‘একসঙ্গেই বড় হয়েছি আমরা’
এখন রাজনীতিবিদের স্ত্রী হলেও একসময় ছিলেন ক্রিকেটারের স্ত্রী। ক্রিকেটের প্রতি আবেগ আর আগ্রহ রয়ে গেছে এখনো। মোহামেডান-পরিবারের পুনর্মিলনীতে অংশ নিতে কাল সন্ধ্যায় স্বামী অর্জুনা রানাতুঙ্গার সঙ্গে ঢাকায় পৌঁছে খবর নিলেন, এখানে স্পোর্টস ইলাস্ট্রেটেড ইন্ডিয়ার কোনো কপি পাওয়া যাবে কি না। ম্যাচ পাতানো নিয়ে পত্রিকাটি কী লিখেছে? সামুদারা রানাতুঙ্গা কথা বলেছেন ক্রিকেট আর তাঁর জীবন নিয়েও কেমন লাগছে ঢাকায় এসে?সামুদারা: খুবই ভালো লাগছে। ১৯৮৮ সালে অর্জুনার সঙ্গে এসে এখানে তিন মাস ছিলাম। তখনকার তুলনায় অনেক বদলে গেছে ঢাকা। তখন এসে সাইকেলের মতো তিন চাকার একটা বাহনই (রিকশা) বেশি দেখেছি, এবার দেখছি অনেক গাড়ি! বড় বড় দালান-কোঠাও হয়েছে। অর্জুনা রানাতুঙ্গাকে কত দিন ধরে চেনেন? বিয়ের আগেও পরিচয় ছিল?সামুদারা: চিনি তো ছোটবেলা থেকেই (হাসি)। আমার বাবার বোন হচ্ছে ওর মা, মানে আমরা মামাতো-ফুপাতো ভাই-বোন। জানাশোনাটা পারিবারিকভাবেই। একসঙ্গেই বড় হয়েছি আমরা। একসময় ক্রিকেটারের স্ত্রী ছিলেন। এখন রাজনীতিবিদের স্ত্রী। কোন জীবনটা ভালো?সামুদারা: অবশ্যই ক্রিকেটারের স্ত্রীর জীবন। ওই সময় খেলোয়াড়েরা টাকার পেছনে ছুটত না। শ্রীলঙ্কার হয়ে খেলছে—এটাই ছিল বড় ব্যাপার। ক্রিকেটারের স্ত্রী-পরিবারকেও অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। তার পরও জীবনটা ছিল উপভোগ্য। ক্যারিয়ারের খারাপ সময়ে কীভাবে স্বামীকে সাহায্য করতেন?সামুদারা: খারাপ সময়ে ওকে উৎসাহ দিতাম। ও নিজেও বুঝত এসব সাময়িক। নিজেকে কীভাবে ফিরিয়ে আনা যায় সেই চেষ্টা করত। কোনো ম্যাচে খারাপ খেললে বা দল থেকে বাদ পড়লে ঘরে বসে ভিডিওতে নিজের ভুলগুলো ধরত। কী কী করতে হবে, সেই তালিকা করত। নিজেই পারফরম্যান্সের গ্রাফ আঁকত। বাচ্চাদের নিয়ে পাশে বসে বসে দেখতাম ওর কাজ। বাচ্চাদের কথা বলুন। ছেলেমেয়ে কয়জন?সামুদারা: এক ছেলে, এক মেয়ে। দুজনই ইংল্যান্ডে পড়াশোনা করছে। ছেলে ধায়ান বড়, ও থাকে লিডসে। মেয়ে থিয়াঙ্গিয়া লন্ডনে। ঢাকা থেকে আমি তার কাছেই যাব। আমরা চাই ছেলেমেয়ে আমাদের সংস্কৃতিটা ধরে রাখুক। আমি, অর্জুনা আর আমার ভাই সে জন্য পালা করে গিয়ে গিয়ে মেয়ের সঙ্গে থাকি। ছেলের কাছেও যাই মাঝে মাঝে। ছেলের ক্রিকেটের প্রতি আগ্রহ নেই?সামুদারা: ও তো ক্রিকেট খেলেই! লিডসে কলেজ দলের হয়ে খেলে। শ্রীলঙ্কাতেও খেলেছে। পড়াশোনা শেষ করে সে দেশে ফিরে খেলতে চায়। জাতীয় দলে খেলারও ইচ্ছা আছে। তবে নানা কারণেই আমরা চাই না ও ক্রিকেটার হোক। আপনি নিজে কিছু করছেন? নাকি শুধুই গৃহবধূ...সামুদারা: গৃহবধূই বলতে পারেন। তবে পারিবারিকভাবে আমাদের পাওয়ার প্ল্যান্টের ব্যবসা আছে। অর্জুনা তো সময় পায় না, ব্যবসাটা তাই আমিই দেখাশোনা করি। আর রাজনীতি পছন্দ না করলেও এখানেও তাঁকে সাহায্য করতে হয়। নির্বাচনী এলাকায় ওর প্রোগ্রামগুলো আমিই সেট করি। ক্রিকেটকে তো দীর্ঘদিন ধরে কাছ থেকে দেখছেন। তখনকার ক্রিকেট আর এখনকার ক্রিকেটের কী পার্থক্য চোখে পড়ে?সামুদারা: আগেই বলেছি, তখন ক্রিকেটাররা টাকার পেছনে ছুটত না। অর্জুনার কথাই ধরুন। ক্রিকেট তাঁর কাছে ধর্মের মতো। ক্রিকেট নিয়ে ও দুটো কথা বললে লোকে শোনে। শ্রীলঙ্কার মানুষের কাছে তাঁর একটা অবস্থান আছে। ক্রিকেটে এখন অনেক কিছু এসেছে, কিন্তু খেলার প্রতি আগের সেই শ্রদ্ধাটা যেন আর নেই! ম্যাচ ফিক্সিং নিয়ে অনেক কথা হচ্ছে ইদানীং। ইন্টারনেটে দেখলাম রানাতুঙ্গাও নাকি বলেছেন, শ্রীলঙ্কার ম্যাচ ফিক্সিং নিয়ে তাঁর কিছু বলার আছে...সামুদারা: এটা ভুল কথা। অর্জুনা ম্যাচ ফিক্সিং নিয়ে কারও সঙ্গেই কোনো কথা বলেনি। ওর বক্তব্য বিকৃত করা হয়েছে। ম্যাচ ফিক্সিংয়ের কথা তো বলেছে হাশান তিলকারত্নে। আমরা এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়ার কথা ভাবছি।