‘একবার প্রিয় মুখটা দেখতে চাই’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পোশাক কারখানায় ‘আয়রনম্যান’ হিসেবে যাঁর সংগ্রামী জীবনের শুরু, তাঁর আর বাহারি ছবি তোলার সুযোগ কয়বার হয়? শাহীন মিয়ার ছবি বলতে তাই পরিচয়পত্রের জন্য তোলা এক কপি ছবির কথাই মনে পড়ে স্ত্রী শাহনাজ বেগমের। জীবনের বিনিময়ে হলেও এখন সেই ছবিটাই চাই শাহনাজের। একবার স্বামীর মুখটুকু দেখতে চান তিনি।গতকাল বুধবার শাহীনের সহকর্মী আর স্বজনেরা যখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাঁর লাশ বাড়িতে নিয়ে আসার প্রস্তুতি নিচ্ছেন, শাহনাজ তখন আশুলিয়ার হা-মীম গ্রুপের কারখানাটির সামনে প্রতীক্ষায় দাঁড়িয়ে। মনে একের পর এক প্রশ্নের স্রোত। লাশের সঙ্গে থাকবে কি তাঁর পরিচয়পত্রটি? আগুন কতটা বদলে দিয়েছে সেই প্রিয় মুখ? আর কখনো দেখা হবে না বলেই কি স্বামীকে দেখার জন্য এত ব্যাকুল হয়ে উঠেছিল তাঁর মন?শাহনাজের মতো এমন আরও অনেক স্বজনহারা মানুষ গতকাল ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকেছেন অগ্নিকাণ্ডের শিকার কারখানাটির মূল ফটকের বাইরে। পঞ্চাশোর্ধ্ব সুফিয়া বেগম বারবার মূর্ছা যাচ্ছিলেন। তিনি গতকাল সকালে নেত্রকোনা থেকে এসেছেন একমাত্র মেয়ে রাজিয়া বেগমের খোঁজে। এই মেয়ে পেটে থাকতেই স্বামীকে হারিয়েছিলেন সুফিয়া। ছোট্ট দুই ছেলেকে রেখে চলে গেছেন রাজিয়ার স্বামী। এখন সে-ও নিখোঁজ। দুই চোখে অন্ধকার দেখছিলেন বৃদ্ধা। মেয়েটা বেঁচে আছে, না মারা গেছে তা কেউ জানে না। এখন কী হবে তাঁর, কী হবে রাজিয়ার দুই ছেলে কাবুল আর লিটনের।পিয়াস আলী শেখ খুঁজে পাচ্ছিলেন না চাচাতো ভাই তারা শেখকে। মাত্র দুই মাস আগে পিয়াসই তাঁকে রাজশাহীর পুঠিয়া থেকে নিয়ে এসেছিলেন। তাঁরা প্রত্যেকে মা-বাবার একমাত্র সন্তান। পিয়াস এখন কী জবাব দেবেন তাঁদের? স্বজনদের চিন্তায় দিশেহারা এই মানুষগুলো যেন ঘোরের মধ্যে আছেন। উদ্ভ্রান্তের মতো একবার ছুটছেন হাসপাতালে, আবার দৌড়াচ্ছেন নরকে পরিণত হওয়া সেই কারখানায়। ছোটার আর যেন শেষ নেই। মনে আশা, কোথাও না কোথাও তো নিশ্চয়ই আছেন স্বজনেরা, জীবিত বা মৃত। নাজমা আক্তার সেই আশাতে মঙ্গলবার রাত থেকে সাভার তো বটেই, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পর্যন্ত চষে বেড়িয়েছেন বোন শাহীন আক্তার ও তাঁর স্বামী ওমর ফারুকের খোঁজে। কিন্তু পাননি। এক অসহনীয় ভারী পরিবেশ। মা খুঁজে পাচ্ছেন না সন্তানকে, ভাই ভাইকে হারিয়ে ফেলেছে, বোন জানে না কী ঘটেছে ভাইয়ের ভাগ্যে...।কারখানার মূল ফটকের সামনে ভিড় করে থাকা মানুষগুলোর অভিযোগ, তাঁরা মালিকপক্ষের কাছে পৌঁছতে পারছেন না। কারখানা ঘিরে আছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজন। স্বজনেরা বেঁচে আছেন না মারা গেছেন, সেটুকু জানার অধিকারও কি তাঁদের নেই—এমন প্রশ্ন সবার মুখে। তবে কর্তৃপক্ষের দাবি, মৃতের সংখ্যা ২৩ এবং তাঁদের এরই মধ্যে চিহ্নিত করা হয়েছে। তাঁরা বলছেন, আহত ৫২ জনের মধ্যেই হয়তো রয়েছেন এই নিখোঁজ থাকা মানুষেরা।কিন্তু কারখানার ভেতরে যাঁরা গতকাল কাজ করছিলেন তাঁরা এতে আশ্বস্ত হচ্ছিলেন না। তাঁদের মনে প্রশ্নের অন্ত নেই। লাফ দিয়ে বা অন্যভাবে নামার চেষ্টা না করে অনেকেই সাহায্যের জন্য জানালা দিয়ে হাত নাড়ছিলেন। তাঁদের কী হলো? তাঁরা কি শেষ পর্যন্ত বের হতে পেরেছিলেন, না আগুনের কাছে হেরে গেছেন? তাঁদের বেঁচে থাকা মরে যাওয়ায় কি কারও কিছু এসে যায়?একজন শ্রমিক ক্ষোভের সঙ্গে বললেন, এত উঁচু বিল্ডিংয়ের একটা ছাদ পর্যন্ত নেই! সেখানেও গুদামঘর আর ক্যানটিন। হেলিকপ্টার নামতেই পারলো না। তেতে থাকা আরেক শ্রমিকের মন্তব্য, ‘আগুন নেভানোর জন্য পানি পাওয়া যায়না, অথচ শ্রমিক যখন ন্যায্য অধিকারের দাবিতে রাস্তায় নামে, তখন এক মিনিটের মধ্যে গরম পানির গাড়ি চলে আসে।’এসব দুঃখ, ক্ষোভ ও হতাশার গল্প চলছে কারখানার ভেতরে-বাইরে। চলবে আরও কয়েকটি দিন। তারপর আবারও সচল হবে কারখানাটির যন্ত্র আর তাদের পেছনের পরিশ্রমী মানুষগুলো। শুধু স্বজনহারা কিছু মানুষ আর কখনো দেখবে না সেই প্রিয়মুখ।