আবার আইপিএল। আবারও সেই একই রকম রোমাঞ্চ। তবে কাল কলকাতার বিমানে ওঠার আগে কলকাতা নাইট রাইডার্সের সাকিব আল হাসান বলে গেলেন, এবারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ নিজের বর্তমান ফর্মটা ধরে রাখা। এশিয়া কাপে ভালো খেলার ধারাবাহিকতা ধরে রাখতে চান আইপিএলেও প্রথমবার তো আইপিএলে খেলা নিয়ে অনেক রোমাঞ্চিত ছিলেন। এবার নিশ্চয়ই ততটা নন...সাকিব আল হাসান: না না, এবারও কম রোমাঞ্চিত নই। বলতে পারেন একটু বেশিই রোমাঞ্চিত। বিশেষ কোনো লক্ষ্য আছে এবার?সাকিব: এশিয়া কাপে ভালো খেলেছি। ভালো ফর্মে আছি। এটা ধরে রাখতে পারাই সবচেয়ে বড় লক্ষ্য। এর চেয়ে বড় লক্ষ্য আর কী...। ভালো খেলার ধারাবাহিকতাটা ধরে রাখতে চাই। গত আইপিএলে বল হাতে সাফল্য পেলেও ব্যাটিংয়ে ততটা পাননি। এবার কি ব্যাটিং নিয়ে সিরিয়াস হবেন আরও?সাকিব: ব্যাটিং বলেন, বোলিং বলেন, ফিল্ডিং বলেন যখন যেটা করি তখন সেটা নিয়েই সিরিয়াস থাকতে চেষ্টা করি। গতবার ব্যাটিং-অর্ডারটাই এ রকম ছিল যে আমার খুব বেশি কিছু করার ছিল না। বোলিংটা নিয়মিত করেছি, তাই কিছু করতে পেরেছি। এবার কি একটু ওপরের দিকে ব্যাটিং করতে চাইবেন?সাকিব: ওপরে খেলালে ভালো। আসলে এটা তো দলের ওপর নির্ভর করে। এখানে আমার বলার কিছু নেই। আমি যদি ভালো খেলতে থাকি, ওরা ভালো মনে করলে হয়তো এমনিতেই আমাকে ওপরে খেলাবে। প্রথম কাজটা আমারই। এবার তো তামিম ইকবালও যাচ্ছেন আইপিএলে খেলতে। কী প্রত্যাশা তাঁর কাছে?সাকিব: হ্যাঁ, এবার তামিমও যাচ্ছে। আল্লাহর রহমতে ভালো খেলবে আশা করি। ওর ওপর দায়িত্ব থাকবে ভালো খেলার। আমরা দুজন যদি ভালো খেলি, পরের বছর হয়তো বাংলাদেশ থেকে আরও এক-দুজন যাওয়ার সুযোগ পাবে। তামিমের বেলায়ও তো একই কথা প্রযোজ্য। গতবার আপনি ভালো খেলেছেন বলেই...সাকিব: না, আমি তেমন মনে করি না। এই কৃতিত্ব সম্পূর্ণ ওরই প্রাপ্য। ও ভালো খেলেছে বলেই সুযোগ পেয়েছে। আমি মনে করি, এশিয়া কাপের পারফরম্যান্সই ওকে বেশি সাহায্য করেছে। এখানে অন্য কারও কৃতিত্ব নেওয়ার সুযোগ নেই। সুযোগটা তামিম নিজেই তৈরি করে নিয়েছে। তামিমের জন্য কতটা ভালো হলো আইপিএলে খেলার এই সুযোগ?সাকিব: আমার তো মনে হচ্ছে খুবই ভালো হলো ওর জন্য। তামিম যে ধরনের খেলোয়াড়, খেলার সুযোগ পেলে ভালো করবে বলেই বিশ্বাস আমার। খেলার সুযোগও পাবে আশা করি। কাউন্টি খেলতে গিয়ে তো দুজন একসঙ্গে অনেক সময় কাটিয়েছেন। এবারও নিশ্চয়ই সে সুযোগ হবে...সাকিব: এখানে দেখা হয়তো অত বেশি হবে না, তবে টেলিফোনে তো প্রতিদিনই কথা হবে বলে আশা করি। কারণ ভারত অনেক বড় দেশ, এমন না যে চাইলেই এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়ে দেখা করে আসব। তবে হ্যাঁ, দুটি দিনে তো দেখা হওয়া নিশ্চিতই...যখন আমি ওদের ভেন্যুতে গিয়ে পুনে ওয়ারিয়র্সের বিপক্ষে খেলব। আবার ও কলকাতায় এসে আমাদের বিপক্ষে খেলবে।