ফেডারেশন কাপে তাঁর পায়ে ছিল ব্রাজিলীয় ঝলক। অনেক দিন পর ভালো মানের একজন বিদেশি এল বাংলাদেশের ফুটবলে—এভারটন সুজা সান্তোসকে দেখে সবাই একবাক্যে এমন রায় দিয়েছিল। কিন্তু বাংলাদেশ লিগের প্রথম দুই ম্যাচে ম্রিয়মাণই দেখাল ২৬ বছর বয়সী ব্রাদার্স মিডফিল্ডারকে। কাল ম্যাচের পর ভাঙা ভাঙা ইংরেজিতে জানালেন, ইনজুরিই আসল কারণ আপনাকে আগের মতো মাঠে চেনা যাচ্ছে না কেন?এভারটন সুজা সান্তোস: চেনা যাবে কী করে, আমার যে হালকা ইনজুরি আছে এখনো। এই দেখেন (বাঁ পা দেখিয়ে) পা এখনো ঠিক হয়নি। তাহলে খেলছেন কেন?এভারটন: অনেকটা সেরে উঠেছি। সমস্যাটা বড় কিছু নয়। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তা হয়তো হবে। কিন্তু আপনার কাছে দর্শক এবং আপনার দলের প্রত্যাশা তো অনেক...এভারটন: আমি জানি। চেষ্টা করছি ভালো খেলতে। সবে তো দুটি ম্যাচ হয়েছে। আরও দু-তিনটি ম্যাচ খেললে পুরো ছন্দ পেয়ে যাব আশা করি। এমনিতে মাঠে দেখা যায়, আপনার সঙ্গে সতীর্থদের বোঝাপড়ার অভাব। এটা কেন?এভারটন: সবাই একই রকম খেললে বোঝাপড়ায় সমস্যা হয় না। কিন্তু দু-তিনজন ভালো খেলল, বাকিরা তাদের সেভাবে সমর্থন দিতে পারল না, তখন তো দল এর ফল পাবে না। হয়তো ঠিকই। কিন্তু অনেকেই আপনার ব্যক্তিগত নৈপুণ্যের ঝলকও দেখতে চায়....এভারটন: দেখুন, আমি একা কিছু করতে পারব না। ফুটবল তো একজনের খেলা নয়। এটা সবাইকে বুঝতে হবে। বাফুফে যে ফিটনেস টেস্ট নিয়েছে, ব্রাদার্সের অন্য বিদেশিসহ আপনি পঞ্চমবারের পরীক্ষাটা দিয়েছেন। আগে দেননি কেন?এভারটন: ফিটনেস পরীক্ষা আগে দিইনি, কারণ পরে দেওয়ার সুযোগ ছিল। আগেই বলেছি আমাদের কিছু ইনজুরির সমস্যা ছিল। সে জন্যই পরে দিয়েছি। এই বিপ বা ব্লিপ টেস্টে ২০ মিটার দূরত্ব এক মিনিটে সর্বোচ্চ ৮-৯ বার দৌড়াতে হয়। বিদেশিদের এই টেস্ট নেওয়ার ব্যাপারে আপনার মত কী?এভারটন: আমার কোনো মত নেই। এ ব্যাপারে কিছু বলতেও চাই না। ফেডারেশন এটা নিয়েছে এবং আমরা টেস্ট দিয়ে পাস করেছি, ব্যস। ব্রাদার্স এবার ট্রায়াল নিয়ে চারজন বিদেশি নিয়েছে। তাঁর মধ্যে আপনি একজন। ট্রায়াল দিতে কেমন লেগেছিল?এভারটন: আমাকে তো আমার এজেন্ট এখানে এনেছে। অন্যদের ব্যাপারে বলতে পারব না, তবে ট্রায়ালের প্রথমেই কর্মকর্তারা পছন্দ করেন। আমি যে ব্রাজিল থেকে এসেছি, সেটা তাঁদের বোঝাতে পেরেছি শুরুতেই। আপনার সঙ্গে তো ব্রাজিলিয়ান আরেকজন খেলোয়াড় (ড্যানিলো) আছেন ব্রাদার্সে। তিনি কিন্তু সেভাবে নজর কাড়ছেন না...এভারটন: আবারও বলি, আমরা বিদেশিরা আমাদের খেলাটা খেলছি। ড্যানিলোও ভালো খেলছে। কিন্তু ওই যে সবাইকেই ভালো খেলতে হবে। সে জন্য হয়তো দু-তিনজনের ভালো খেলাটা চোখ এড়িয়ে যায়। ব্রাজিলের ফুটবলের সঙ্গে বাংলাদেশের ফুটবলের পার্থক্য কোথায় চোখে পড়েছে আপনার?এভারটন: ব্রাজিলিয়ানরা ওয়ান টাচ ফুটবল খেলে। কিন্তু এ দেশে সেটা নেই। ওয়ান টাচে না খেললে খেলায় গতি থাকে না। আমরা সবাই সেভাবেই খেলতে অভ্যস্ত। বাংলাদেশে এটির অভাব দেখছি। আপনি তো সাও পাওলোর লোক। পরিবারে আর কেউ ফুটবল খেলে?এভারটন: না, আমার পরিবারে শুধু আমিই ফুটবল খেলি। বাবা কনস্ট্রাকশনের কাজ করেন। এক ভাই আছেন। সে ফুটবলে আসেনি।