‘এখন আউট হওয়ার সময়’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১২ সালে এশিয়া কাপ ক্রিকেট হবে বাংলাদেশে—কাল ঢাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) নির্বাহী কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়েছে। সভা শেষে এসিসির কার্যক্রম এবং প্রাসঙ্গিক আরও অনেক বিষয়ের সঙ্গে তাঁর নিজের কথাও বললেন এসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশরাফুল হক এসিসির প্রধান নির্বাহীর দায়িত্বটা কেমন উপভোগ করছেন?সৈয়দ আশরাফুল হক: সব দায়িত্বই চ্যালেঞ্জিং। যখন যেখানে থাকি, চ্যালেঞ্জ নিয়ে কাজ করতে হয়। তবে আমি উপভোগ করছি। সংবাদ সম্মেলনে এসিসির সভাপতি আ হ ম মোস্তফা কামালের পাশে আপনি। দুজনই বাংলাদেশি। এসিসিকে তো এখন বাংলাদেশ-শাসিত বলা যায়...আশরাফুল: (হাসি) বিষয়টা আমি আসলে ওভাবে দেখছি না। তবে যেহেতু আমি ওখানে আছি, বাংলাদেশের জন্য তা প্লাস পয়েন্ট। আমাকে ব্যবহার করতে হবে বাংলাদেশকে তার নিজের সুবিধার্থে। অবশ্যই সব সময়ই বাংলাদেশেরে জন্য আমার একটা সহানুভূতি থাকবে। আপনার তো অনেক প্রশংসা করলেন মোস্তফা কামাল। এশিয়ান গেমসে ক্রিকেট রাখার ব্যাপারে অবদান রাখায় ধন্যবাদও জানিয়েছেন আপনাকে...আশরাফুল: আমি চেষ্টা করি কাজ করে যেতে। কাজের মূল্যায়ন করে কেউ যদি ধন্যবাদ দেয়, আমি তাতে খুশি। আপনি বিসিবির সাধারণ সম্পাদক ছিলেন। তারপর এসিসির প্রধান নির্বাহী। সব মিলিয়ে সন্তুষ্ট?আশরাফুল: আমি খুশি। বাংলাদেশ তো বটেই, এশিয়া এবং বিশ্ব ক্রিকেট উন্নয়নেও আমি কিছু অবদান রাখতে পারি। এখন পর্যন্ত খুবই ছোট অবদান হয়তো, তবু মনে হয় ভালো কিছু করতে পেরেছি। অলিম্পিকে ক্রিকেট অন্তর্ভুক্ত করার ব্যাপারে এসিসির এই সভায় আলোচনা হয়েছে। এটা কতটুকু সম্ভব মনে করেন?আশরাফুল: আলোচনা তো হওয়া উচিত। কারণ অলিম্পিকে ক্রিকেট না থাকলে কীভাবে ক্রিকেটকে আমরা বৈশ্বিক ক্রীড়া বলব? এখন তো অলিম্পিকে সব খেলাই হচ্ছে। ক্রিকেট হতে অসুবিধা কোথায়? আমার ধারণা, অলিম্পিকেও ক্রিকেট হবে, তবে সময় লাগবে। আগামী এশিয়ান গেমসে ক্রিকেট রাখতে পারলেও পরের এশিয়াডে ক্রিকেট থাকবে কি না অনেকেই সন্দিহান। আপনার কী মনে হয়?আশরাফুল: এশিয়ান গেমসে আমরা ক্রিকেট ঢুকিয়েছি একটা আন্দোলনের মতো করে। এশিয়ার চারটা বড় দেশ সম্মত হয়েছে বলেই এটা সম্ভব হয়েছে। তারা সোচ্চার থাকলে ভবিষ্যতে আমরা অলআউট এগোব। বাংলাদেশের ক্রিকেটে এখন আপনি নেই। বাইরে থেকে কেমন দেখছেন?আশরাফুল: বাংলাদেশের ক্রিকেটের অবস্থা এখন ভালো, উন্নতি হচ্ছে। দলও ভালো খেলছে, জিতছে। আরও জিতবে আশা করি। সামনে বিশ্বকাপ, আমার বিশ্বাস বিশ্বকাপে বাংলাদেশ দল দ্বিতীয় রাউন্ডে যেতে পারবে। তারপর হয়তো আরও সামনে। এসিসির কিছু ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে একটা ধারণা সংবাদ সম্মেলনে দেওয়া হয়েছে। এর বাইরে কোনো পরিকল্পনা আছে?আশরাফুল: না, এর বাইরে আপাতত কিছু নেই। আমরা সেভাবে আর্থিকভাবে সচ্ছল নই। আমাদের আয় বলতে আইসিসির অনুদান আর এশিয়া কাপ থেকে প্রাপ্ত অর্থ। এশিয়া কাপই আমাদের আয়ের প্রধান উৎস। কার্যক্রম বাড়াতে গেলে প্রচুর অর্থ দরকার। আগামী এশিয়া কাপ আয়োজনের আগ্রহ ছিল আবুধাবির, পরে চীনের গুয়াংজুও আগ্রহী হয়েছিল। তাদের বিষয়টা বিবেচনায় এল না কেন শেষ পর্যন্ত?আশরাফুল: দেখুন, বাংলাদেশ টেস্ট প্লেয়িং দেশ। কাজেই বাংলাদেশের চাওয়াই পূরণ হওয়ার কথা আগে। বাংলাদেশের অভিজ্ঞতা আছে বড় আয়োজনের। তা ছাড়া আমাদের সভাপতি বাংলাদেশের। স্বাভাবিকভাবেই সবার সহানুভূতি বাংলাদেশের পক্ষেই ছিল। তবে এটুকু বলতে পারি, ক্রিকেটে চীনের ভবিষ্যৎ উজ্জ্বল। বিশ্বের সবচেয়ে জনবহুল দেশে ক্রিকেট না হলে কীভাবে ক্রিকেটের প্রসার হবে, বলুন? একটা ব্যক্তিগত প্রশ্ন। আপনার পরবর্তী লক্ষ্য কী? বিসিবি থেকে এসিসি, পরের ধাপ কি আইসিসি?আশরাফুল: সত্যি কথা বলতে, আমার ব্যক্তিগত কোনো লক্ষ্য নেই। লম্বা একটা ইনিংস এরই মধ্যে খেলে ফেলেছি। এখন আউট হওয়ার সময়।