যুদ্ধবিধ্বস্ত ইরাকে থেমে নেই টেনিস চর্চাও। ঢাকায় ডেভিস কাপ খেলতে আসা ইরাকি টেনিস দলই তার প্রমাণ। একটা জয় গোটা দলকে উল্লাসে ভাষায়। কাল তুর্কমেনিস্তানের প্রতিপক্ষকে হারিয়ে ইরাকের সেরা খেলোয়াড় আকরাম মোস্তফা তো কেঁদেই ফেললেন রমনা টেনিস কোর্টে। পরে বললেন, এটা তাঁর আনন্দের কান্না জয়ের পর এভাবে শিশুদের মতো কাঁদলেন কেন?আকরাম মোস্তফা: আন্তর্জাতিক পর্যায়ে একটা জয় পাওয়া অনেক বড় ব্যাপার। সেই আনন্দেই কেঁদেছি। তা ছাড়া শরীরও ভালো ছিল না আমার। ইচ্ছার বিরুদ্ধে খেলতে হয়েছে। তাই ম্যাচটা জিতে নিজেকে আর ধরে রাখতে পারিনি। আপনি ইরাকের শীর্ষ খেলোয়াড়। কত বছর ধরে ডেভিস কাপে খেলছেন?আকরাম: আট-নয় বছর হবে। ইরাকের প্রতিনিধিত্ব করতে পেরে আমি ভীষণ গর্বিত। এর আগে জুনিয়রে খেলেছি। ছোটবেলায় ছিলাম বল-বয়। আমি আসলে ধাপে ধাপে উঠে এসেছি। ইরাকে টেনিস খেলা হয় এটা অনেকের কাছেই বেশ কৌতূহলোদ্দীপক। যুদ্ধবিধ্বস্ত একটা দেশে...আকরাম: যুদ্ধ আগে ছিল, এখন নেই। এখন সব ঠিক আছে। আমরা আস্তে আস্তে আগের চেয়ে একটু বেশিই টেনিস খেলতে পারছি। সত্যি কথা বলি, এখন আর কোনো সমস্যা নেই। আপনি এখন ত্রিশ ছুঁইছুঁই। যুদ্ধের কারণে একটা সময় নিশ্চয়ই টেনিস খেলতে গিয়ে ভীষণ সমস্যায় পড়েছেন?আকরাম: তা তো অবশ্যই। কোর্টের আশপাশে বোমা পড়ত। একদিন কোর্টে বোমার একটা টুকরা এসে পড়ল। কোর্টে আমরা যারা ছিলাম, সবাই তো ভয়ে কাঁপতে লাগলাম। লুকিয়ে ছিলাম একটা ঘরে গিয়ে। এ রকম অবস্থা অনেক দিনই হয়েছে। থাক, ওসব দিনের কথা মনে করতে চাই না। ইরাকের কিশোরদের তো ফুটবলই বেশি টানে। আপনি টেনিসে এলেন কেন?আকরাম: আসলে আমার টেনিস খেলোয়াড় না হয়ে উপায় ছিল না (হাসি)। আমার বংশের প্রায় সবাই টেনিস খেলে। বাবা মোস্তফা আবদুল করিম একসময় টেনিস খেলোয়াড় ছিলেন। পরে কোচিংয়ে আসেন। বছর বিশেক আগে তাঁর অধীনেই ২৩টি আরব দেশের মহিলা টেনিসে ইরাক চ্যাম্পিয়ন হয়েছিল। এখন তিনি ইরাকে জুনিয়র টিমের কোচ। বাবার আগ্রহেই আমার টেনিসে আসা। আপনার পরিবারে এখন আর কে খেলছে টেনিস?আকরাম: আমার ছোট দুই ভাই আছে ইরাকের জুনিয়র টিমে। আমার বিশ্বাস, ওরাও একদিন আমার মতো জাতীয় দলে খেলবে। সেভাবেই তাদের গড়ে তোলা হচ্ছে। যুদ্ধের কারণে ইরাকের ক্রীড়া স্থাপনার ক্ষতি হয়েছে অনেক। এখন আপনারে ওখানে কতটি টেনিস কোর্ট আছে?আকরাম: অনেকগুলো। ফেডারেশনেরই গোটা দশেক কোর্ট আছে। গোটা চারেক আছে ক্লাবের। টেনিস খেলে টাকা-পয়সা পান?আকরাম: হ্যাঁ, পাই। আমার ক্লাব আমাকে মাসে ৯০০ মার্কিন ডলার দেয়। ইরাক অলিম্পিক কমিটি দেয় আড়াই শ ডলার। আমার ভালোই চলে যায়। একজন টেনিস খেলোয়াড় হিসেবে দেশে আপনাকে লোকজন চেনে?আকরাম: আমাদের ওখানে ফুটবলারদের পরিচিতি অনেক বেশি। ফুটবলাররাই তারকা। তবে লোকে একটু-আধটু আমাকেও চেনে। টুর্নামেন্ট হলে প্রেসের লোকজন আসে। ইন্টারভিউ নেয়। ১৯৮৮ সালের পর ডেভিস কাপে ইরাক গ্রুপ তিনে খেলতে পারেনি। এবার গ্রুপ চার থেকে তিনে যেতে পারবেন আপনারা?আকরাম: চেষ্টা তো করছি। সবাই আমাদের জয় দেখার অপেক্ষায় আছে। দেশ থেকে আমাদের ফেডারেশন কর্মকর্তারা ফোন করে সারাক্ষণই খোঁজখবর নিচ্ছেন। ঢাকায় কী হচ্ছে, সেটা নিয়ে তাঁদের প্রবল আগ্রহ। আমার ছোট্ট মেয়ে দালমা আর ছেলে ইউসুফও ফোন করে জানতে চায়, ‘বাবা তুমি জিতেছ?’