‘একদিন আমরাও চ্যাম্পিয়ন হব’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুব কাছে গিয়েও ফাইনাল খেলা হয়নি উরুগুয়ের। গোল্ডেন বুটের লড়াইয়ে থেকেও সেটা পাওয়া হয়নি তাদের স্ট্রাইকার ডিয়েগো ফোরলানের। তবে ডিয়েগো ম্যারাডোনা (১৯৮৬), রোমারিও (১৯৯৪) ও রোনালদোর (১৯৯৮) পর দক্ষিণ আমেরিকার চতুর্থ খেলোয়াড় হিসেবে জিতেছেন বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার। উচ্ছ্বসিত ডিয়েগো ফোরলান এই অর্জন নিয়েই কথা বলেছেন ফিফা ডট কমের সঙ্গে  গোল্ডেন বল জিতে কেমন লাগছে?ডিয়েগো ফোরলান: আমার কাছে এটা অপ্রত্যাশিত ছিল বলে একটু বেশিই ভালো লাগছে। এমন কিছু আমি কল্পনাও করতে পারিনি। এ রকম কোনো লক্ষ্যও ছিল না। তবে একজন স্ট্রাইকার হিসেবে নিজেকে আমি গোল্ডেন বুটের লড়াইয়ে হয়তো দেখতে চেয়েছিলাম। গোল্ডেন বুট জয়ের কাছাকাছিও চলে এসেছিলাম। সেটা হলে খুব অস্বাভাবিকও হতো না। তবে সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতাটাও উপভোগ করছি। টুর্নামেন্টে দল খুব ভালো খেলেছে। এটা আসলে উরুগুয়ের ফুটবলের সুসময়েরই আরেকটা পুরস্কার। পুরস্কার জয়ের ব্যাপারটা আপনি কীভাবে জানলেন?ফোরলান: সত্যি বলতে কি, পুরস্কারটির জন্য মনোনীত হওয়ার পর থেকেই আমি অপেক্ষায় ছিলাম। দেখতে চেয়েছি কী হয়, বিশেষ করে যখন দেখলাম চারদিকে একটা গুঞ্জন ভাসছে, আমি পুরস্কারটা জিততে পারি। কিন্তু কেউ কিছু প্রকাশ করছিল না। হঠাৎ করে বুয়েনস এইরেস থেকে আমার এক বন্ধু এসএমএস দিল—অভিনন্দন, তুমি গোল্ডেন বল পুরস্কার জিতেছ। আমার এজেন্টও ফোন দিয়ে খবরটা নিশ্চিত করেছে। এরপর শুধু ফোন আর ফোন, সতীর্থরাও আমার কক্ষে আসতে শুরু করে। কিছু বুঝে ওঠার আগে ওরা আমাকে হোটেলের সুইমিংপুলে ধাক্কা মেরে ফেলে দেয়। আপনি তো আপনাকে সুইমিংপুলে ফেলে দেওয়া মানুষগুলোকেই পুরস্কারটা উৎসর্গ করছেন...ফোরলান: তারা যেভাবে সবাই আমাকে অভিনন্দন জানাতে কক্ষে এসেছিল, সেটা ছিল দারুণ এক ব্যাপার। আমাকে ঘিরে আমার সতীর্থ এবং উরুগুয়ের মানুষের আশাটা এ রকমই। তাদের আস্থার প্রতিদান দিতে পেরেছি বলে আমি খুব খুশি। যারা দলে ছিল কিন্তু খেলার সুযোগ পায়নি বা কম খেলেছে, আমি তাদের কথাও বলতে চাই। তারাই দলের মেরুদণ্ড ছিল। এই পুরস্কার তাদের জন্যও।  এই ধরনের অর্জন চাপ হয়ে চেপে বসবে না তো আবার?ফোরলান: ক্যারিয়ারে আমি আরও অনেক পুরস্কার পেয়েছি। তার পরও সব সময়ই পা মাটিতেই রেখেছি। আমার বাবা-মা আমাকে মূল্যবোধের শিক্ষা দিয়েছেন এবং আমার ভাই-বোনেরা আমাকে সঠিক পথে থাকতে সাহায্য করে। আসলে সবকিছুই কঠিন পরিশ্রমের ফসল। তাই পরিশ্রম আমি করেই যাব এবং উন্নতি করার চেষ্টা করব।  উরুগুয়ে দল যে কিছু পেল না, আপনার এই পুরস্কারটা কি এর সান্ত্বনা হতে পারে?ফোরলান: পুরস্কার পেয়ে এবং যে গোলগুলো করেছি, তাতে আমি খুব খুশি। তবে এটা সত্যি, বাড়ি ফিরছি একটা দুঃখ নিয়ে। ফাইনাল ম্যাচটি দেখেছি আর মনে হয়েছে, এর কত কাছেই না আমরা গিয়েছিলাম! সেমিফাইনালে হেরে যাওয়ার ব্যাপারটা নিঠুর নিয়তি এবং এই হেরে যাওয়ার দুঃখ ভুলতে আমার কয়েক দিন সময় লেগেছে। তার পরও ভুলতে পারলাম কই? পরাজয়টা এখনো আমাকে পোড়াচ্ছে। এখন নিশ্চয়ই গোল্ডেন বল হাতে পাওয়ার অপেক্ষায় আছেন?ফোরলান: শুনেছি তারা নাকি জুরিখে পুরস্কারটা তুলে দেবে আমার হাতে। পুরস্কার হাতে পাওয়ার পর একবার উরুগুয়ে যেতে চাই। খুব মজা হবে এবং কোনো সন্দেহ নেই জমজমাট পার্টিও হবে।  এভাবে পুরস্কার পেতে থাকলে শোকেস ভরতে তো সময় লাগবে না...ফোরলান: পরবর্তী দুটি পিচিচি ট্রফি (স্প্যানিশ লিগের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার) জিততে পারলে সেটা দারুণ (হাসি)! আমার মনে হয় এগুলো রাখার ভালো একটা জায়গা খুঁজে পাব আমরা।  শেষ প্রশ্ন, স্পেন কি চ্যাম্পিয়ন হওয়ার যোগ্য?ফোরলান: কোনো সন্দেহ নেই। টুর্নামেন্টে তারাই সবচেয়ে ভালো ফুটবল খেলেছে। সুইজারল্যান্ডের বিপক্ষে পরাজয়ের পর খুব দ্রুতই ফিরে এসেছে তারা। ওদের খেলোয়াড় এবং কোচিং স্টাফকে অভিনন্দন। আশা করি, একদিন আমরাও চ্যাম্পিয়ন হব।