‘একদিন মা চুপিচুপি মাঠে গেলেন’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক বছর আগেও ঘরোয়া ফুটবলে কোনো দল পাচ্ছিলেন না। কোচ মারুফুল হকের কল্যাণে শেখ রাসেলে সুযোগ মিলল। অতঃপর জাতীয় দলে সাফ প্রস্তুতির প্রাথমিক ক্যাম্পে ডাক পেলেন। কাল বাফুফে ভবনে রিপোর্টিং করতে এসে ১৯ বছরের তরুণ ডিফেন্ডার নাহিদুল ইসলাম শোনালেন তাঁর উঠে আসার গল্প এক বছর আগের সেই দিনগুলোতে যদি ফিরে যান...। দল পাচ্ছিলেন না...নাহিদুল ইসলাম: এটা আমার কাছে সত্যিই এক অবিশ্বাস্য অনুভূতি। মনে পড়ছে, গত মৌসুমে সবাই নতুন টিমে যাচ্ছে, আর আমি দল ছাড়া ঘুরছি। ব্রাদার্সে তিন বছর খেলে দল পাচ্ছিলাম না। একদিন শেখ রাসেলের কোচ মারুফ স্যারকে ফোন করলাম। ওই একটা ফোনই আমাকে আজ জাতীয় দলের দরজায় এনে দিয়েছে।  তার মানে মারুফুল হক ওই সুযোগটা না দিলে আজ এই জায়গায় আসতে পারতেন না?নাহিদুল: হ্যাঁ, মারুফ স্যার আমার ফোন পেয়ে বললেন, তুমি এসে প্র্যাকটিস করো। প্র্যাকটিসে তিনি আমাকে দেখে রেজিস্ট্রেশন করিয়েছেন। ফেডারেশন কাপে সুযোগ পাইনি। স্বাধীনতা কাপে সব ম্যাচ খেলেছি। লিগে ৬-৭টা বাদে বাকি ম্যাচগুলো খেলার সুযোগ হয়েছে। আমি মারুফ স্যারের কাছে কৃতজ্ঞ, তিনি ওই সুযোগ না দিলে আমি এত দ্রুত উঠতে পারতাম না।  মারুফুল আপনার ভবিষ্যৎ নিয়ে বেশ আশাবাদী। তিনি বলেছেন, আপনি কোচের নির্দেশ অনুযায়ী খেলতে পারেন। আপনার নিজের চোখে ভালো গুণ কোনটা?নাহিদুল: কোচ আমাকে যেভাবে বলেছেন, সেভাবেই খেলার চেষ্টা করেছি। এবার সুপার কাপের ফাইনালে মোহামেডানের মোবারক ভাইকে আটকানোর দায়িত্ব ছিল আমার ওপর। আমার মনে হয় সেটা আমি পেরেছি। কোচ এর আগে ব্রাদার্সে থাকতে এভারটনের সঙ্গে আমার একটা মুভ দেখে আমার খেলা পছন্দ করেন বলে শুনেছি।  কিন্তু জাতীয় দল তো অনেক কঠিন জায়গা। আপনার লেফটব্যাক পজিশনে ওয়ালি, লিঙ্কন, মিশু, ইয়ামিন মুন্না আছেন। মূল দলে আসতে পারবেন?নাহিদুল: জানি মূল জাতীয় দলে জায়গা পাওয়া সহজ নয়। তবে আমি চেষ্টা করব জায়গা করে নিতে। সুপার কাপ দেখে কোচ ক্রুইফ আমাকে পছন্দ করে ক্যাম্পে ডেকেছেন। তাঁর সঙ্গে কাজ করার একটা তীব্র ইচ্ছা আছে। অনেক কিছু শিখতে পারব। আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারব না, এ মুহূর্তে আমার কতটা ভালো লাগছে।  আপনি বিকেএসপির ছাত্র ছিলেন। তা বিকেএসপিতে ভর্তি হওয়ার ইচ্ছাটা কি আপনার, নাকি ঘটনাচক্রে হয়ে গেছে?নাহিদুল: এর পেছনে আছে বিরাট গল্প। দুই বোনের একমাত্র ভাই আমি। বাবা নাটোরে সুগারমিলে চাকরি করেন। তো আমি ছোটবেলা থেকে ফুটবলপাগল। পড়াশোনায় তেমন মন নেই। বাবা-মা তাই খেলায় বাধা দিতেন। তবু চুরি করে খেলতাম। একদিন মা চুপিচুপি আমার খেলা দেখতে নাটোরে আমাদের স্থানীয় মাঠে গেলেন। ব্যস, আমার খেলা ভালো লাগল ওনার। এর পর থেকে আমাকে সহায়তা করতে লাগলেন মা।  তারপর কী হলো?নাহিদুল: বিকেএসপিতে ভর্তির জন্য ট্রায়াল দিয়েছি রাজশাহীতে। সেখানে সুযোগ পেয়ে সাত দিলেন ট্রায়াল হয়েছে, এটা বিকেএসপিতেই। সুযোগ পেয়ে পেলাম। মজার ব্যাপার, আমার মা-ই কিন্তু আমাকে বিকেএসপিসহ সব জায়গায় আনা-নেওয়া করেন। আমার এই জাতীয় দলে ডাক পাওয়ার পেছনে মায়ের অনেক অবদান। আপনার ফেসবুক আইডিতে দেখলাম লিখেছেন, নাহিদরামোস। তার মানে রামোসের ভক্ত আপনি?নাহিদুল: রিয়াল মাদ্রিদের সার্জিও রামোসের ভীষণ ভক্ত আমি। তাঁকে আদর্শ মেনে খেলি। তাঁর জন্যই ফেসবুক আইডিতে ওই নামটা দিয়েছি (হাসি)।