‘একটুতেই আমি বিচলিত হই না’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উইম্বলডন শুরুর ঠিক আগে ক্যারিয়ারের অতীত এবং বর্তমান নিয়ে রজার ফেদেরার দীর্ঘ এক সাক্ষাৎকার দিলেন রয়টার্সকে। সেই সাক্ষাৎকারের চৌম্বক অংশ প্রথম আলোর পাঠকদের জন্য আট বছরের মধ্যে গতবারই প্রথম উইম্বলডনের সেমিফাইনালে উঠতে পারেননি...ব্যতিক্রমী অভিজ্ঞতা, তাই না? রজার ফেদেরার: সত্যি বলছি, এটা আমার ভাবনাতেই ছিল না। হেরে গেলে প্রথমে যেটা হয়, খুব হতাশ লাগে। এরপর সেটি ঝেড়ে ফেলে এগিয়ে যেতে হয়। ব্যাপারটা অনেকটাই এ রকম—‘হেরে গেছি ঠিক আছে, এবার একটু ছুটি কাটিয়ে নিই’। পরে অনেকেই অবশ্য বলাবলি করছিল, ‘আহ্, ফেদেরার ছাড়া কি আর উইম্বলডনের ফাইনাল হয়!’ এটা নিয়ে আসলে আমার ভক্ত-সমর্থকেরাই বেশি ভাবে। গতবার (টমাস) বার্ডিচ দুর্দান্ত খেলছিল। আমাকে হারিয়ে যোগ্য প্রতিপক্ষ হিসেবেই ফাইনালে রাফার (নাদাল) বিপক্ষে খেলেছিল। হ্যাঁ, ওই ম্যাচটা আমাকে একটু কষ্ট তো দিয়েছিলই।  যত রেকর্ড গড়েছেন, এর মধ্যে কোনটি নিয়ে আপনি সবচেয়ে গর্ব করেন?ফেদেরার: আগে অবসর নিই, তারপর বলব ‘ওই রেকর্ডটা আমার সবচেয়ে গর্বের’। এখনো যেহেতু খেলে যাচ্ছি, আমার পক্ষে এখনো সম্ভব নতুন করে ইতিহাস লেখা। তবে বেছে নিতে বলা হলে আমি টানা জেতার রেকর্ডগুলোই বেছে নেব। এ ধরনের রেকর্ড গড়ার সুযোগ জীবনে একবারই আসে। সাম্প্রাসের টানা ছয় বছর র‌্যাঙ্কিংয়ের এক নম্বরে থেকে শেষ করার রেকর্ডটি যেমন। এক বছর না পেরে পরের ছয় বছর পারলেও তাতে লাভ হবে না। পছন্দের আরও কিছু স্বল্পমেয়াদি রেকর্ড আছে। যেমন, একটা পর্যায়ে শীর্ষ দশে থাকা খেলোয়াড়দের আমি টানা ২৪ বার হারিয়েছিলাম। একবার আমি টানা ২৪টি ফাইনাল জিতেছিলাম। এ রকম আরও অনেক কিছুই আছে। এর মধ্যে কোনটি বেছে নেব, আমি আসলে জানি না। আপনার কোন রেকর্ডটি দীর্ঘদিন টিকে থাকবে বলে মনে করেন?ফেদেরার: এটাও বলা মুশকিল। কারণ, কখনো হয়তো আপনি ধরে নিলেন অমুক রেকর্ডটা টিকে থাকবে, কিন্তু শেষে দেখা গেল সেটি টিকল না। অবশ্য এতে আমার খুব কিছু আসে-যায় না। টানা ২৩টি গ্র্যান্ড স্লাম সেমিফাইনালে ওঠার রেকর্ডটা মনে হয় ভাঙবে না...ফেদেরার: হ্যাঁ, তা হতে পারে। আপনি সম্ভবত ঠিকই বলেছেন। টানা কয়েক বছর সেমিফাইনালে উঠে এক বছরও যদি কারও ছেদ পড়ে, নতুন করে তার পক্ষে আবার টানা সেমিফাইনালে উঠে রেকর্ডটা ভাঙা সম্ভব হবে না। এই রেকর্ডটা ভাঙা আসলেই কঠিন হবে। আপনার ক্যারিয়ারের সবচেয়ে উল্লেখযোগ্য শট বা পয়েন্ট যদি বেছে নিতে বলা হয়...ফেদেরার: উমমম (হাসি)। আমার জন্য সবচেয়ে স্মরণীয় শটটা দুর্ভাগ্যজনকভাবে টমি হাসের বিপক্ষে, যে কিনা আমার খুবই ভালো বন্ধু। ফ্রেঞ্চ ওপেনে খেলেছিলাম (২০০৯, চতুর্থ রাউন্ড)। হয়তো অনুমান করতে পারছেন কোন শটটার কথা বলছি। ব্রেক পয়েন্ট ছিল (প্রথম দুই সেটে হেরে যাওয়া ফেদেরার তৃতীয় সেটে ৩-৪-এ পিছিয়ে ছিলেন), আমি ফোরহ্যান্ড ইনসাইড আউট খেললাম। মনে আছে, শূন্যে ঘুসি মেরে মনে মনে বলে উঠেছিলাম, ‘এই তো!’ ওই শট আমাকে শুধু ম্যাচেই ফেরায়নি, টুর্নামেন্টেও ফিরিয়ে এনেছিল।  অনেকেই চায় ‘ফেদেরারের মতো খেলি’। কিন্তু আপনার নিজের মনে কি এমন কোনো বাসনা লুকিয়ে আছে, ইস্, ওর মতো শটটা যদি খেলতে পারতাম!ফেদেরার: আমার যা আছে, আমি তা নিয়েই খুশি। অবশ্যই আমার পক্ষে ডাবল হ্যান্ডেড ব্যাকহ্যান্ড খেলা সম্ভব নয়। খেলতে পারলে তো ভালোই হতো। পারি না যখন, কোনো খেদ নেই। আমি সাম্প্রাসের মতো সার্ভ করতে চাইতাম। হেনম্যান, এডবার্গ কিংবা রাফটারের মতো ভলি খেলতে চাইতাম। কিন্তু আমার যা আছে, আমি তাতেই খুশি। দুই মাসের মধ্যে ৩০-এ পা দিতে চলেছেন। এটা নিয়ে মনের মধ্যে কোনো ভয়-দুশ্চিন্তা?ফেদেরার: না, না, কোনো সমস্যা নেই। আমি এটা নিয়ে কেবলই হাসি। নিজেকে কি ৩০ বছর বয়সী মনে হয়? তা তো হয়। খুব ভালো মানের ওয়াইন তৈরির জন্য টসটসে পাকা আঙুর মনে হয় নিজেকে। মনে হয়, সব মিলে আমি খুব ভালো অবস্থায় আছি। যারা ২০ বছর বয়সী, তারা তো চাইবেই বয়সটা যেন না বাড়ে। যে ৩০-এ পা দেবে, সেও ভাববে, ইস্, যদি বয়সটা এখানেই আটকে যেত! তবে বয়স বাড়ার ভালো দিকও আছে। আপনি অনেক অভিজ্ঞতা সঞ্চয় করেছেন, সামনে আরও করবেন। বয়সটা দারুণ এবং আমি সামনের আরও দশ বছরের দিকে তাকিয়ে আছি। ক্যারিয়ারের সবচেয়ে কঠিন মুহূর্ত বলবেন কোনটিকে?ফেদেরার: ক্যারিয়ারে ৯৫০টিরও বেশি ম্যাচ খেলেছি। স্বাভাবিকভাবেই অনেক পরাজয়, হূদয়ে ক্ষত তৈরি করা হার এসেছে। সবচেয়ে কঠিনটা বেছে নিতে বললে, নাদালের কাছে হারটাই কী নেব (২০০৮ উইম্বলডন ফাইনাল, অনেকের মতেই টেনিসের সর্বকালের সেরা ম্যাচ)? সম্ভবত। আবার একই সঙ্গে সেটা কিন্তু খুবই স্পেশাল ম্যাচ ছিল। ফলে, শেষ পর্যন্ত সেটির অংশ হতে পারাটাও কিন্তু খুব একটা বেদনা জাগায় না। তাৎক্ষণিকভাবে খারাপ লাগে, পরে আর সে রকম মনে হয় না। খেলোয়াড় ফেদেরারের সঙ্গে বাবা ফেদেরারের পার্থক্য কী?ফেদেরার: কোর্টের মতো বাবা হিসেবেও আমি কিন্তু খুবই ধৈর্যশীল। সাধারণত আমি একটুতেই বিচলিত হওয়ার লোক নই। তবে বাচ্চারা মাঝেমধ্যে আপনাকে ধৈর্যের চূড়ান্ত সীমায় ঠেলে দিতে পারে। আমি কিন্তু আমার বাচ্চাদের সঙ্গ খুবই পছন্দ করি। খুবই সৌভাগ্যের ব্যাপার, গত দুই বছরে মাত্র তিন সপ্তাহ ওদের থেকে দূরে ছিলাম। মিরকার মতো দারুণ একজন স্ত্রী পেয়েছি বলে আমি আসলেই সৌভাগ্যবান। ও খুবই সাহায্য করে। বাক্সপেটরা সব সময় সে-ই গোছায়। আমাদের সঙ্গে ভ্রমণ করে। সবকিছু সামলে নেয়। জানি, অনেক পরিশ্রমের কাজ। কিন্তু আমিও বাচ্চাদের, মিরকার থেকে দূরে থাকতে চাই না। সঙ্গটা আমি খুবই উপভোগ করি। বাকি পৃথিবীর বিনিময়েও সেটি হাতছাড়া করতে রাজি নই। ভাষান্তর: রাজীব হাসান