ঢাকা মাঠে খেলোয়াড় হিসেবে অনেক শিরোপা জিতেছেন, কাল জিতলেন কোচ হিসেবেও। শেখ জামাল ধানমন্ডির বাংলাদেশ লিগ জয়ের উৎসবে মধ্যমণি হওয়ারই কথা কোচ পাকির আলীর। কাল সন্ধ্যায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে স্মৃতিকাতরতায় পেয়ে বসল এই শ্রীলঙ্কানকে আপনি যখন দায়িত্ব নেন, লিগে ৪ ম্যাচে শেখ জামালের পয়েন্ট মাত্র ৫। পথটা নিশ্চয়ই খুব কঠিন ছিল?পাকির আলী: ভীষণ কঠিন। আমার একটা লক্ষ্য ছিল, পেছন থেকে আমরা চ্যাম্পিয়নশিপটা ধরব, খেলোয়াড়দেরও এটাই বলেছিলাম। সে সময় এসে দলটাকে কী অবস্থায় পেয়েছিলেন? পাকির: ন্যাশনাল প্লেয়ারগুলা খুবই ডাউন ছিল। আমি তো এদের শ্রীলঙ্কায় দেখেছি। পুরোপুরি ন্যাশনাল টিম। এই রকম টিম এই রকম খেলে নাকি...। আমি তো সারপ্রাইজড হয়েছি তখন। তারপর?পাকির: আমার প্রচুর কাজ ছিল। দলে আনন্দ ফিরিয়ে আনার জন্য কাজ করেছি। নতুন করে ট্রেনিং প্ল্যান সাজিয়েছি। সমস্যাটা চিহ্নিত করেছি। টিমে এত ভালো খেলোয়াড়, কিন্তু মানসিকভাবে খুব ভেঙে পড়া অবস্থায় ছিল। আপনি ঢাকা মাঠে খেলোয়াড় হিসেবে অনেক শিরোপা জিতেছেন। এবার কোচ হিসেবেও জিতলেন। কোনটিকে এগিয়ে রাখবেন?পাকির: দুটিই আনন্দের। খেলোয়াড় হিসেবে জেতা ট্রফির স্থান আমার মনের মধ্যে। কোচ হিসেবে জেতা শিরোপা চাকরির জন্য, ভবিষ্যৎ জীবনের জন্য এটা দারুণ অর্জন। তখনকার সময়ের সঙ্গে এখন কী পার্থক্য দেখছেন?পাকির: আগে দর্শক অনেক বেশি ছিল, আনন্দটা অন্য রকম ছিল। কিন্তু এখন আর এটা নেই। তবে এবার লিগটা অনেক ভালো হয়েছে। কম্পিটিশন ছিল। মিডিয়ায় যেভাবে প্রচার হয়েছে, ইটস আ গ্রেট থিং। কিন্তু আপনার দলের বিরুদ্ধে পাতানো খেলার অভিযোগের তদন্ত শেষ হয়নি। একটু কি মনের মধ্যে খচখচানি লাগছে না? যদি শেষ পর্যন্ত শিরোপাটা না পান...?পাকির: এ নিয়ে আমার কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই, কারণ আমি জানি আমরা পাতানো ম্যাচ খেলিনি। শুনলাম, আপনি নাকি মিয়ানমারের একটা ক্লাবের দায়িত্ব নিয়ে চলে যেতে পারেন?পাকির: মিয়ানমারে আমার সঙ্গে কথাবার্তা হচ্ছে। সব সময় হয়, হাউ আর ইউ...এই টাইপের। আমি কাউকে কথা দিইনি। এখন বিরাট একটা জিনিস দরকার আমার, ভালো রেস্ট চাই। আগামী ৮ জুলাই শুরু সুপার কাপে থাকছেন তো?পাকির: থাকছি ইনশাআল্লাহ। শেখ জামাল আমাকে ভবিষ্যতেও চাইবে স্বাভাবিক, তবে আলোচনার ব্যাপার আছে। এখন আমার ফার্স্ট প্ল্যানিংটা হলো ভাই, ঘুমাইতে হবে। লিগ একটা টেস্ট ম্যাচের মতো। টুর্নামেন্টের চেয়ে অনেক টাফ। খেলোয়াড়ি জীবন শেষে আপনি আবাহনী-মোহামেডানের কোচ হয়ে এসেছেন, তা-ও আট-দশ বছর আগের কথা। আবার বাংলাদেশে আসবেন ভেবেছিলেন?পাকির: আমার কপালে আছে, ঢাকা আসবই...হা...হা...হা। ডেফিনেটলি, মালদ্বীপে থাকার সময় ওখানে বাঙালিদের সঙ্গে বাংলায় কথা বলতাম। বাংলাদেশকে ভুলিনি, ভুলব না। পেছনে তাকিয়ে বিশেষ কিছু মনে পড়ছে এই মুহূর্তে?পাকির: ১৯৭৬ সালে প্রথম এসেছিলাম, ১৯৭৯ সালে শ্রীলঙ্কার হয়ে আগাখান গোল্ডকাপ খেলেছি। আশির দশক পুরোটাই খেললাম আবাহনীতে। আমার লাইফটা তো এখানেই শেষ হয়ে গেছে। শ্রীলঙ্কা ও মালদ্বীপে অনেক দিন কোচিং করিয়েছেন। শেখ জামালের হয়ে শিরোপা জয় কি আপনার কোচিং ক্যারিয়ারে সেরা অর্জন?পাকির: ডেফিনেটলি, এটা বড় অর্জন। শ্রীলঙ্কায় রথনাম ক্লাবকে লিগে চ্যাম্পিয়ন করিয়েছি। মালদ্বীপে একটা আইল্যান্ড টিমকে কোয়ালিফাই করিয়ে মেইন লিগে আনছি। ...বরিশালকে ঢাকা আনার মতো...(হাসি)। বরিশালে তো ট্রেনে যাওয়া যায় না, লঞ্চে যাইতে হয়, কিন্তু মালদ্বীপ তো ভাইরে ভাই, নৌকা দিয়া আসতে-যেতে হয়। শেষ প্রশ্ন। কোচিং জীবনটা কেমন উপভোগ করছেন?পাকির: ভাই, বোঝাতে পারছি না আমি আজ কতটুকু হ্যাপি। প্লেয়ার্স লাইফ অনলি প্লেয়িং। বাট কোচিং লাইফ টোটালি ডিফারেন্ট। এখানে হারলে নির্ঘুম রাত। নেক্সট ম্যাচের আগের রাতেও নো স্লিপ। ম্যাচ জেতার খুশিতেও নো স্লিপ।