ঢাকার পাইওনিয়ার ফুটবল লিগে নিয়মিত খেলেছে নোয়াখালী ফুটবল একাডেমি। এবার কিছু তরুণ খেলোয়াড় নিয়ে দলটি খেলছে চলমান গ্রামীণফোন ফেডারেশন কাপে। দলটির জাতীয় পর্যায়ে উঠে আসতে বড় ভূমিকা রেখেছেন কোচ জহিরউদ্দিন কিসমত। কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে মুক্তিযোদ্ধার সঙ্গে ম্যাচ পরিত্যক্ত হওয়ার পর বললেন দলটির উঠে আসা নিয়ে জাতীয় পর্যায়ে নোয়াখালী ফুটবল একাডেমি এবারই প্রথম খেলছে। তা কী উদ্দেশ্য নিয়ে আপনারা ফেডারেশন কাপে খেলছেন?জহিরউদ্দিন কিসমত: আমাদের লক্ষ্য যতটা সম্ভব সামনে এগোনো। এ ক্লাবটি ঢাকায় পাইওনিয়ার লিগ খেলছে ২০০৩ সাল থেকে। এবারও খেলবে। ২০০৭-০৮ সালে বিকেএসপিকে হারিয়ে আমরা পাইওনিয়ার লিগে তৃতীয় হয়েছি ৭০টি দলের মধ্যে। এর আগে ঢাকায় শুধু পাইওনিয়ারে খেলার সেই অভিজ্ঞতা আছে আমাদের। এখন আমরা চাই, জাতীয় পর্যায়ে প্রতিষ্ঠা পেতে। দলটা গড়েছেন কীভাবে এবং কাদের নিয়ে? জহিরউদ্দিন: পাইওনিয়ারে খেলেছে যারা, তাদের নিয়ে তো আর এই পর্যায়ের দল করা যায় না। সিনিয়র খেলোয়াড় নিয়েই দলটা করেছি। এখানে নোয়াখালীর স্থানীয় ২০ জন খেলোয়াড় আছে। আর ঢাকা থেকে নিয়েছি ৮-৯ জন। নোয়াখালীতে ফুটবল লিগ হয়? হলে এই ফুটবল একাডেমির অবস্থান কত?জহিরউদ্দিন: হ্যাঁ, নোয়াখালীতে লিগ হয়। আগামী মাসেই নতুন লিগ শুরু হওয়ার কথা। আমাদের অবস্থান সে রকম বলার মতো নয়। আমাদের এটি আসলে একটা একাডেমি। বলতে পারেন আমার ব্যক্তিগত একটা উৎসাহ আছে বলে এত দূর আসা সম্ভব হয়েছে। এবার ফেডারেশন থেকে যখন বলল, ঢাকার বাইরের দল নেবে, তখন আমি আগ্রহী হই। যেহেতু নোয়াখালীর মাইজদীতে আমাদের একটা একাডেমি আছে, কাজেই সেই একাডেমির নাম দিয়ে আমরা ফেড কাপে খেলতে পারি। এ সুযোগটাই আমরা নিয়েছি। একাডেমি সম্পর্কে কিছু বলুন। এটি কী ধরনের একাডেমি?জহিরউদ্দিন: এখানে দুই শ থেকে আড়াই শ ফুটবলার আছে। আমিসহ তিন-চারজন কোচ তাদের ফুটবল শেখাই। কিছুদিন আগে পার্ক নামে আমাদের একজন কোচ দিয়েছে দক্ষিণ কোরিয়ান কাইকা। তাঁর সহায়তায় ছেলেরা অনুশীলন করেছে। গত ২৫ ফেব্রুয়ারি ঢাকায় আমরা একটা কোচিং ক্যাম্প উদ্বোধন করি। ফুটবল ফেডারেশনের সভাপতি সালাউদ্দিন ভাই ছিলেন, ছিলেন নোয়াখালীর জেলা প্রশাসক সিরাজউদ্দিন সাহেব। সালাউদ্দিন ভাই বলেছেন, আমাদের কিছু সুযোগ-সুবিধা দেবেন যাতে করে আমরা উঠে আসতে পারি। এই দল নিয়ে স্থানীয়ভাবে কেমন সাড়া পেয়েছেন?জহিরউদ্দিন: স্থানীয় সাংসদ একরামুল করিম ভাই সহায়তার আশ্বাস দিয়েছেন। স্থানীয় ডিসি সাহেবও সহায়তা করেন। তিনি আমাদের একটা জায়গা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। ওটা পেলে প্রাতিষ্ঠানিক একটা ভিত্তি পাবে ক্লাবটি। তখন সামনে এগোতে আরও সাহস পাব আমরা। সামনে পেশাদার লিগে খেলার স্বপ্ন দেখেন আপনারা?জহিরউদ্দিন: অবশ্যই দেখি। তবে এটা সহজ নয়। এ জন্য আমাদের বড় স্পনসর দরকার। এ মুহূর্তে যা অবস্থা, তাতে এখনই হয়তো এত বড় লক্ষ্য পূরণ সম্ভব হবে না। তার পরও আমরা একবার খেলেই চলে গেলাম, এমন মানসিকতা নিয়ে আসিনি। সামনে পেশাদার লিগের দ্বিতীয় স্তরে খেলতে চাই। আপনি কত দিন আছেন দলটির সঙ্গে? জহিরউদ্দিন: আমার বাড়িও নোয়াখালী। ১৯৮৪ থেকে ২০০২ সাল পর্যন্ত মুক্তিযোদ্ধা, বাড্ডা, অগ্রণী ব্যাংকসহ ঢাকার অনেক দলের হয়েই ফুটবল খেলেছি আমি। এই একাডেমির শুরু থেকেই আছি। দলটির কোচ, কর্মকর্তা—সবই আমি। এর যাত্রা শুরু ২০০৩ সালে। এখন আমাদের ঠিকানা নোয়াখালীর মাইজদীতে জেলা পরিষদের সচিবের পরিত্যক্ত বাড়ি, সেখানেই ছেলেরা থাকে। ওই বাড়িটা আমাদের স্থায়ীভাবে দেওয়ার কথাবার্তা চলছে।