‘একদিন সোনা জিততে চাই’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাতের পুতুল সরিয়ে রেখে সেই হাতে সে তুলে নিয়েছে রাইফেল। বগুড়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী উম্মে ছালছাবিল (সারাহ) প্রথমবারের মতো এসেছে ইস্টার্ন হাউজিং আন্তক্লাব শ্যুটিং প্রতিযোগিতায়। টুর্নামেন্টের সর্বকনিষ্ঠ বগুড়া সেনা শ্যুটিং ক্লাবের এই শ্যুটার গুলশান শুটিং কমপ্লেক্সে বসে কাল শোনাল নিজের স্বপ্নের কথা... এই প্রথম কোনো প্রতিযোগিতায় এলে তুমি? উম্মে ছালছাবিল (সারাহ): হ্যাঁ। এবারই প্রথম বড় কোনো খেলায় এলাম। তুমি তো ঠিকমতো বন্দুকই ধরতে পার না। তবুও ফায়ার করছ, ভয় লাগে না?ছালছাবিল: না। আমার একদমই ভয় লাগে না। বরং খুবই আনন্দ হচ্ছে যে এত তাড়াতাড়ি আমি এমন জায়গায় খেলতে পারছি। তোমার বয়সের মেয়েরা তো পুতুল নিয়ে খেলে, গোল্লাছুট-দাঁড়িয়াবাঁধা নিয়ে ব্যস্ত থাকে। তুমি কেন এই বন্দুকের খেলায় এলে?ছালছাবিল: ছোটবেলা থেকেই শ্যুটিংয়ে আগ্রহ ছিল আমার। বাবা পারভেজ আহমেদ শ্যুটার ছিলেন। উনি এখন বগুড়া সেনা শ্যুটিং ক্লাবের কোচ। একদিন ৫০ মিটার রাইফেল ওপেন সাইট ইভেন্টের প্র্যাকটিসের সময় বাবাকে বললাম, আমি গুলি করব। বাবা আমার হাতে রাইফেল তুলে দিলেন। গুলিও লোড করে দিলেন। গোল দাগের মধ্যে সব কটি গুলি ঠিক ঠিক লাগিয়েছিলাম। এর পর থেকেই আমার শ্যুটার হওয়ার ইচ্ছা হলো।  তুমি তো বগুড়া সেনা শ্যুটিং ক্লাবের মতো ছোট্ট জায়গায় অনুশীলন করো, এখানে এত বড় রেঞ্জে প্রথমে ঢুকেই কেমন লাগছিল?ছালছাবিল: এখানে পা দিয়েই খুব ভালো লাগছিল। এত বড় জায়গা দেখে মনে হচ্ছিল, কখন রাইফেল হাতে নেব। কখন টার্গেটে গুলি করব। রেঞ্জে গিয়ে গুলি করার জন্য হাত নিশপিশ করছিল। বাবাকে তো দু-একবার বলেও ফেলেছি, কখন প্রতিযোগিতা শুরু হবে। বাবা বলেছিলেন চিড়িয়াখানায় নিয়ে যাবেন, সেখানেও যেতে রাজি হইনি। তুমি যে শ্যুটিং করো, বন্ধুরা জানে?ছালছাবিল: না, আমার প্রধান শিক্ষিকা ছাড়া কাউকে জানাইনি। আর আমার বন্ধুরা তো পিচ্চি পিচ্চি (হাসি...)।  তোমাকে শ্যুটিংয়ে আসার অনুপ্রেরণা দিল কে?ছালছাবিল: আমার বাবা ছাড়াও বগুড়া ক্যান্টনমেন্টের ব্রিগেডিয়ার জেনারেল শাহ আতিকুর রহমান স্যার আমাকে দারুণ উৎসাহ দেন। যে রাইফেল দিয়ে অনুশীলন করো তাতে কি সন্তুষ্ট?ছালছাবিল: ঠিক সন্তুষ্ট না। তবে পুরোনো আমলের খারাপ রাইফেলেই আমি অভ্যস্ত হয়ে গেছি। উন্নতমানের রাইফেল পেলে আরও ভালো হতো।  শ্যুটিংয়ে তোমার আদর্শ কে?ছালছাবিল: সাদিয়া আপু (সাদিয়া শারমিন)। ওনার সঙ্গে মোবাইলে কথাও হয়।  সবাই তো এখানে শ্যুটিংয়ের পোশাক পরেছে। তুমি দেখছি শুধু ট্র্যাকসুট আর স্কুল কেডস পরেছ...ছালছাবিল: কী করব? আমার তো কিছুই নেই। শ্যুটিংয়ের গিয়ার্স, শ্যুটিং কেডস, স্টপার ছাড়া তো কেউ শ্যুটিং করতে পারে না। আমাদের ক্লাবের এগুলো নেই। খুব খারাপ লাগে আমার। তুমি শ্যুটিংয়ের সব নিয়ম-কানুন কতটা জানো?ছালছাবিল: আগে থেকে কিছু কিছু জানতাম। এখানে এসে আরও অনেক কিছু শিখে ফেলেছি। শ্যুটিং নিয়ে কেমন স্বপ্ন দেখো তুমি?ছালছাবিল: আসিফ ভাই (আসিফ হোসেন খান), রত্না আপুদের (শারমিন সুলতানা) মতো একদিন সোনা জিততে চাই।