‘একজনও যদি জীবিত ফিরে আসত!’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছেলেমেয়ে দুটির অন্তত একটিও যদি জীবিত ফিরে আসত! এ আকুতি সাভারের রানা প্লাজার এক পোশাক কারখানার কর্মী দুই সহোদরের মা কোহিনূর বেগমের। ১৭ দিন পর অবিশ্বাস্যভাবে রেশমার জীবিত উদ্ধারের ঘটনা তাঁর মনে হঠাৎ করেই এ আশা উসকে দিয়েছে।ভবনধসের ১৮ দিন পর গতকাল শনিবার রানা প্লাজার অদূরে অধরচন্দ্র উচ্চবিদ্যালয়ের মাঠে কথা হলো কোহিনূর বেগমের সঙ্গে। তাঁর মেয়ে আছমা ও ছেলে সুলতান কাজ করতেন তৃতীয় তলার নিউ ওয়েভ বটমস নামের পোশাক কারখানায়। আছমা ছিলেন সুইং অপারেটর। সুলতান হেলপার। ‘দুইজুনের একজুনও যুদি ফির্যা আসলোনি, তালে মায়ের বুকটা খালি হলো না হিনি,’ বলেন কোহিনূর।আছমার জন্য কোহিনূরের মনে অনেক কষ্ট জমা আছে। তাঁর মেয়েটা কম বয়সে ভালোবেসে বিয়ে করেছিলেন পাশের গ্রামের এক ধনীর ছেলেকে। কিন্তু পাগল বাপের মেয়েকে শ্বশুরবাড়ির কেউ মানতে পারেনি। তাই দাম্পত্যের বছর না কাটতেই তালাক হয়ে যায় আছমার।বগুড়ার নন্দীগ্রাম উপজেলার প্রত্যন্ত গ্রাম কাথম ছেড়ে আছমা একদিন ঢাকায় এসে চাকরি নেন পোশাক কারখানায়। বছর দুয়েক আগে নিয়ে আসেন ছোট ভাই সুলতানকেও। কোহিনূর বেগম মাঝেমধ্যে ছেলেমেয়ের সঙ্গে সাভারের মজিদপুরের মমতাজ ভবনে এসে থাকতেন। রানা প্লাজা ধসে পড়ার কয়েক দিন আগে সাভারে এসেছিলেন। হরতাল থাকায় সন্তানদের কাজে যেতে বারবার নিষেধ করেছিলেন। মায়ের বাধায় সুলতান একপর্যায়ে কাজে না যাওয়ার সিদ্ধান্ত নেন। পরে আছমার ধমক খেয়ে তাঁর সঙ্গেই কারখানায় যান। ছেলেমেয়েদের সঙ্গে এর পর থেকে আর কোনো কথা হয়নি কোহিনূরের।কোহিনূরের মতো মনে আশার আলো জ্বালিয়েছেন সুফিয়া বেগমও। নরসিংদীর রায়পুরা উপজেলার সাহেবনগর গ্রামের সুফিয়ার মেয়ে রিনা আক্তার ও ছেলে মাইনুদ্দিন আমজাদ কাজ করতেন নিউ ওয়েভ বটমসে। গতকাল সকালে তিনিও বলছিলেন, দুই ছেলেমেয়ের একটিকেও জীবিত ফিরে পেলে আর কিছু চাইতেন না। দুপুরের দিকে মেয়েকে খুঁজে পান সুফিয়া; তবে জীবিত নয়, মৃত। আল্লাহর ওপর ভরসা রেখে এখন তিনি ছেলেকে জীবিত পাওয়ার কামনা করছেন। সুফিয়া বলেন, গ্রামের বাড়ি গিয়ে মেয়েকে দাফন করেই ফিরে আসবেন সাভারে।সুফিয়া টানা ১৭ দিন কাটিয়েছেন অধরচন্দ্র উচ্চবিদ্যালয়ের মাঠে। অনাহারে-অর্ধাহারে সাভারে কাটানো এই দিনগুলোয় তাঁকে প্রায়ই বাড়ি থেকে খাবার এনে খাইয়েছেন কাছের রেজিস্ট্রি অফিস জামে মসজিদের ইমাম আবদুর রাজ্জাকের স্ত্রী আমেনা খাতুন। তিনি বলেন, রেশমার জীবিত ফিরে আসার অতি আশ্চর্য ঘটনা অধরচন্দ্র উচ্চবিদ্যালয়ের মাঠে অপেক্ষমাণ স্বজনদের মনে আশা জাগিয়েছে। দুদিন আগেও যাঁরা শুধু স্বজনের লাশের অপেক্ষা করছিলেন, তাঁরা ভাবছেন, রেশমার মতো তো আরও কেউ বেঁচে থাকতে পারেন!আর এ কারণেই হয়তো গতকাল রানা প্লাজার সামনে ভিড় একটু বেড়ে গেছে বলে মনে হচ্ছিল বিপরীত দিকের মনসুর মার্কেটের ব্যবসায়ী আনোয়ার আলীর। আনোয়ারের অনুমান যথার্থ বলে জানান স্বজনের অপেক্ষা থাকা নাজিম হাসান। তিনি নিজেও তিন দিন পর অধরচন্দ্র উচ্চবিদ্যালয় থেকে রানা প্লাজায় এসেছেন। ভবনধসের ১৪ দিন পর নাজিম তাঁর দুলাভাই শিমুলের লাশ পেলেও পাননি বোন তানজিনাকে। নাজিমের যুক্তি, একজন মানুষের বাঁচার মতো অবস্থা যেহেতু ভেতরে ছিল, সেহেতু আরও অনেকেই জীবিত থাকতে পারেন।