‘একে পেশাদার লিগ বলে না’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পেশাদার লিগ চালুর ব্যাপারে সবচেয়ে উচ্চকণ্ঠ বিশেষজ্ঞদের একজন ছিলেন তিনি। সম্প্রতি শেখ জামাল ধানমন্ডি ক্লাব নিয়ে যে আলোচনা-সমালোচনার উদ্ভব; সেসব নিয়ে ও পেশাদার লিগ নিয়ে কথা বলেছেন জাতীয় দলের সাবেক কোচ গোলাম সারোয়ার টিপু শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে বাংলাদেশ লিগে খেলার সুযোগ দেওয়া নিয়ে তো অনেক কথা হচ্ছে। ব্যাপারটা কীভাবে দেখছেন?গোলাম সারোয়ার টিপু: বাইরে থেকে এটা নিয়ে মন্তব্য করা তো কঠিন। আসলে বাংলাদেশ লিগে নতুন দল নেওয়ার নিয়ম কী, রেলিগেটেড দল কোথায় যাবে; এসব বিষয়ে কী আইন আছে, আদৌ লিখিত কিছু আছে কি না, কিছুই জানি না। সব মিলে এলোমেলো একটা পরিস্থিতি। শেখ জামাল ক্লাবকে নিয়ে সমালোচনাটা হচ্ছে কেন?গোলাম সারোয়ার: সমালোচনার মূল কারণ, তাদের নাম। এমনিতেই তো নাম একটা ছিল। কিন্তু তারা প্রয়াত শেখ জামালের নামকে অবলম্বন করলেন। আমি মনে করি, এটার কোনো দরকার ছিল না। শেখ কামাল নিজে যখন ক্লাব করেছেন, তিনি নিজের বা পরিবারের কারও নাম ব্যবহার করেননি। আজকে শেখ জামালের নামকে এই বিতর্কের মধ্যে টেনে আনা কোনোভাবেই ঠিক হয়নি।  আরও দুটি দল তো এবার লিগে খেলার সুযোগ চেয়েছিল। তাদের কেন দেওয়া হয়নি বলে মনে হয়?গোলাম সারোয়ার: হ্যাঁ, তাই তো শুনলাম। শুনলাম, ফকিরাপুলও নাকি বাংলাদেশ লিগ খেলতে চেয়েছিল। ওই যে বললাম, এলোমেলো ব্যাপার। গত লিগে তিনটি দল যোগ করা হলো ঢাকার বাইরে থেকে; বাদ পড়ল সেই দল তিনটির দুটি। এবার তাহলে ঢাকা থেকে কেন? ঢাকা থেকে হলে ফকিরাপুল কেন সুযোগ পাবে না? পুরো ব্যাপারটা কি ঠিক পেশাদার লিগ সুলভ হচ্ছে?গোলাম সারোয়ার: একটুও না। একে পেশাদার লিগ বলে না। এত এলোমেলো এবং দুর্বোধ্য নিয়মকানুনে পেশাদার লিগ চলে না।  বাংলাদেশে পেশাদার লিগ চালুর দাবি আপনি শুরু থেকেই করেছেন। এই কয়েক বছর দেখে কি মনে হচ্ছে, ঠিক পথে চলছে লিগ?গোলাম সারোয়ার: না। সত্যি যে, পেশাদার লিগের শুরুতে আমি বলেছিলাম, যেকোনোভাবে পথচলা শুরু হলে আস্তে আস্তে কাঠামো দাঁড়াবে। কিন্তু সেটা হয়নি। ক্লাবগুলোর কাঠামো দাঁড়ায়নি, একটা মাঠই ভরসা, ঢাকার বাইরে মাঠের অবস্থা যাচ্ছেতাই, ফেডারেশনের নিয়মকানুন বোঝা দায়। ক্লাবগুলো কতটা পেশাদার হয়ে উঠেছে বলে মনে হয়?গোলাম সারোয়ার: এখানেই বড় সমস্যা লুকানো। পেশাদার লিগ কিন্তু ফেডারেশনের সক্রিয়তায় পেশাদার হবে না। সেখানে মূল ভূমিকাটা থাকবে ক্লাবের। কিন্তু ক্লাবগুলো খুব পেশাদার বলে মনে হয় না। পত্রপত্রিকায় দেখি, খেলোয়াড়েরা ঠিকমতো টাকা পায় না। এতে খেলোয়াড়দের ওপর ক্লাবের নিয়ন্ত্রণ কমে যায়, জবাবদিহি থাকে না। সব মিলিয়ে সালাউদ্দিন-যুগে ফুটবলের কী অবস্থা?গোলাম সারোয়ার: দেখুন, এই কমিটিকে কিন্তু আমরা ফুটবলের শেষ ভরসা মনে করছিলাম। এখনো তাদের ওপর থেকে আস্থা উঠে গেছে বলছি না। কিন্তু উন্নয়নটা কোথায়? কোটি টাকা ব্যয় করে মাঠে ৫০ হাজার লোক আনা কি ফুটবলের উন্নয়ন? ফুটবলের উন্নয়ন করতে হলে ৫০ হাজার ফুটবলারকে কাঠামোর মধ্যে আনতে হবে।