‘একুশে’তে প্রাসঙ্গিক ভাবনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাষার মাস ফেব্রুয়ারিতে স্বভাবতই আমাদের বায়ান্নর ভাষা আন্দোলন নিয়ে কথা। সেই ‘একুশে’ অবলম্বনে সন্ধান—‘একুশে প্রতীকে কোন সত্যের উদ্বোধন’, কোন নিশানামুখে বাঙালি জনমানুষের যাত্রা হয়েছিল শুরু। দেশের সত্ নাগরিক মাত্রেরই অনুধাবন—পৌঁছে গেছি আমরা ’৭১-এ সশস্ত্র মুক্তিযুদ্ধের রণাঙ্গনে এবং লড়ে নিয়েছি ‘জয় বাংলা’, ‘বাংলার জয়’। এখন সমান্তরালে বিশেষ এ প্রসঙ্গটি—‘বাঙালির সংস্কৃতি’। তবে আবার বলার যে, একটি জাতির জন্য ‘ভাষা’ আর ‘সংস্কৃতি’—এ দুটি তো মোটেও তেমন বিচ্ছিন্ন নয়, পরস্পরে অন্তরঙ্গ মেশামেশিতে একই সত্যে স্থিত, একই সত্যের বাহক।সে যা হোক, তত্ত্ববিচারের প্রয়োজন তেমন দেখি না। বরং তার চেয়ে, ভাষা নিয়ে কিংবা আমাদের সেই ভাষা আন্দোলন নিয়ে যখন কথা—প্রস্তাব যে, যুগপত্ আপন সংস্কৃতির স্বরূপ চিহ্নিত করে নেওয়ার প্রয়াস পাওয়া যাক। এবং আপন সংস্কৃতির উত্তরাধিকার বহমানতার সন্ধান।তার আগে বুঝে নিতে চাইছি, মূলত ‘সংস্কৃতি’ বলতে বিশেষ করেই বা বোঝায়টা কী? সংস্কৃতি তো বহমান জীবনবিচ্ছিন্ন তেমন কিছু নয়। এবং এই জীবন প্রধানতই জনমানুষের জীবন। বিশাল ব্যাপকতায় এই জনমানুষ শ্রমনির্ভর, এই মানুষ উত্পাদন করে যাবে। নিবিড় সম্পর্ক তাদের দেশের মাটির সঙ্গে। এদেরই শ্রমের ফসল ওই যে উত্পাদন, তারই ভিত্তিতে নির্মিত হয়ে ওঠে সমাজ সৌধ। কথাটা ইংরেজিতে ‘কালচার’, বাংলায় কৃষ্টি, সংস্কৃতি। অভিধানে রয়েছে—কৃষ্টি, এই বিশেষ শব্দটির বুত্পত্তি ‘কর্ষণ’ থেকে; এবং ‘কর্ষণ’ শব্দের মূলার্থ হলো চালনা। এভাবে লক্ষ করা যেতে পারে যে ‘কালচার’ কিংবা ‘কৃষ্টি’ আদিতে মানুষের উত্পাদিকা শ্রমের সঙ্গেই সম্পৃক্ত। অপর পক্ষে ‘সংস্কৃতি’ কথাটা এসেছে ‘সংস্কার সাধন’ করা থেকে। অভিধানের অর্থানুযায়ী ‘সভ্যতাজনিত উত্কর্ষ’ সাধন করা। অতএব ‘কৃষ্টি’ এবং ‘সংস্কৃতি এই উভয় শব্দবাচক ব্যাপারটি প্রথমত মানুষের কর্মভিত্তিক। এবং তবে বলতে হয়, মানুষের কর্মকৃতি থেকেই তার সৃজন সম্পদ; যার পরিচয় আমরা পেয়ে থাকি তার অর্জিত জ্ঞান-বিজ্ঞানে, তার মানসভাবনায়, তার সাহিত্যে, সংগীতে, নৃত্যে, চিত্রাঙ্কনে, এবং অপরাপর চারু শিল্পকলায়, তথা তার সমগ্র জীবনাচরণে। আর এইমতো সৃজনই তো তার সাংস্কৃতিক ক্রিয়াকলাপের পরিচায়ক। বর্ণিত বিবেচনার পরিপ্রেক্ষিতে অতএব অনুধাবনে নেওয়া আমাদের সংস্কৃতির স্বরূপ। এবং অবশ্য বলা হয়ে থাকে আবহমান বাংলার সংস্কৃতি। যেসব কিনা আবহমান বাংলার ইতিহাস হয়ে ওঠা আবহমান বাংলার জনসৌধ।নৃতাত্ত্বিক পণ্ডিতজন ও ইতিহাসবিদেরা জনাচ্ছেন, সেই অতি দূর অতীতাবধি শতাব্দীর পর শতাব্দীর পালাবদলে বহির্বালা থেকে কত নানা বিচিত্র রক্ত, ভাষা, ধর্মবিশ্বাস-সস্কার আর সংস্কৃতির প্রবাহ এসেছে। এসে মিশেছে দেশজ-লোকজ উপাদান-উপকরণের সঙ্গে। এ প্রক্রিয়া তো সহজে সম্পাদিত হয়নি। সংঘাতে-সমন্বয়ে, ক্রিয়ায়-প্রতিক্রিয়ায় শেষ অবধি গড়ে উঠেছে নতুনতর সংস্কৃতি; বাংলাদেশের ভূখণ্ড অঞ্চলে সংকর জনগোষ্ঠীর সংকর সস্কৃতি। শত-সহস্র বছর পাড়ি দিয়ে এসে অতএব আমরা সেই সংস্কৃতিরই ঐতিহ্য স্মরণে আনতে চাই, যেমন কিনা রবীন্দ্র রচিত এমনতর চরণে—‘আমার শোণিতে রয়েছে ধ্বনিত তার বিচিত্র সুর।’এখন সন্ধান করার তবে, এই পরিচিতি রয়েছে কোন সব উেস। রয়েছে আমাদের সেই কালের ভাষা নিদর্শনে, পাথরে উত্কীর্ণ লিপিতে, তাম্রশাসন দানপত্রে, তওয়ারিখ ও রাজমালা জাতীয় রচনাগুলোয়, কাব্যসাহিত্য-সংগীতে, নৃত্যে, ছড়া-প্রবচন-প্রবাদ-ধাঁধায়, মন্দির-মসজিদ-দেউল-দুর্গ-প্রাসাদ প্রাকার গাত্রে। আমাদের পূর্বতন সংস্কৃতির আরও নিদর্শন পাব পূর্বপুরুষের ব্যবহূত পোশাক-পরিচ্ছদের বিবরণে, খাদ্যাভ্যাসের বিবরণে, তাঁদের সামাজিক ও পারিবারিক আচার-আচরণের বিবরণে। এতদ্সহ বিরাজমান লোক-সংস্কারে, প্রচলিত ধর্মবিশ্বাসে-আচরণেও বিধৃত রয়েছে তত্কালীন জনমানুষের মানস ভাবনার প্রতিফলন। ইতিহাস পাঠে অবগত হই, এদেশে ত্রয়োদশ শতকে তুর্কি অভিযান কালান্তরের অন্যতর সূত্রপাত ঘটছে। সেই অভিযান শুধু একটি সামরিক কিংবা রাজনৈতিক ঘটনাতেই পরিসমাপ্ত হয়ে যায়নি। দেশব্যাপী তা সাধারণ্যের জীবনেও ব্যাপক রূপান্তরের সূচনা করে। পরে তুর্কি কালপর্বে ছিল মানুষের জীবনযাত্রায় সর্বনিয়ন্ত্রক রাজতন্ত্র-সামন্ততন্ত্র; এবং ব্রাহ্মণ কৌলিন্যপ্রথার দাপট। ছিল সাধারণ বাঙালির নিরুত্তাপ জীবনযাত্রা, গ্রামকেন্দ্রিক এবং কৃষিপ্রধান। আর ছিল জেলে, ডোম, বাগ্দী, মাঝি—এদের যার যেমন পেশা; সেই পেশাকেন্দ্রিক তাদের সমাজকাঠামো। নানা প্রকারের ব্রত-পার্বণাদি-লোকাচারে আবদ্ধ থাকত তাদের সমাজজীবন। এখন তুুর্কি আক্রমণ-অভিযানের দরুন বিপুল নাড়া খায় ওই সব সমাজজীবন। এবং প্রায় ২০০ বছর ধরে রাষ্ট্রে, সমাজে, ধর্মীয় বিশ্বাস-সংস্কারে আলোড়ন ঘটে যায়। তবে সে যা-ই হোক, তুুর্কি দখলের প্রতিক্রিয়ায় অন্যান্য ক্ষেত্রে সংঘাত-সমন্বয়ের প্রক্রিয়া সমুদয় সংঘটিত হলেও কৃষিপ্রধান বাঙালি সমাজের মৌল পরিবর্তন তেমন সাধিত হয়নি। পরবর্তী পর্ব সপ্তদশ শতাব্দী পর্যন্ত প্রসারিত। প্রারম্ভিককালে স্বাধীন বাংলার রাজদণ্ড পাঠানদের হাতে, এবং কতিপয় অঞ্চলে বারো ভূঁইয়ার কর্তৃত্বাধিকার। প্রশাসনে, আর্থ-ব্যবস্থায় তখন পূর্বতন জায়গিরদারি প্রথা, সামন্ত প্রভুত্ব অব্যাহতই রয়েছে। ধর্মের ক্ষেত্রে একদিকে সুফি-পীর-দরবেশদের কল্যাণে ইসলামের প্রভাববলয় ক্রমে বিস্তারলাভ করছে, অপরদিকে নবদ্বীপকেন্দ্রিক বৈষ্ণব মতবাদের উদ্ভব ও বিকাশ। এই কালে শ্রীচৈতন্যদেবের প্রেমধর্ম হিন্দুত্ব মানসভাবনার অনেককেই বিপুলভাবে আচ্ছন্ন করে ফেলে।আবার বিদেশাগত মুসলিম অভিযানের কিছুকাল পর থেকেই দেশীয় মানসে হিন্দু-মুসলমান ধর্মীয় ভাবনা, সমাজ-আচরণ ইত্যাদির মধ্যে গ্রহণ-বর্জন সমন্বয়ের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছিল। কালের হিসাবে ষোড়শ শতাব্দীর সন্ধিক্ষণে মোগল বিজয়ের সঙ্গে বাংলার দিগন্ত বহির্ভুবনমুখী উন্মোচিত হয়ে যায়। এবং তার পর থেকে ইংরেজ শক্তির প্রভাব বিস্তারের সময় পর্যন্ত মধ্যবর্তী সময়কালে এ দেশের মানুষের জীবনধারায় নবতর রূপান্তর সংঘটিত হয়। এই সময়ে ভূমিব্যবস্থায় বিশেষ উল্লেখ্য সংস্কার মোগল রাজপ্রতিনিধি তোডরমল্ল কর্তৃক নতুন জমাব্যবস্থার প্রবর্তন। ফলে দেশে এক নতুন ভূম্যধিকারী-সামন্ত শ্রেণীর উদ্ভব ঘটে। অপর পক্ষে এই কালে বিদেশি বণিকের আর্থ-বাণিজ্যিক কর্মকাণ্ড বৃদ্ধি পেতে থাকে। তার দরুন বাইরের নানা দেশের সঙ্গে বাণিজ্যিক সেতুবন্ধন স্থাপিত হয়। সমাজজীবনে সওদাগর শ্রেণীর প্রভাব বৃদ্ধির সঙ্গে স্বাভাবিক যে তার কিছুটা এসে পড়ে পুরোনো দৃষ্টিভঙ্গির ওপর। ওদিকে দেশের নানা কেন্দ্রে ক্রমে গড়ে উঠতে থাকে শহর-বন্দর-গঞ্জ। এবং এক ধরনের দরবারি সংস্কৃতি বিকাশলাভ করে মুর্শিদাবাদ, ঢাকা, কৃষ্ণনগর ইত্যাদি শহরকে কেন্দ্র করে। তবে বলার যে, এসব কিছুই সমাজের প্রত্যক্ষগোচর উপরি অংশের ব্যাপার। আসলে সমাজ-গভীরে তার তেমন প্রতিক্রিয়া ছড়ায়নি। এবং ব্যাপকতর ক্ষেত্রে গ্রামীণ জীবনাচরণ, গ্রামীণ সংস্কৃতির ধারা সেই সনাতনী খাত বেয়েই প্রবহমান ছিল। অতঃপর অষ্টাদশ-ঊনবিংশ শতাব্দী নাগাদ আমাদের পূর্ব-প্রজন্মের সংস্কৃতি-চেতনায় আধুনিকত্বের পদধ্বনি শ্রুত হতে থাকে। এবং অবশ্য ইতিমধ্যে তা নতুন নগর কলকাতায়; ইংরেজি কেতায় সদ্য গড়ে ওঠা উচ্চবিত্ত-নবজাগ্রত মধ্যবিত্ত শ্রেণীর জীবনে। এবং আবার একই সঙ্গে লক্ষ করার যে দেশের ব্যাপক গ্রামীণ জনপদে মধ্যযুগের অনুসৃতিতে লোকসংস্কৃতির ধারাও প্রবহমান রয়ে গেছে। ১৯৪৭ সাল পর্যন্ত বিদেশী প্রশাসনের প্রভাবাধীনকাল সময়ে এভাবে দুই সংস্কৃতির পরিমণ্ডলে আমাদের পদচারণা। আমাদের অধিকাংশেরই জীবনের শিকড় অবশ্য প্রোথিত গ্রামের মাটিতে। তবে নতুন শিক্ষা এবং নানা পেশার টান আমাদের একাংশকে শহর-নগরবাসী করেছে। অভিজ্ঞতা জানান দেয়, বাংলাদেশের মানুষের বর্তমান জীবনের বৈশিষ্ট্য এখানে নিহিত। তদুপরি, দ্রুত কেমন ছড়িয়ে পড়ছে আধুনিক বিশ্বায়নের ক্রিয়া-প্রতিক্রিয়া। আন্তর্জাতিক আর্থ-রাজনৈতিক চাপে-হেতুতে, প্রযুক্তি বিজ্ঞানের বিস্ময়কর বিকাশে-প্রভাবে নতুনতর মাত্রিকতা সংযোজিত হয়ে যাচ্ছে এমনকি তৃণমূল অবধি আমাদের জীবনধারায়ও। বলার যে, মেনে নিতেই হবে আজ দিনের বর্তমান বাস্তবতা। আপন সনাতনী উত্সমূলে অবশ্য আমাদের উত্তরাধিকার। কেননা সেখানেই তো শেকড়ের সঞ্চার। আবার যুগপত্ ‘বাঙালি’ আমরা, আজ দুনিয়া-পটভূমির আধারে আমাদের লালন। নিশ্চয় করেই আমরা কালবিচ্ছিন্ন নই, প্রবাহবিচ্ছিন্ন নই, পরিবেশবিচ্ছিন্ন নই। এবং এমনতর সমর্থনও পেয়ে যাই, যখন আমাদেরই ‘একুশে’ আজ আন্তর্জাতিক বলয়ে মাতৃভাষা দিবস উদযাপনে উত্তরিত হয়ে যায়।