মহিলা সাফ ফুটবলের গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া বাংলাদেশ দল শ্রীলঙ্কা থেকে ফিরেছে কাল। এবারের টুর্নামেন্টে এমন বাজে ফলাফলের পেছনে অনুশীলনের স্বল্পতাকেই দায়ী করলেন জাতীয় দলের স্ট্রাইকার সাবিনা খাতুন সাফ ফুটবলের গ্রুপ পর্বেই বিদায়। এতটা বাজে ফল কি প্রত্যাশা করেছিলেন আপনারা?সাবিনা খাতুন: না। ফলাফল এতটা খারাপ হবে আমরা ভাবিনি। অন্তত সেমিফাইনালে যাওয়ার আশা তো করেছিলামই। খুবই খারাপ লাগছে। দলের কোথায় সমস্যা ছিল?সাবিনা: আমাদের মূল সমস্যা হচ্ছে একদমই কম প্রস্তুতি নিয়ে গিয়েছিলাম। মাত্র দু-তিনটি প্রস্তুতি ম্যাচ খেলেছি। একটা শিক্ষা হয়েছে আমাদের। এরপর বেশি ম্যাচ না খেলে কোনো আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলতে যাওয়া উচিত হবে না। আরেকটা কথা, এক-দুই মাসের ক্যাম্পে আমার মনে হয় না যে খেলোয়াড়দের আদৌ কোনো উন্নতি হবে। দীর্ঘমেয়াদি ক্যাম্প করেই খেলোয়াড়দের কাছে কিছু আশা করা উচিত। আরও দু-তিন মাস যদি সময় পেতাম তাহলে বেশি ভালো হতো। প্রথম ম্যাচে ভারতকে ৬৬ মিনিট পর্যন্ত আটকে রেখে হার। শ্রীলঙ্কার সঙ্গেও ৮৩ মিনিট পর্যন্ত এগিয়ে থেকে শেষ দিকে এসে হারতে হলো। কেন?সাবিনা: ভারতের সঙ্গে ভালোই খেলছিলাম। বৃষ্টির কারণে ম্যাচ বন্ধ ছিল কিছু সময়। নতুন করে মাঠে নামার পর ওই ছন্দটা ধরে রাখতে পারিনি। শ্রীলঙ্কার কাছে হারটা ছিল দুর্ভাগ্যজনক। স্বাগতিক দল সব সময়ই দর্শক সমর্থন বেশি থাকে। ওই সুযোগটাই ওরা নিয়েছে। রেফারিরও ভুল সিদ্ধান্ত ছিল। পক্ষপাতিত্ব করে আমাদের হারানো হয়েছে। আমরা ৩-০ গোলে এগিয়ে থাকতে পারতাম ওই ম্যাচে। কিন্তু একটা গোল অফসাইড বলে বাতিল করা হয়। আরেকটা বাতিল করে হ্যান্ডবলের অজুহাতে। আমি এখনো বলব আমরা শ্রীলঙ্কার চেয়ে ভালো ভালো দল। ভুটানের সঙ্গে মাত্র এক গোলে জিতলেন। অথচ এই ভুটানকে আগেরবার ৯-০ গোলে হারিয়েছিলেন! সাবিনা: ভুটান দল অনেক উন্নতি করেছে। আমরা ওখানে গিয়ে শুনলাম যে ভুটান এই সাফ ফুটবলের জন্য অন্তত ছয় মাস আগে থেকে অনুশীলন শুরু করেছে। আর আমাদের ক্যাম্প হয়েছে মাত্র এক মাস। তাদের টেকনিক, ট্যাকটিকস—সব ক্ষেত্রেই উন্নতি হয়েছে। জাতীয় লিগে আপনি দুর্দান্ত খেলেছেন (সর্বোচ্চ ৩৬ গোল)। কিন্তু শ্রীলঙ্কায় গিয়ে কোনো গোলই পেলেন না কেন? সাবিনা: আমি নিজেই আমার পারফরম্যান্সে হতাশ। তবে আমার যতটুকু খেলার প্রয়োজন ছিল, আর যতটুকু আমি খেলেছি এর চেয়েও বেশি খেলতে পারতাম। ওরা আসলে খুবই রাফ অ্যান্ড টাফ খেলেছে। তা ছাড়া আমাদের ফরোয়ার্ড লাইনে একটু সমস্যা ছিল। গত মহিলা সাফ ফুটবলের মতো এবারও প্রায় একই দল। এই দল নিয়ে কি সত্যিই বেশি দূর যাওয়া যেত?সাবিনা: আগের কথাই বলব, বেশি বেশি ম্যাচ খেললে ভালো হতো। তবে এটা সত্যি আমরা জান-প্রাণ দিয়ে খেলার চেষ্টা করেছি। ফলাফল যা হওয়ার সেটা তো হয়েই গেছে। এখন আর এসব বলে লাভ নেই। খেলা শেষ। ক্যাম্পও নেই। সামনে কী করবেন?সাবিনা: এখন থেকেই আমাদের ভবিষ্যতের কথা ভাবতে হবে। আমাদের একটাই অনুরোধ, এখন যেন লম্বা সময়ের জন্যই জাতীয় দলের জন্য ক্যাম্প ডাকা হয়। আর ফেডারেশনের কাছে দাবি, আমাদের যেন বেশি বেশি প্রীতি ম্যাচ খেলানো হয়। বাইরের দেশগুলো যখন অনুশীলন করে তখন ছেলেদের অনূর্ধ্ব-১৪, অনূর্ধ্ব-১৬ দলের সঙ্গে ম্যাচ খেলে। ছেলেদের সঙ্গে খেললে আত্মবিশ্বাসটা অনেক বেড়ে যায়।