এর আগের ২০০২ বাংলাদেশ গেমসে জিতেছিলেন ৭টি সোনা। তিনটি এসএ গেমসে মাইক্রো সেকেন্ডের ব্যবধানে জিততে পারেননি সোনা, জিতেছেন ৬টি রুপা। ১৪ বছরের ক্যারিয়ারে তাঁর শোকেসে আছে ৪৭টি সোনা, ১৫টি রুপা ও ১০টি ব্রোঞ্জ। অথচ এবারের বাংলাদেশ গেমসে দর্শক সারিতে সাঁতারু জুয়েল আহমেদ। চাঁপাইনবাবগঞ্জের যুবক অনেক ব্যথা ও ক্ষোভ উগরে দিলেন কাল অবসরের ঘোষণা দিয়ে সর্বশেষ বাংলাদেশ গেমসে ৭টি সোনা জিতেছিলেন। অথচ এবার দর্শক। খারাপ লাগছে না?জুয়েল আহমেদ: খুবই খারাপ লাগছে। আমি একজন সাঁতারু। পানিতেই আমাকে মানায়। কিন্তু নামতে পারছি না। বলে বোঝাতে পারব না। হঠাৎ কেন অবসরের সিদ্ধান্ত?জুয়েল: প্রথমত বয়স। সাঁতারের পারিপার্শ্বিক অবস্থাও দায়ী। নিজেও আর সেভাবে ২-৩ বছর ধরে সাঁতারে মনোযোগ দিতে পারছি না। তা ছাড়া ফেডারেশনের আগের কমিটির সঙ্গে আমার বনিবনা হচ্ছিল না। কারণ বরাবর আমি খেলোয়াড়দের পক্ষে কথা বলতাম। ক্যাম্পে থাকাকালে বিভিন্ন সময়ে সুযোগ-সুবিধাবঞ্চিত হয়েছি, এসব নিয়ে আমিই প্রতিবাদ করতাম। কারণ সিনিয়র খেলোয়াড় হিসেবে আমার একটা দায়িত্বও ছিল। এসব করেছি বলে অনেকের স্বার্থে ব্যাঘাত ঘটত। এ জন্য অনেক সময় অনেক কিছু মুখ বুজে সহ্য করতে হয়েছে। এখন মনে হয়েছে সাঁতারটা ছেড়ে দেব। অবসরের মূল কারণ এটাই। তবে নৌবাহিনীর আন্তবিভাগীয় খেলায় অংশ নেব। এর পরও কি সাঁতারের সঙ্গেই থাকবেন?জুয়েল: হ্যাঁ। এখনো অবশ্য সাঁতারের সঙ্গেই আছি। নৌবাহিনীতে কোচিং করাব। মেয়েদের অনুশীলন করাচ্ছি নিয়মিত। পেছনে ফিরে তাকালে এই লম্বা ক্যারিয়ারে প্রাপ্তি-অপ্রাপ্তি কী দেখেন?জুয়েল: প্রাপ্তি বলতে দেশের হয়ে সব পর্যায়ে খেলেছি। অলিম্পিক, কমনওয়েলথ, এশিয়ান গেমস, এসএ গেমস, যুব কমনওয়েলথ গেমসও খেলেছি। তবে জীবনে একটা জিনিস পাইনি, সেটা হলো সাফে সোনা। এটা আমাকে এখনো কষ্ট দেয়। আমি তিন-তিনটি সাফ গেমসে মাইক্রো সেকেন্ড, ন্যানো সেকেন্ডে মার খেয়েছি। এ জন্য আমার মনে ক্ষোভ আছে, কষ্ট আছে। আমি কোরিয়ান কোচ পার্ক তে গুনকে পেয়েছি ২০১০ সালে। তখন আমার সময় শেষের দিকে। আমি যদি তাকে আমার শুরুর সময়ে পেতাম, অনেক ভালো করতাম। কিন্তু একবার তো থাইল্যান্ডে ট্রেনিংয়েও গিয়েছিলেন?জুয়েল: গিয়েছিলাম মাত্র দেড় মাসের জন্য। একজন সাঁতারুকে একজন কোচের বুঝতেই লাগে এক বছর। দেড় মাস কিছুই না। আমাকে দেখে ওখানকার কোচ প্রশংসা করেছিলেন। বলেছিলেন, দীর্ঘ মেয়াদের জন্য এসো। আমি যেতে পারিনি। আরও ভালো ট্রেনিং পেলে অবশ্যই আরও ভালো করতাম। সাফে আমাদের সোনার পদকের জন্য কান্নাকাটি করতে হতো না। আমার প্রতিদ্বন্দ্বীরা সবাই অস্ট্রেলিয়া, ইংল্যান্ডে ট্রেনিং করেছে। আমি কোথাও যেতে পারিনি। বাংলাদেশের সাঁতারের ভবিষ্যৎ কেমন দেখেন?জুয়েল: এভাবে গেলে একদিন রুপার জন্যও হাহাকার উঠবে। গত এসএ গেমসে আমরা একটাও সোনা পাইনি। এর পেছনেও কারণ ছিল। কোচ যা চেয়েছেন সেভাবে কিছুই পাননি। কোচও অনেকভাবে অপদস্থ হয়েছেন। কোচকে অনেকে মূল্যায়ন করেনি। যেভাবে আমাদের প্র্যাকটিসের গ্রাফ ওপরে নিয়ে গিয়েছিলেন, সেই সুযোগ-সুবিধা দেওয়া হয়নি। অলিম্পিক টাকা দিয়েছিল। কিন্তু সেটা অনেক পরে। ফেডারেশন তার আগে নিজেদের খরচে ক্যাম্প চালিয়ে নিতে পারত। সেটা করেনি। আমরা কিন্তু পরে অলিম্পিকের দেওয়া টাকাগুলো পকেটে পুরেছি। লাভ কিছুই হয়নি। নতুন কমিটির কাছে কী প্রত্যাশা?জুয়েল: এখন থেকে যত্ন নিলে হয়তো ভালো করবে সাঁতারুরা। কারণ আমাদের সাঁতারুরা কষ্ট করতে পারে। নতুন সাধারণ সম্পাদক প্রতিশ্রুতি দিয়েছেন কিছু একটা করবেন। দেখা যাক কী হয়!