‘একটা সুযোগ হারালাম’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভিয়েনার হকি ক্লাব পোস্ট এসভিতে খেলতে গত মাসে যাওয়ার কথা ছিল অস্ট্রিয়ায়। কিন্তু বিশ্ব হকি লিগের দ্বিতীয় রাউন্ডের জন্য প্রস্তুতি নিতে এ মুহূর্তে ঢাকায় ব্যস্ত রাসেল মাহমুদ (জিমি)। অস্ট্রিয়া যেতে না পারার হতাশা ও এর পেছনের কারণ কাল বললেন জাতীয় দলের স্ট্রাইকার আপনার তো এখন ভিয়েনায় থাকার কথা। ঢাকায় কেন?রাসেল মাহমুদ (জিমি): ভিয়েনায় যাওয়া হয়নি। আমি খুব হতাশ। ক্লাব কর্মকর্তাদের সঙ্গে ঝামেলার কারণেই সেখানে যাওয়া হলো না। আমার কাছে টাকাটা বড় কিছু না, কিন্তু ওখানে খেললে হয়তো নিয়মিত খেলার সুযোগ পেতাম। ভালো একটা সুযোগ হারালাম। এরপর ওরা আমাকে আর না-ও ডাকতে পারে। ঝামেলার বিষয়টা কি একটু বিস্তারিত বলবেন?রাসেল: পোস্ট এসভি ক্লাবে খেলার জন্য আমার ক্লাব মোহামেডানের কোচ গেরহার্ড পিটার যোগাযোগ করেন। ক্লাবটি আমাকে বিমানের টিকিট দিতে চেয়েছিল। এটা শোনার পর ক্লাবের হকি কমিটির চেয়ারম্যান (শফিউল্লাহ মুনির) বলেছিলেন তিনিই বিমানের টিকিট দেবেন। এটা শুনে নিজের টিকিটটা সতীর্থ খেলোয়াড় রানাকে দিয়ে দিই। ও চলে গেছে। কিন্তু শেষ পর্যন্ত আমার টিকিট আর দেননি চেয়ারম্যান। আমিও যেতে পারিনি।  কেন তিনি টিকিটটা দিলেন না জানতে পেরেছেন?রাসেল: কেন যে এমনটা করলেন সেটা উনিই ভালো বলতে পারবেন। এর আগে তাঁকে সব প্রতিশ্রুতিই পূরণ করতে দেখেছি। এবার কী কারণে এমনটা করলেন সেটা বুঝতে পারছি না। যখন নিশ্চিত হলাম, টিকিট পাব না তখন থেকে তাঁর সঙ্গে যোগাযোগও বন্ধ করে দিয়েছি।  ক্লাব থেকে কি কোনো বাধা দেওয়া হয়েছিল?রাসেল: না। এটাকে আমি ঠিক বাধা বলব না।  অস্ট্রিয়ায় খেলতে পারলে নিশ্চয়ই সেটা বিশ্ব হকি লিগের দ্বিতীয় রাউন্ডের জন্য কাজে লাগত?রাসেল: তা তো অবশ্যই। টানা এক মাস অনুশীলন নেই। ফিটনেস অনেক নেমে গেছে। ওখানকার লিগে খেললে দারুণ অভিজ্ঞতা হতো। বাংলাদেশের অনেক খেলোয়াড় এখন লিগ খেলে জার্মানিতে। ওরা ভালো খেলছে বলে ওখানকার ক্লাবগুলোও আমাদের সঙ্গে যোগাযোগ করে। বলে, আরও ভালো কেউ আছে কি না। ইউরোপে বাংলাদেশের খেলোয়াড়েরা খেলছেন বলে আমাদের হকির কি গুণগত মান বাড়ছে?রাসেল: সাম্প্রতিক আন্তর্জাতিক সাফল্যগুলো বলছে আমরা আগের চেয়ে অনেক এগিয়েছি। ডে বাই ডে উন্নতি হচ্ছে আমাদের। এএইচএফ কাপে চ্যাম্পিয়ন হলাম, এরপর বিশ্ব হকি লিগেও চ্যাম্পিয়ন প্রথম রাউন্ডে। দ্বিতীয় বা তৃতীয় রাউন্ডে উঠতে পারলে কিন্তু আরও উঁচু মানের দল পাব। বিশ্ব হকি লিগে খেলাটা বাংলাদেশের হকির মোড় কি ঘুরিয়ে দিতে পারে?রাসেল: যেহেতু আইএইচএফ আমাদের একটা বড় সুযোগ করে দিয়েছে বিশ্বকাপ বাছাইয়ে খেলার জন্য, তাই সুযোগটা কাজে লাগাতে হবে। এটা অবশ্যই আমাদের হকির ইতিহাসের জন্য বড় একটা টার্নিং পয়েন্ট। আমাদের দায়িত্ব নিয়ে খেলতে হবে।  বাংলাদেশ দ্বিতীয় রাউন্ডে খেলবে ওমান, ফিজি ও ভারতের মতো দলের সঙ্গে। ওমান ও ফিজি দল দুটি সম্পর্কে কোনো ধারণা আছে?রাসেল: আছে মোটামুটি। ভারতের সঙ্গে জিতলে সেটা হবে স্বপ্ন সত্যি হওয়ার মতো ব্যাপার। ওমান সম্পর্কে ধারণা আছে। তবে ফিজির খেলা কখনোই দেখিনি।