‘একটা ধারা তৈরি করে যেতে চাই’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আনুষ্ঠানিকভাবে কাল আত্মপ্রকাশ করল ‘টিম বিজেএমসি’। জাতীয় দলের সাবেক ফুটবলার ও অধিনায়ক আরিফ খান জয় বিজেএমসির পরিচালক। এই দল নিয়ে রয়েছে তাঁর আকাশছোঁয়া স্বপ্ন ও পরিকল্পনা অনেক দিন ধরে শোনা যাচ্ছিল কথাটা। অবশেষে ‘টিম বিজেএমসি’র আত্মপ্রকাশ ঘটল?আরিফ খান জয়: হ্যাঁ। এটা আমাদের অনেক দিনের স্বপ্ন বলতে পারেন। বেশ কিছুদিন ধরে আমরা বিজেএমসি দল গড়ব বলে চিন্তা করছিলাম। শেষ পর্যন্ত এটা হচ্ছে বলে খুব ভালো লাগছে। ফুটবলার জয়ের পাটকল সংস্থার সঙ্গে যোগাযোগ কীভাবে হলো বলবেন?জয়: আমি কিছুদিন আগে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে গিয়েছিলাম মন্ত্রী মহোদয়ের (আবদুল লতিফ সিদ্দিকী) সঙ্গে দেখা করতে। খেলাপাগল এই ব্যক্তি আমাকে দেখেই বললেন, তুই আমার সঙ্গে কাজ কর। তোকে আমি কাজে লাগাতে চাই। এরপর আমাকে বাংলাদেশ পাটকল করপোরেশনের (বিজেএমসি) পরিচালক বানিয়ে দিলেন। আপনার ভূমিকাটা কী হবে?জয়: আমি খেলাধুলার দিকটিও দেখব। সঙ্গে পাটকে সারা দেশে তুলে ধরব। পুরোনো দিনের বিজেএমসির কথা নিশ্চয়ই এমন দিনে মনে পড়ছে?জয়: তা পড়ছেই। বিজেএমসি তো ছিলই। তবে এটাকে পুনর্জন্ম বলতে পারেন। এই দলটিকে নিয়ে আমাদের অনেক পরিকল্পনা। ফুটবলে ১৯৮০ সাল পর্যন্ত অন্যতম সেরা দল বিজেএমসি। ঢাকা লিগ নামে বাংলাদেশে যে লিগ হয় সেটির প্রথম চ্যাম্পিয়ন বিজেএমসি। অনেক প্রথিতযশা ফুটবলার জন্ম দিয়েছে বিজেএমসি দল। কিন্তু কালের আবর্তে তারা হারিয়ে গেছে। ফুটবলও হারিয়ে যেতে বসেছিল। যেহেতু এটি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা, এর সমৃদ্ধ ইতিহাস আছে; তাই ফুটবলে আবার জাগরণ আনতে চাই। বিজেএমসি যাতে হূতগৌরব পুনরুদ্ধার করতে পারে সেই চেষ্টা করব। পেশাদার লিগে আগামী মৌসুমেই কি দেখা যাবে আপনাদের? জয়: বাংলাদেশ লিগের মতো বড় আসরে অবশ্যই আমরা খেলতে চাই। বড় মানের দলও গড়ব। হতে পারে আগামী মৌসুমেই। সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা আছে? জয়: ফুটবল নিয়ে তো বিশেষ পরিকল্পনা আছেই। দেশের প্রতিটি জেলায় ফুটবলের ক্যাম্পেইন হবে। আটটা বিভাগীয় ক্রীড়া সংস্থার মাধ্যমে বিভাগীয় শহরে ট্রেনিং ক্যাম্প করব। আট বিভাগ থেকে ২৫ জন খেলোয়াড়কে কেন্দ্রীয়ভাবে তুলে আনব। তিন সপ্তাহের মতো ক্যাম্প হবে। এভাবে মোট ১০০ জন খেলোয়াড় বাছাই করা হবে। পরবর্তী কার্যক্রম কী?জয়: এরপর এদের ছয় মাস, ছয় মাস করে ট্রেনিং দেব। সেখান থেকে সেরা ১০ জন প্রতিভাবান ফুটবলারকে বিজেএমসি রেখে দেবে। অন্যদের যোগ্যতা অনুযায়ী জাতীয় দল হোক, বিভিন্ন ক্লাবে হোক খেলানোর ব্যবস্থা করব। আমরা ১০ জন প্রতিভাবান খেলোয়াড় পাব এবং এর সঙ্গে ভালো মানের বিদেশি খেলোয়াড়ের সমন্বয় করলেই একটা চমৎকার ফুটবল দল হবে। ফুটবল ছাড়া আর কোন কোন খেলা নিয়ে চিন্তাভাবনা আছে বিজেএমসির?জয়: আমরা ইতিমধ্যে ভলিবল, অ্যাথলেটিকস, সাইক্লিংয়ের মতো বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়েছি। ফুটবল দল তো গড়ছিই। ক্রিকেটও অতিসত্বর মাঠে নামার ব্যাপারে চিন্তাভাবনা চলছে। আমরা আস্তে আস্তে সব খেলায় অংশ নেব। আপনার নিয়োগ তো রাজনৈতিক। স্থায়ীভাবে এখানে থাকবেন না। আপনি চলে গেলে এর ভবিষ্যৎ কী হবে...জয়: আমি খুব ইতিবাচক মানুষ। অর্ধেক গ্লাসকে আমি অর্ধেক খালি না বলে অর্ধেক ভরা বলতে চাই। আমি আশা করি, এটার ভবিষ্যৎ উজ্জ্বল। সত্যি বলতে, আমি থাকলেও হয়তো দুই বছরের বেশি চাকরি করব না। কিন্তু একটা ধারা তৈরি করে যেতে চাই। যাতে পরে এটা থেমে না যায়।