‘একটি নয়, আরও ট্রাইব্যুনাল গঠন করতে হবে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘ ৪০ বছর পর যুদ্ধাপরাধীদের বিচার শুরু হয়েছে। এই বিচার ত্বরান্বিত করতে হবে। একটি ট্রাইব্যুনাল দিয়ে হবে না। আরও ট্রাইব্যুনাল গঠন করতে হবে। একাত্তরের সব যুদ্ধাপরাধীকে বিচারের মুখোমুখি করতে হবে।আজ শনিবার রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে ‘সেক্টর কমান্ডারস ফোরাম-এর ঢাকা বিভাগীয় কমিটির অভিষেক অনুষ্ঠান ও ৭১-এর সকল স্তরের যুদ্ধাপরাধীদের গ্রেপ্তারসহ বিচার বাস্তবায়নের লক্ষ্য’ শীর্ষক এক আলোচনা সভায় এসব কথা বলা হয়।বক্তারা বলেন, যতদিন একজন মুক্তিযোদ্ধা বেঁচে থাকবেন, ততদিন যুদ্ধাপরাধের বিচারের দাবি থাকবে। এ ছাড়া তাঁরা ১৯৭২ সালের দালাল আইন পুনর্বহালের দাবি জানান।মুক্তিযুদ্ধের উপ-অধিনায়ক ও পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার বলেন, ‘আমরা বিচার চাচ্ছি কেন? জাতির জীবনে যে কলঙ্ক লেপন করা হয়েছে, তা মুছতে। কারণ যাঁরা স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন, তাঁরাই পরবর্তীতে দেশের প্রধানমন্ত্রী, মন্ত্রী ও সাংসদ হয়েছেন। এর চেয়ে বড় কলঙ্ক কী হতে পারে। এ জন্যই বলছি, যুদ্ধাপরাধীদের বিচার চাই।’ মন্ত্রী আরও বলেন, ‘মুক্তিযুদ্ধ ও যুদ্ধাপরাধীদের ভূমিকা নতুন প্রজন্মের কাছে মুক্তিযোদ্ধাদের তুলে ধরতে হবে। এ দায়িত্ব মুক্তিযোদ্ধাদের নিতে হবে। তাহলে নতুন প্রজন্ম এ বিষয়ে সোচ্চার হবে।’ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ‘একাত্তরের মানবতাবিরোধীদের বিচার শুরু হয়েছে। এ দেশের স্বাধীনতার জন্য ৩০ লাখ লোক আত্মাহুতি দিয়েছেন। তাঁদের সঙ্গে বিশ্বাসঘাতকতা চলবে না। যারা মুক্তিযুদ্ধের বিপক্ষে অবস্থান নিয়েছিল, তাদের রাজনীতি করার অধিকার থাকতে পারে না।’সভায় বক্তারা বলেন, মুক্তিযুদ্ধ কীভাবে হয়েছে, কারা যুদ্ধাপরাধী ও মুক্তিযুদ্ধে ওইসব মানবতাবিরোধীদের ভূমিকা কী ছিল—এসব নতুন প্রজন্মকে জানাতে হবে। নতুন প্রজন্মের কাছে গিয়ে মুক্তিযোদ্ধাদের এসব কথা বলতে হবে। এ ছাড়া গোলাম আজম, আবুল কালাম আজাদসহ অন্যদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিও জানান তাঁরা।ঢাকা বিভাগীয় কমিটির সভাপতি অধ্যাপক আবুল কালাম আজাদ পাটওয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে ফোরামের সাংগঠনিক সম্পাদক ম হামিদ, প্রচার সম্পাদক হারুন হাবিব ও ঢাকা মহানগর কমিটির সভাপতি মোস্তফা মহসীন মন্টুসহ বিভিন্ন জেলার নেতারা বক্তব্য দেন।