‘একশ বস্তা চাল’ আবারও পুরস্কার পেল
বাংলাদেশ-জাপানের কূটনৈতিক সম্পর্কের ৪০ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমী এবং ঢাকার জাপান দূতাবাসের যৌথ প্রযোজনা একশ বস্তা চাল নাটকের মঞ্চায়ন হবে আজ বৃহস্পতিবার।সন্ধ্যা সাতটায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে নাটকটি মঞ্চস্থ হবে। বহুল প্রদর্শিত এ প্রযোজনাটি ২০০৮ সালে আন্তর্জাতিক থিয়েটার ইনস্টিটিউট ‘উচিমুরা’ পুরস্কার পায়। এ বছরও ‘নাগাওকা খোমেআপ্পিও ফাউন্ডেশন’ থেকে পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছে নাটকটি। আগামী জুন মাসে এ পুরস্কার দেওয়া হবে বলে জানা গেছে। জাপানের নবজাগরণ এবং শিক্ষার গুরুত্ব নিয়ে ১৪০ বছর আগের সমাজ-বাস্তবতা নিয়ে রচিত এই নাটক। নাটকটি রচনা করেছেন ইয়োজো ইয়ামামোতো। অনুবাদ করেছেন অধ্যাপক আবদুস সেলিম; নির্দেশনা দিয়েছেন গোলাম সারোয়ার। এই নাটক প্রযোজনায় ঢাকার বিভিন্ন নাট্যদলের বিশিষ্ট অভিনেতা ও অভিনেত্রীরা অংশ নিয়েছেন। এরই মধ্যে নাটকটির ঢাকা ও ঢাকার বাইরে মোট ৪৮টি প্রদর্শনী হয়েছে