‘একাত্তরের বীরযোদ্ধা’য় মুক্তিযোদ্ধাদের মিলনমেলা
‘আমরা একসঙ্গে অনেকে যুদ্ধ করেছিলাম। কিন্তু অনেক দিন আমাদের কারোরই সঙ্গে কোনো দেখা নেই। যাদের সঙ্গে অনেক দিন কোনো দেখা নেই; আজ সেই পুরোনো বন্ধুদের কথা হলো, দেখা হলো।’ মহান মুক্তিযুদ্ধে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে ‘একাত্তরের বীরযোদ্ধা’ নামের বই প্রকাশের অনুষ্ঠানে এসব কথা বলেন মুক্তিবাহিনীর উপ-সর্বাধিনায়ক ও পরিকল্পনামন্ত্রী এয়ার ভাইস মার্শাল এ কে খন্দকার। আজ শুক্রবার বিকেলে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত মুক্তিযোদ্ধাদের বীরত্বগাথা নিয়ে সংকলিত একাত্তরের বীরযোদ্ধা বইয়ের মোড়ক খোলা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। প্রধান অতিথির বক্তব্যে এ কে খন্দকার আরও বলেন, ‘প্রথম আলো ও এর সম্পাদক মতিউর রহমান যেভাবে মুক্তিযোদ্ধাদের বীরত্বগাথা নিয়ে আগ্রহ প্রকাশ করেছে—সেটার জন্য তাঁদেরকে ধন্যবাদ দিতে হয়। এ ধরনের একটি বই প্রকাশের মধ্য দিয়ে পদকপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সম্মান প্রদর্শন করা হয়েছে।’ পাশাপাশি তিনি মুক্তিযুদ্ধের সময়কার নানা অভিজ্ঞতা উপস্থিত অতিথিদের সামনে বর্ণনা করেন।সোনারগাঁও হোটেলের বলরুমে মুক্তিযোদ্ধাদের বীরত্বগাথা নিয়ে বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে মুক্তিযোদ্ধারা তাঁদের পরিবার নিয়ে হাজির হন। মুক্তিযোদ্ধাদের পদচারণে সোনারগাঁও হোটেলের বলরুমে অন্য রকম একটা পরিবেশ তৈরি হয়। এ যেন মুক্তিযোদ্ধাদের এক মিলনমেলা। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা এসব মুক্তিযোদ্ধা একে অপরের সঙ্গে যুদ্ধকালীন নানা গল্পে মেতে ওঠেন।একাত্তরের বীরযোদ্ধা সংকলনটির প্রেক্ষাপট নিয়ে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বলেন, ‘আমাদের মহান মুক্তিযুদ্ধের বীর সেনানী, বীর সেনানায়ক এবং তাঁদের পরিবারবর্গ—যাঁরা এখানে এসেছেন তাঁদের সবাইকে আমার কৃতজ্ঞতা। মুক্তিযুদ্ধ, আমাদের স্বাধীনতা সংগ্রাম, আমাদের বাংলাদেশের ইতিহাস এবং আমাদের জীবনের শ্রেষ্ঠ সময় স্বাধীনতা। মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের মধ্য দিয়ে অর্জিত হয়েছে আমাদের এই স্বাধীনতা। যে বীর মুক্তিযোদ্ধাদের ছাড়া দেশ স্বাধীন হতো না, সেই মহান মুক্তিযুদ্ধে বীরত্বসূচক খেতাব পাওয়া অনেক মুক্তিযোদ্ধাই রয়েছেন অনেকেই লোকচক্ষুর অন্তরালে। তাঁদের অনেকেরই নাম-পরিচয় এখনো অজ্ঞাত। খেতাব পাওয়া সেসব মুক্তিযোদ্ধার বীরত্বগাথা বিস্মৃতির গহ্বর থেকে বের করে এনে ভবিষ্যত্ সংরক্ষণের প্রচেষ্টা হিসেবে প্রকাশিত হলো একাত্তরের বীরযোদ্ধা। এটি বীরত্বসূচক খেতাব পাওয়া মুক্তিযোদ্ধাদের নিয়ে বইয়ের প্রথম খণ্ড।’মতিউর রহমান আরও বলেন, ‘বইটিতে তুলে ধরা হয়েছে ৩০০ জন খেতাব পাওয়া মুক্তিযোদ্ধার বীরত্বগাথা। প্রথম আলো এই উদ্যোগের উদ্দেশ্য ছিল খেতাব পাওয়া মুক্তিযোদ্ধাদের যাঁরা কিছুটা অপরিচিত, যাঁদের কথা কেউ জানে না—তাঁদের যুদ্ধগাথা প্রকাশ করা। স্বাধীনতার ৪০ বছর উপলক্ষে প্রথম আলোর কী করণীয় তেমনি একটি প্রেক্ষিতে আমরা এ কাজটি শুরু করি। ২০১১ সালের ২৭ মার্চ থেকে মুক্তিযোদ্ধাদের বীরত্বগাথা নিয়মিতভাবে প্রকাশিত হয়ে আসছে প্রথম আলো পত্রিকায়। আজ তা বই আকারে প্রকাশিত হলো।’অনুষ্ঠানে অন্যদের আরও বক্তব্য এইচএসবিসি বাংলাদেশের প্রধান নির্বাহী অ্যান্ড্রু টিলক ও করপোরেট ব্যাংকিং প্রধান মাহবুব-উর-রহমান রহমান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান।প্রথম আলোর উদ্যোগে একাত্তরের বীরযোদ্ধা নামের বইটি প্রকাশ করেছে প্রথমা প্রকাশন। সহযোগিতা করেছে এইচএসবিসি বাংলাদেশ।অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল সংগীতানুষ্ঠান। এতে দেশের গান গেয়ে শোনান শিল্পী মিতা হক, আলম আরা মিনু ও বাপ্পা মজুমদার।