএস চিকিৎসক, একজন চিকিৎসা সহকারী, একজন ফার্মাসিস্টসহ আধুনিক চিকিৎসা সেবার সুবিধা থাকার কথা রয়েছে। এই উপস্বাস্থ্যকেন্দ্রে কর্মরত চিকিৎসা সহকারী এনায়েত হোসেন জানান, ২০ বছর ধরে তিনি এই কেন্দ্রে কর্মরত আছেন। এর মধ্যে কোনো দিন কোনো এমবিবিএস চিকিৎসক এখানে আসেননি। মাঝেমধ্যে দুই-একজন চিকিৎসককে নিয়োগ দেওয়া হলেও তাঁরা এখানে যোগদান না করে বদলি হয়ে কিংবা প্রেষণে (ডেপুটিশন) অন্যত্র চলে যান। সাহেবরামপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আসাদুজ্জামান জামাল বলেন, ‘চরাঞ্চলের জনগণের চিকিৎসার্থে সাহেবরামপুর উপস্বাস্থ্যকেন্দ্রে একজন এমবিবিএস চিকিৎসক নিয়োগ দেওয়ার জন্য স্থানীয় সাংসদ যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনের কাছে ধরনা দিয়েছি কিন্তু কোনো কাজ হয়নি। এমনকি উপজেলা পরিষদের সমন্বয় সভায় সিদ্ধান্ত অনুযায়ী একাধিকবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে লিখিতভাবে আবেদন করেও কোনো সুফল পাইনি। জরুরি ভিত্তিতে এ উপস্বাস্থ্যকেন্দ্রে একজন চিকিৎসক নিয়োগ দেওয়া প্রয়োজন।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মশিউর রহমান বলেন, একাধিকবার ওই উপস্বাস্থ্যকেন্দ্রে এমবিবিএস চিকিৎসকের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে কিন্তু কোনো ফল হয়নি।