এএফসি অনূর্ধ্ব-১৯ মহিলা ফুটবলে ভারতের বিপক্ষে হ্যাটট্রিক করেছেন ইরানের ফারহাদি পারভীন। এক ম্যাচ খেলেই নজর কেড়েছেন এই ইরানি স্ট্রাইকার। কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুশীলনের ফাঁকে কথা বললেন নিজের ক্যারিয়ার ও বাংলাদেশ সম্পর্কে ঢাকা শহর কেমন লাগছে?ফারহাদি পারভীন: অনেক বেশি কোলাহল। রাস্তায় বের হলেই একটু পরপর সিগন্যাল। গাড়ির হর্ন—পিপ পিপ, ভোঁ ভোঁ (হাসি)। ভারতের বিপক্ষে তো চমৎকার খেললেন, বাংলাদেশের বিপক্ষে নির্দিষ্ট কোনো লক্ষ্য?ফারহাদি: আমি আমার সেরাটাই খেলব। তবে চাইব ওই দিনের চেয়ে আরও বেশি গোল করতে। বাংলাদেশের খেলা কি দেখেছিলেন?ফারহাদি: না। বাংলাদেশের খেলা দেখতে পারিনি। আপনার ফুটবলে আসার গল্পটা বলবেন?ফারহাদি: আড়াই বছর আগে আমার ফুটবল ক্যারিয়ার শুরু। দলের বর্তমান কোচ মাহনাজের অনুপ্রেরণাতেই মূলত ফুটবলে আসা। আগেও টুকটাক ফুটবল খেলতাম। উনি বিশ্ববিদ্যালয়ে একদিন আমার খেলা দেখে মুগ্ধ হন। আমাকে নিয়মিত ফুটবল খেলার জন্য বলেন। এরপর পরিবারের অনুমতি নিয়ে অনুশীলন ক্যাম্পে যোগ দিই। পড়াশোনা করছেন কোথায়?ফারহাদি: তেহরানের আল জাহরা বিশ্ববিদ্যালয়ে ক্রীড়া বিষয়ে স্নাতক করছি। এই বিশ্ববিদ্যালয়টা শুধুই মেয়েদের জন্য। এটি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়। আপনি কি তেহরানেই বড় হয়েছেন?ফারহাদি: না। ইরানের দক্ষিণ-পশ্চিমের শহর সিরাজে থাকেন বাবা-মা। ছোটবেলা ওখানেই কেটেছে। তেহরান থেকে বাসে যেতে ১০ ঘণ্টা সময় লাগে। আপনাদের পুরো দলের সমন্বয়, ওয়ান টু ওয়ান পাস, বোঝাপড়া—সব মিলিয়ে মনে হয়েছে টোটাল ফুটবল খেলার চেষ্টা করছেন আপনারা। খেলায় ইউরোপিয়ান ঘরানার ছাপ। ইউরোপের খেলা কি দেখেন?ফারহাদি: আমি সময় ও সুযোগ পেলেই ইংলিশ লিগ, স্প্যানিশ লিগের খেলা দেখতে বসে যাই। কোন দলের খেলা বেশি ভালো লাগে?ফারহাদি: বার্সেলোনার। পছন্দের কোনো খেলোয়াড় আছে?ফারহাদি: স্পেনের জাভি। ওর মতো খেলতে ইচ্ছে করে। হিজাব পরে খেলতে কি সমস্যা হয়?ফারহাদি: এটা আমাদের দেশের আইনে আছে, তাই হিজাব পরেই খেলতে হবে। এটা পরে খেলতে মাঝেমধ্যে বেশ সমস্যা হয়। এই ধরুন, কখনো বলে হেড করতে গেলাম তখন হুট করে মাথা থেকে ওটা খুলে পড়ে গেল। তখন হিজাব ঠিক করব, না বল ধরব—বুঝে উঠি না। তবে এটাতে অভ্যস্ত হয়ে গেছি। যেমন খেলছেন তাতে নিশ্চয়ই জাতীয় দলে ডাক পেতে বেশি অপেক্ষা করতে হবে না।ফারহাদি: (হাসি) যদি এটা ধরে রাখতে পারি, তাহলে অসম্ভব কিছু না। আমার স্বপ্ন রয়েছে ইরান মহিলা দলে খেলব। একদিন বিশ্বকাপে যাব আমরা।