‘একদিন জাতীয় দলে খেলবই’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম শ্রেণীর ক্রিকেটে প্রথম সেঞ্চুরিতেই (১৭৬) গত মৌসুমে কিছুটা আলোয় এসেছিলেন। এ মৌসুমে তিন অঙ্ক ছুঁলেন কালই প্রথম, সিলেটের বিপক্ষে মিরপুরে করেছেন ১০৫। মাঝে বিপিএলেও ভালো করেছেন। রাজশাহীর ২৪ বছর বয়সী ওপেনার মিজানুর রহমান স্বপ্ন দেখেন একদিন খেলবেন জাতীয় দলে আউট হওয়ার পর দাঁড়িয়ে থাকলেন কিছুক্ষণ...মিজানুর রহমান: শটটা খারাপ ছিল না, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আউট হলাম। শর্ট লেগ ফিল্ডার তো ভয়ে ঘুরে গিয়েছিল, ওর গায়ে বল আটকে গেল। কী আর করা!  এবার লিগে চারটি ফিফটি ছিল আগে, শেষ পর্যন্ত সেঞ্চুরিটা হওয়ায় নিশ্চয়ই ভালো লাগছে?মিজানুর: বেশি ভালো লাগছে মিরপুরে বলে। দেশের ক্রিকেটের কেন্দ্রে সবাই খেলতে চায়। ভালো করতে চায়। উইকেট খুব ভালো ছিল, বল দারুণভাবে ব্যাটে এসেছে। বাউন্স ভালো ছিল, বেশি টার্ন করেনি। জাতীয় লিগ অনেকেরই চোখে পিকনিক ক্রিকেট, কিন্তু রাজশাহী ব্যতিক্রম। কেন?মিজানুর: রাজশাহী দলের সব ক্রিকেটারের মধ্যে সব সময় জয়ের তাড়না থাকে। আমরা জয়ের জন্যই মাঠে নামি। টিম স্পিরিট অন্য রকম, পরিবেশও খুব ভালো। এ জন্য রাজশাহী দলে খেলার মজাটা বেশি। সবাই একটা পরিবারের মতো। সবাই কঠোর পরিশ্রমী। আর আমাদের ব্রেড অ্যান্ড বাটার হলো এই জাতীয় লিগ। আমরা পেশাদার ক্রিকেটার, এখানে ভালো করা মানে আরও এগিয়ে যাওয়া। এই তাড়না সবার মাঝে আছে বলেই আমরা লিগে এত ভালো করি।  আপনার উঠে আসার গল্প বলুন, বয়সভিত্তিক ক্রিকেটে তো কখনোই খেলা হয়নি!মিজানুর: বয়সভিত্তিক ক্রিকেটের প্রায় সবগুলো ক্যাম্পেই ছিলাম। তবে ওই সময়টায় আমাদের গ্রুপ ছিল দারুণ শক্তিশালী। সাকিব, তামিম, মুশফিক, শুভ (সোহরাওয়ার্দী)...ওদের সঙ্গে সেই সময় পেরে উঠিনি। ওরাই খেলার সুযোগ পেয়েছে। আমারও মনের মধ্যে ঢুকে গিয়েছিল ওদের সঙ্গে পারব না। অনূর্ধ্ব-১৯ পর্যন্ত ক্যাম্পে নিয়মিতই ছিলাম, কিন্তু খেলার সুযোগ মিলত না। এরপর হতাশ হয়ে পড়ি, সত্যি বলতে একটু হারিয়েই গিয়েছিলাম। সেখান থেকে ফিরলেন কীভাবে?মিজানুর: ভাবলাম, জাতীয় দলে খেলতে হবে, হতাশ হলে চলবে না। কঠোর পরিশ্রম করেছি, নিজের ব্যাটিং নিয়ে কাজ করেছি। পেস বোলিংটা আমি বরাবরই ভালো খেলতাম, স্পিনে ব্যাটিং নিয়ে কাজ করেছি। রাজশাহীতে আমার কোচ মিলন স্যারও আমার জন্য পরিশ্রম করেছেন। ক্লেমন ক্রিকেট একাডেমি হওয়ার পর নিয়মিত অনুশীলনের জায়গা হলো। সকালে একাডেমিতে করতাম, বিকেলে নিজের মতো।  এরপর আবার মূল স্রোতে ঢুকলেন কীভাবে?মিজানুর: প্রথম বিভাগ ক্রিকেটে দুই বছর খেলেছি, বাংলাদেশ বয়েজের হয়ে। প্রিমিয়ারে খেলেছি ৫ বছর। দুই বছর খেলেছি পারটেক্সে, পরে গাজী ট্যাংকে।  ৪ বছর আগে প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক, কিন্তু ম্যাচ খেলেছেন ১৬টি। এই মৌসুমেই ১০টি...মিজানুর: আমার অভিষেক খুলনায়, ২০০৮ সালে। অভিষেকটা ভালো হয়নি, সেভাবে সুযোগও আসেনি। অনেক ভালো ভালো ক্রিকেটার ছিল। কেউ চোট পেলে বা জাতীয় দলে চলে গেলে মাঝেমধ্যে দু-একটি ম্যাচে সুযোগ আসত।  গত লিগে ১৭৬ রানের ইনিংসটাই কি মোড় ঘুরিয়ে দিল?মিজানুর: বলতে পারেন। ওই ইনিংসটার পর অনেকেই আমাকে চিনল। আমার সামর্থ্যের কথা জানল। নিজেও দারুণ আত্মবিশ্বাসী হলাম। তবে ওই ইনিংসের পরও ফাইনালে খেলার সুযোগ পাইনি! দলে জায়গা নিয়ে লড়াইটা এমনই! এই মৌসুমেই নিয়মিত সুযোগ পাচ্ছি।  জাতীয় দলে খেলার লক্ষ্যের কথা জানালেন, নিজেকে কোনো সময় বেঁধে দিয়েছেন?মিজানুর: আমি তো চাই দু-এক বছরের মধ্যে খেলতে। তবে আল্লাহ যখন লিখে রাখেন, তখনই হবে। আমার কাজ রান করা, সেটাই করে যেতে চাই। একদিন জাতীয় দলে খেলবই ইনশাআল্লাহ।  ক্রিকেটে আদর্শ কেউ আছে?মিজানুর: দেশের বাইরে প্রায় সবার মতো শচীন টেন্ডুলকার। দেশে অমি ভাইয়ের (জহুরুল) খেলা সব সময়ই ভালো লাগত, উনাকেই অনুসরণ করেছি।