‘একাডেমির আলাদা সত্তা থাকতে হবে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউ সাউথ ওয়েলসের ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে দারুণ কাজ করেছেন। ছিলেন ক্রিকেট অস্ট্রেলিয়ার বিভিন্ন ডেভেলপমেন্ট প্রোগ্রামেও। বাংলাদেশের জিপি-বিসিবি একাডেমির নতুন ম্যানেজার কাম হেড কোচ রস টার্নার কাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বসে কথা বললেন দক্ষিণ আফ্রিকা একাডেমির বিপক্ষে চলতি সিরিজ ও তাঁর ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে ইনিংস ব্যবধানে হারার পরের ম্যাচেই ইনিংস ব্যবধানে জয়, রহস্য কী?রস টার্নার: প্রথম ম্যাচে আমরা কিছু ভুল করেছিলাম, ওরা সেই ভুলগুলোর ফায়দা লুটেছে। দক্ষিণ আফ্রিকা তাদের পরিকল্পনা কাজে লাগাতে পেরেছিল, আমরা পারিনি। কিন্তু এই ম্যাচে আমরা পরিকল্পনা কাজে লাগাতে পেরেছি। স্পিনাররা ঠিক লাইন-লেন্থে ক্রমাগত বোলিং করেছে। এই ম্যাচের বড় প্রাপ্তি হলো লংগার ভার্সন ব্যাপারটা ছেলেরা ধরতে পেরেছে। ব্যাটসম্যানরা উইকেটে থাকতে চেয়েছে। উইকেটেরও নিশ্চয়ই একটা বড় ভূমিকা আছে? ফতুল্লার উইকেটে ঘাস ছিল, মিরপুরের উইকেট স্পিন উপযোগী...টার্নার: উইকেটে কিন্তু খুব বেশি পার্থক্য নেই। এই উইকেটে বাউন্সটা হয়তো একটু কম ছিল। কিন্তু দুটি উইকেটই ভালো। ফতুল্লায় খুব ভালো ক্রিকেট উইকেট ছিল, আমার মতে প্রথম শ্রেণীর ক্রিকেটের জন্য অসাধারণ উইকেট। পেসারদের জন্য সহায়তা ছিল, কিন্তু ব্যাটিংয়ের জন্যও ভালো ছিল। কোনো ব্যাটসম্যান থিতু হয়ে গেলে তার জন্য দারুণ উইকেট। প্রথম ম্যাচের আগে মাত্র এক দিন দেখেছিলেন দলটাকে। তো ওই ম্যাচের পর ছেলেদের কী বলেছিলেন?টার্নার: কয়েকটা গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছিলাম। লংগার ভার্সন খেলাটা বোঝা। শৃঙ্খলা কতটা গুরুত্বপূর্ণ সেটা জানানো। সেরা ছয় ব্যাটসম্যানকে রান করতে হবে। ছেলেদের কৃতিত্ব দেওয়া উচিত, ওরা দ্রুত শিখছে। গত ম্যাচে দক্ষিণ আফ্রিকা দলকে দেখেও শিখেছে।  দিন দশেক হলো এসেছেন, সময়টা যথেষ্ট নয়। তার পরও কেমন দেখলেন বাংলাদেশের তরুণ খেলোয়াড়দের? টার্নার: মাত্র ১৪ জনকেই তো দেখলাম। সবার আগে বলতে হয়, মাঠে ও মাঠের বাইরে ওদের আচরণে আমি ভীষণ খুশি। ওদের সম্পর্কে আরও অনেক জানতে হবে। শুধু ক্রিকেট-সামর্থ্য বা প্রতিভা নয়, ব্যক্তিগতভাবে কে কেমন। কার ধরন কেমন। ওদের মানসিকতা। ওদের ক্রিকেটের বাইরের জীবনটা সম্পর্কে জানা জরুরি। মাঠের মতো মাঠের বাইরের জীবনটাও খুব গুরুত্বপূর্ণ।  কীভাবে এগোবেন, কর্মপদ্ধতি নিশ্চয়ই চূড়ান্ত করে ফেলেছেন?টার্নার: পরিকল্পনা তো সাজানো আছেই। দক্ষিণ আফ্রিকা সিরিজ শেষে বিসিবির সঙ্গে কথা বলব। নির্বাচকেরা হয়তো আমাকে পরবর্তী গ্রুপটা দেবে, যাদের আমি নিবিড় প্রশিক্ষণ দেব। ফিজিক্যাল ট্রেনিংটার ওপরও জোর দেওয়া হবে। টেকনিক্যাল বিশেষজ্ঞরা আসবে, হতে পারে এখান থেকে কিংবা বাইরে থেকে। বাংলাদেশে প্রতিভার অভাব নেই। প্রতিভার পরিচর্যার সঙ্গে শৃঙ্খলাটা যোগ করতে হবে। খেলোয়াড়দের মনস্তত্ত্ব, এখানকার সংস্কৃতি বোঝাটা জরুরি। কোন ক্রিকেটার কোন জেলা বা গ্রাম থেকে এসেছে, সেখানকার সংস্কৃতি বোঝা। শুধু ক্রিকেটার হিসেবে নয়, মানুষ হিসেবে ওদের বুঝতে হবে। প্রায় পুরো জীবনই তো ডেভেলপমেন্ট প্রোগ্রামের সঙ্গেই যুক্ত আছেন। বাংলাদেশে আসতে আগ্রহী হলেন কেন?টার্নার: বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে আমি ১০ বছর ধরেই যুক্ত। ক্রিকেট অস্ট্রেলিয়ার যে বিভাগে আমি কাজ করতাম, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে তাদের যোগাযোগ ছিল। সেই সময়ের অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের প্রধান ডেনিস রজার্সের সঙ্গে সাবেক বিসিবি প্রধান সাবের হোসেন চৌধুরীর একটা চুক্তি হয়েছিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম নিয়ে। বিভিন্ন সময় নানা প্রতিনিধিদলের সঙ্গে অনেকবার এ দেশে এসেছি। আমার কোচ হয়ে আসাটা ওই প্রক্রিয়ারই অংশ বলতে পারেন। জাতীয় একাডেমি বলতে যা বোঝায়, জিপি-বিসিবি একাডেমি এখনো ঠিক তেমন নয়। কিছু প্রতিভাবান ক্রিকেটারকে বাছাই করে একাডেমির আওতায় আনা হয়েছে। এটা কতটুকু কার্যকরী? টার্নার: আমি অস্ট্রেলিয়ান পদ্ধতিতে বেড়ে উঠেছি, কিন্তু অন্য অনেক জাতীয় একাডেমিও দেখেছি। ওদের একাডেমিগুলো সুপরিকল্পিত। আমি যত দূর জানি, এখানে খেলোয়াড়দের সবচেয়ে বড় জোগান দেয় বিকেএসপি। একাডেমিকে সত্যিকার অর্থেই একটা আলাদা সত্তা হিসেবে গড়ে তুলতে হবে। জাতীয় দলে ঢোকার আগে ক্রিকেটাররা যাতে পুরোপুরি তৈরি হয়ে যেতে পারে।